মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশিদ মালিক
রশিদ মালিক

২০১০ সালে মিশিগান থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান হ্যানসেন ক্লার্ক মার্কিন কংগ্রেসে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার আরেকজন বাংলাদেশি-আমেরিকান কংগ্রেসে নির্বাচিত হতে পারেন। তিনি হলেন রশিদ মালিক, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে এই পদের জন্য লড়ছেন।

প্রথম আলোকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে রশিদ মালিক নিজের জয়ের ব্যাপারে গভীর আস্থা প্রকাশ করেন। আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটির এই সাবেক অধ্যাপক বলেন, ডোনাল্ড ট্রাম্পের উত্থানে আমেরিকার অশ্বেতকায় সংখ্যালঘু সম্প্রদায়গুলো জেগে উঠেছে। তারা বর্ণবাদী রাজনীতির বদলে সব আমেরিকানের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনে আগ্রহী। নির্বাচিত হলে তিনি হবেন সেই রকম একজন কংগ্রেস প্রতিনিধি। তিনি বলেন, ‘আমি স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার বিরুদ্ধে।’
ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা রশিদ মালিক উচ্চশিক্ষার জন্য ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে যান। বাবা আবদুল ওয়াদুদ মালিক ছিলেন পেশায় আইনজীবী। আর মা মমতাজ মালিক গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ। তিন মেয়ের বাবা রশিদ মালিক নিজে আটলান্টা ভোকেশনাল কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

রশিদ মালিক জানেন, জর্জিয়া এত দিন একটি ‘লাল’ বা রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্য হিসেবেই গণ্য হতো। কিন্তু জনসংখ্যার পরিবর্তনে এই রাজ্য এখন ক্রমশ ‘নীল’ বা ডেমোক্রেটিক পার্টির সমর্থক হতে চলেছে। একাধিক জনমত জরিপে জর্জিয়ায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মাত্র ২ পয়েন্টে হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে। রশিদ মালিক মনে করেন, হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক পার্টির একাধিক প্রার্থী এবার জর্জিয়ায় নির্বাচিত হবেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী রশিদ মালিক বলেন, তিনি আটলান্টা শহরের ৭ নম্বর ডিস্ট্রিক্ট, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ডেমোক্র্যাট সমর্থকের সংখ্যাই বেশি। এখানে ৬৫ শতাংশ নথিভুক্ত ভোটার ডেমোক্র্যাট। চলতি নির্বাচনে তাঁর দল এই রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার নথিভুক্ত করতে পেরেছে। এখানে ১৭ অক্টোবর থেকে ‘আর্লি ভোটিং’ বা আগাম ভোট শুরু হয়েছে। তাঁদের জনমত জরিপ অনুসারে বিপুলসংখ্যক মানুষ ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির পক্ষে ভোট দিয়েছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে রশিদ মালিক বলেন, অধিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির পক্ষে তিনি কাজ করবেন। অর্থনীতির অব্যাহত মন্দাবস্থার কারণে এই রাজ্যে আফ্রিকান-আমেরিকান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় চাপের মুখে রয়েছে। তাদের সাহায্য করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

জর্জিয়ায় হিলারির জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠায় ডেমোক্রেটিক পার্টি এই অঙ্গরাজ্যে আরও বেশি অর্থ ঢালছে। রশিদ মালিক বলেন, দলের কেন্দ্রীয় কমিটি থেকে তিনজন নতুন সার্বক্ষণিক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা তাঁর নির্বাচনের পক্ষে প্রচারে সাহায্য করছেন। স্থানীয় বাংলাদেশিরাও তাঁর সমর্থনে সোৎসাহে এগিয়ে এসেছেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা গিনেট কাউন্টিতে প্রায় ২০ হাজার বাংলাদেশির বাস। পুরো আটলান্টাকে হিসাবে আনলে মোট বাংলাদেশি বংশোদ্ভূতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে। সব বাংলাদেশি-আমেরিকান তাঁর নির্বাচনী প্রচারে সর্বাত্মক সমর্থন দিচ্ছেন। তিনি বিশেষভাবে অনুপ্রাণিত বোধ করেছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহে। তিনি বলেন, ‘আমার এক বন্ধুর ছেলে সেদিন ফোন করে জানাল, সে একাই বেশ কয়েকজন নতুন ভোটার নথিভুক্ত করতে পেরেছে। এরা সবাই ডেমোক্রেটিক পার্টির সমর্থক।’

রশিদ মালিক আশা করেন, তাঁর নির্বাচনী সাফল্য এ দেশের মূলধারার রাজনীতিতে আরও বেশি সংখ্যক বাংলাদেশ-আমেরিকানের অংশগ্রহণ উৎসাহিত করবে। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের যুগে আমাদের, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠস্বর জোরালো করতে হবে।’