মার্কিন গণমাধ্যমে দাপুটে বাংলাদেশি

আমেরিকার মূলধারার একজন রাজনৈতিক ভাষ্যকার, লেখক ও সাংবাদিক রায়হান সালাম। তিনি রয়টার্সের নিয়মিত লেখক। ন্যাশনাল রিভিউতে ‘দ্য অ্যাজেন্ডা ব্লগ’ লিখে ব্লগার হিসেবে পেয়েছেন ব্যাপক পরিচিতি। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন কলাম লেখক আমেরিকার মূলধারায় বেশ আলোচিত। যদিও তাঁর লেখায় আমেরিকার রক্ষণশীলতার প্রকটতা স্পষ্ট।
‘আমি লিখে থাকি সাধারণ মানুষের আশা-প্রত্যাশা নিয়ে। এটি মোটেও সাধারণ কাজ নয়। এসব নিয়ে কাজ করেই আমি খুশি’—নিজের লেখার বিষয় নিয়ে এমনটাই বলেন রায়হান সালাম। আমেরিকার একজন রক্ষণশীল চিন্তাধারার লেখক হিসেবেই তিনি পরিচিত। তাঁর একটি লেখা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। তিনি লিখেছেন, ‘নিঃসন্তান দম্পতির উচিত বেশি করে কর দেওয়া, এতে অন্য দম্পতিদের সন্তানের জন্য কম বোঝা টানতে হবে।’
রায়হান সালাম ছিলেন ইরাক যুদ্ধের কট্টর পক্ষপাতী। প্রাকৃতিক গ্যাস, পরমাণু শক্তির ব্যবহার, যুক্তরাষ্ট্রের করনীতি সংস্কার, মাদক কমানো এবং শিক্ষাক্ষেত্রে বৈচিত্র্য আনার পক্ষপাতী এই কলাম লেখক। তার লেখা ও কথায় তিনি সব সময়ই নিজের যুক্তিগুলোকে তুলে ধরেন। এখনো আমেরিকার রক্ষণশীলতার সঙ্গে যোগসূত্র রেখে মূলধারার উন্নয়ন নিয়ে লিখছেন সালাম।
পুরো নাম রায়হান মোর্শেদ সালাম। জন্ম ব্রুকলিনে, ১৯৭৯ সালের ২৯ ডিসেম্বর। তাঁর অভিবাসী বাবা-মা বাংলাদেশ থেকে নিউইয়র্কে এসেছিলেন ১৯৭৬ সালে। বাবা ছিলেন হিসাবরক্ষক, মা ডায়েটিশিয়ান। বাবা-মা দুজনই কাজ করতেন বলে তারা সন্তানদের বেশি সময় দিতে পারতেন না। তিন ভাইবোনের মধ্যে সালাম সবার ছোট। পড়াশোনা করেছেন স্টুভেসান্ট হাইস্কুলে। পড়াশোনায় তিনি তেমন আহামরি মেধাবী ছাত্র ছিলেন না। ২০০১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সামাজিকবিজ্ঞানে স্নাতক করেন।
স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের দুটি সেমিনারে সালাম পেয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটনকে। রক্ষণশীল রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে খ্যাত স্যামুয়েল পি হান্টিংটন ‘ক্লাস অব সিভিলাইজেশন’ লিখে বিখ্যাত হন। সেমিনারে হান্টিংটনের বক্তব্যে মুগ্ধ সালামকে লেখালেখির জগতে পা রাখতে অনুপ্রাণিত করে।
২০০১ সালে স্নাতক পাসের পর অর্থনৈতিক তাগিদ ও ভ্রমণের আকাঙ্ক্ষার কারণে তিনি এমন একটি চাকরি খুঁজতে শুরু করলেন, যাতে তিনি ভালো বেতনের পাশাপাশি সারা দেশ চষে বেড়াতে পারেন। তাই যোগ দিলেন, ‘দ্য নিউ রিপাবলিক’ পত্রিকায় সাংবাদিক ও গবেষক হিসেবে। বেশ ভালোভাবেই কাজ শুরু করেন। প্রশংসা পান সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক ব্লগের অন্যতম প্রবক্তা অ্যান্ড্রু সুলিভানের। সেখান থেকেই আমেরিকার বৈদেশিক সম্পর্ক বিভাগে গবেষণা সহকারী হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন পর দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার বিখ্যাত সাংবাদিক ও কলামিস্ট ডেভিড ব্রুকসের