মার্কিন কূটনীতিকের সংখ্যা কমাতে চায় ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় মার্কিন কূটনীতিকদের উপস্থিতি সীমিত রাখার পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কথিত ‘অনধিকারচর্চা’ নিয়ন্ত্রণের লক্ষ্যে গত শনিবার এ ঘোষণা দেন। খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্রের ১০০ জন কূটনৈতিক কর্মী ভেনেজুয়েলায় কর্মরত আছেন। আর যুক্তরাষ্ট্রে আছেন ভেনেজুয়েলার মাত্র ১৭ জন কর্মকর্তা-কর্মচারী।
বামপন্থী মাদুরো বলেন, তিনি মার্কিন কূটনীতিকদের সংখ্যা কমানোর ব্যাপারটি যাচাই করে দেখতে চান। ভেনেজুয়েলায় আসতে হলে মার্কিনদের ভিসা নিতে হবে। পাশাপাশি রাজনীতিকদের তালিকা থাকবে, যাঁদের ভেনেজুয়েলায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। এঁদের মধ্যে থাকবেন জর্জ ডব্লিউ বুশ, ডিক চেনি, মার্কো রুবিও প্রমুখ। মাদুরো তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগ করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভেনেজুয়েলার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত মাসে ভিসা নিয়ন্ত্রণ আরোপ করে।