মার্কিন গণমাধ্যম যেভাবে মুসলিম নারীদের দেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মবিশ্বাসে যাঁরা মুসলমান, তাঁরা কি মজ্জাগতভাবেই নারীবিদ্বেষী? অনেক আমেরিকানই তেমনটি ভাবেন। জনমতের দিকে নজর দিলে এমনটাই মনে হবে। অধিকাংশ আমেরিকানের মনে সংশয়, ইসলাম পাশ্চাত্য মূল্যবোধের সঙ্গে আদৌ সামঞ্জস্যপূর্ণ কি না। এমন ধারণার কারণ, মুসলিম সমাজ পুরুষতান্ত্রিক ও পিতৃশাসিত।

মার্কিন মূলধারার উদার কমেডিয়ান হিসেবে পরিচিত বিল মাহের। এ বছরের প্রথম দিকে তিনি বলেন, মুসলিম শরণার্থীরা পাশ্চাত্যের মূল্যবোধের সঙ্গে মিশে যাবেন, এমন ধারণা কাল্পনিক। তিনি বলেন, তাঁরা মারাত্মক নারীবিদ্বেষী সংস্কৃতি থেকে এসেছেন।

আমেরিকায় এমন লোক নেই বললেই চলে, যাঁরা মনে করেন, মুসলিম সমাজে পুরুষ আধিপত্য কিংবা লিঙ্গবৈষম্য নেই। এ নিয়ে ৫ মে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, আমেরিকার সংবাদমাধ্যমে ভারসাম্যহীন প্রচার থেকে মুসলমান নারীদের সম্পর্কে এমন ধারণা এসেছে। মুসলিম নারীদের অধিকার সম্পর্কে আমেরিকান সংবাদমাধ্যমে ভারসাম্যের অভাব রয়েছে বলে বলা হয়েছে প্রতিবেদনটিতে। পশ্চিমা সংবাদমাধ্যম সব সময় মুসলিম সমাজকে পুরুষশাসিত ও পিতৃতান্ত্রিক হিসেবে চিহ্নিত করে থাকে। ইসলাম সম্পর্কে বাঁধাধরা নেতিবাচক প্রচারণায় একধরনের জনমত গড়ে উঠেছে।

১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট-এ নারীদের প্রসঙ্গে চার হাজারের বেশি খবর বা প্রতিবেদন প্রকাশিত হয়। এসব সংবাদসূত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মুসলিম দেশ সম্পর্কে প্রকাশিত নিবন্ধে নারীদের সমস্যার কথাই তুলে ধরা হয়েছে। নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ১০২টি নিবন্ধে কেবল ইরানি নারীদের অধিকারহীনতার প্রতিই আলোকপাত করেছে। কিন্তু এ সময়ের মধ্যে মালয়েশিয়ার নারীদের প্রসঙ্গে মাত্র ২০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে নারী অধিকার তুলনামূলক ভালো। দু-একটি উদাহরণ ব্যবহার করেই ইসলামের পিতৃশাসনের নেতিবাচক দিক প্রমাণের চেষ্টা করা হয় পশ্চিমা সংবাদমাধ্যমে।

মুসলিম বিশ্বের বাইরে নারী-সম্পর্কিত খবর বা নিবন্ধের ধরন ঠিক উল্টো। অমুসলিম দেশে নারীদের অধিকার নিয়ে তাঁরা তেমন মাতামাতি করেন না। অমুসলিম দেশে নারীদের কর্মজীবন, নির্বাচনী রাজনীতি, নারীবাদী পর্নোগ্রাফি-সংক্রান্ত বিতর্ক, কিংবা ব্যবসায় কেমন সাফল্য অথবা শিল্পসাহিত্যে অর্জন তুলে ধরে নারী অধিকার যে অনেক উন্নত, তা প্রমাণের চেষ্টা করা হয়।

অন্যদিকে এর বিপরীতে মুসলিম বিশ্বে নারীদের ওপর সহিংসতা ও নির্যাতনের ওপরই কেবল গুরুত্ব দেওয়া হয়। নেতিবাচক ধারণা নিয়েই মুসলিম দেশের নারীদের সম্পর্কে কাহিনি তৈরি হয়। এটা বাস্তব অর্থে পশ্চিমা সংবাদমাধ্যমের পক্ষপাতমূলক আচরণ বলেই বিশ্লেষণে দেখা গেছে।

মুসলিম দেশের নারীদের সম্পর্কে লিখতে গিয়ে লিঙ্গবৈষম্যকে সামনে এনে গুরুত্ব দেওয়া হয়। রাজনীতি, শিল্পসাহিত্য, ফ্যাশন কিংবা ক্রীড়াজগতে মুসলিম নারীদের সাফল্য সম্পর্কে তেমন কিছুই সামনে আনা হয় না মার্কিন সংবাদমাধ্যমে। বিভিন্ন দেশের নারীদের অবস্থান-সংক্রান্ত যে সূচক প্রকাশ করা হয়, তাতেও মুসলিম দেশের নারীদের বিদ্বেষের শিকার হিসেবে দেখানো হয়।

ওয়াশিংটন পোস্ট-এর এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাশ্চাত্যের দেশগুলোর নারীদের আরও জটিল পন্থায় চিত্রিত করা হয়। অবশ্য এগুলো নারীদের অবস্থা পরিমাপের যথার্থ পন্থা নয়। এমন প্রমাণ রয়েছে যে সংবাদমাধ্যম বাস্তব অর্থে নারীদের অধিকার সম্পর্কে যথাযথ চিত্র তুলে ধরছে না বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।