মার্কিন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা সফলভাবে সম্পন্ন
যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা গত মঙ্গলবার সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এই পরীক্ষায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে এটিকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। পরীক্ষায় সফল হওয়ায় এটিকে ‘অবিশ্বাস্য কৃতিত্ব’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সি।
বলা হচ্ছিল, মঙ্গলবারের পরীক্ষাটি উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামর্থ্য যাচাইয়ের পরীক্ষা।
মার্কিন সেনাবাহিনী গত মঙ্গলবার মার্শাল দ্বীপপুঞ্জের খোয়াজেলেই অ্যাটল থেকে আলাস্কার দক্ষিণের জলরাশির দিকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এরপর ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাটি।
উল্লেখ্য, উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এমন পর্যায়ে উন্নীত করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম হবে। এ জন্য পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। এটিকে হুমকি হিসেবে দেখছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের মিত্র যুক্তরাষ্ট্র।
ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক ভাইস অ্যাডমিরাল জিম সাইরিং এক বিবৃতিতে বলেন, ‘আমাদের স্বদেশ রক্ষায় এ ব্যবস্থা অপরিহার্যভাবে জরুরি। এই পরীক্ষা প্রমাণ করে যে খুব বাস্তব একটি হুমকির জবাব দেওয়ার জন্য আমাদের শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধক আছে।’
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি হলো গতকালের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী অস্ত্র, যা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে তাঁরা প্রয়োগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্র ১৯৯৯ সাল থেকে গতকালের পরীক্ষাটির আগ পর্যন্ত ১৭টি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালায়। এর মধ্যে ৯টি পরীক্ষায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় তারা।