সম্পাদকীয় গবেষক হিসেবে কাজ করার সুযোগ পান। সেখানে কাজ করেছেন দুই বছর। কাজ করার সময় শিখেছেন অনেক কিছু। শিখেছেন প্রবন্ধে অন্তর্দৃষ্টি দেওয়া ও স্বচ্ছতার ব্যবহার। কাজে পেয়েছেন ব্রুকসের প্রশংসাও। কয়েক মাস কাজ করেছেন নিউইয়র্ক টাইমস–এ জুনিয়র সম্পাদক হিসেবে। এরপর এনবিসি ইউনিভার্সালের দ্য ক্রিস মেথিউজ শোতে প্রযোজক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি দ্য আটলান্টিক–এ সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর।
লেখালেখিতে তাঁর আগ্রহের ক্ষেত্র হল অর্থনীতি, ভূগোল, ইতিহাস, প্রবাসী ও অভিবাসী, তুলনামূলক রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি ও শহর।
২০১২ সালের ৩০ আগস্ট সালামের ক্যারিয়ারে যোগ হয় নতুন মাত্রা। রয়টার্স তাদের পত্রিকায় নিয়মিত লেখক হিসেবে নন-ফিকশন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রায়হান সালামকে নিয়োগ দেয়। রয়টার্সের এডিটর ইনচার্জ জেমস লেডবেটার তাঁকে নিয়োগ দেওয়ার পর আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘রয়টার্সে কলামিস্ট হিসেবে রায়হান সালামকে যুক্ত করতে পেরে আমি খুব খুশি। রায়হান একজন মুক্তবুদ্ধি সম্পন্ন চিন্তাশীল লেখক। অনেক বিষয়ে দখল আছে তার। আমি মনে করি রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতি বিষয়ে তাঁর ভাবনাগুলো রয়টার্সের পাঠককে আন্দোলিত করবে এবং চ্যালেঞ্জ জানাবে। তার লেখনী আমেরিকা ও বাইরের দুনিয়ায়ও একই প্রতিফলন ঘটাবে।’
রয়টার্সে নিয়মিত প্রবন্ধ লেখার পাশাপাশি সালাম ‘ন্যাশনাল রিভিউ–এ নিয়মিত ব্লগ লিখেন, ই-টোয়েন্টিরয়ানের উপদেষ্টা এবং ‘ন্যাশনাল অ্যাফেয়ার্স’-এর কনট্রিবিউটিং সম্পাদক হিসেবেও কাজ করেন। বিভিন্ন রেডিও ও টেলিভিশন শোতেও নিয়মিত অংশ নেন। এর মধ্যে এনপিআরের মর্নিং এডিশন, টক অব দ্য নেশন, অল থিংস কনসিডারড, টেল মি মোর, এইচবিওতে রিয়েল টাইম, এনবিসি ইউনিভার্সালে দ্য ক্রিস ম্যাথিউস শো, বিবিসিতে নিউজনাইট, এবিসিতে দিস উইক, কমেডি সেন্ট্রালে দ্য কোলবার্ট রিপোর্ট এবং আমেরিকান পাবলিক মিডিয়ায় মার্কেটপ্লেস উল্লেখযোগ্য। এমএসএসবিসিএর সাপ্তাহিক রাজনৈতিক টক শো ‘আপ উইথ ক্রিস হায়েস’ এবং সিএনএন শো ‘এরিন বারনেট আউটফ্রন্ট’-এ প্রায়ই তিনি অতিথি হিসেবে থাকেন।
দ্য নিউইয়র্ক টাইমস–এর কলামিস্ট ও বন্ধু রোজ দাওদাটের সঙ্গে যৌথভাবে একটি বই লিখেন সালাম। নাম ‘গ্র্যান্ড নিউ পার্টি: হাউ রিপাবলিকানস উইন দ্য ওয়ার্কিং ক্লাস অ্যান্ড সেভ দ্য আমেরিকান ড্রিম’। বের হওয়ার পর বইটি নিয়ে দ্য উইকলি স্ট্যান্ডার্ড পত্রিকা কভার স্টোরি করে। সালাম ও দাওদাট তাদের বইয়ে বলতে চেয়েছেন, এমন একটি অর্থনৈতিক নীতি প্রয়োজন, যাতে দুই ধরনের পরিবার আসতে পারে। এক ধরনের পরিবার পাবে সাংস্কৃতিক স্থায়িত্ব এবং আরেক ধরনের পরিবার পাবে অর্থনৈতিক নিরাপত্তা।
যদিও এই রক্ষণশীল কলাম লেখক নিজে অভিবাসীর সন্তান, তবু অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব ও অবাধ অভিবাসন আইনের বিরোধী ও কট্টর সমালোচক।