মার্কিন ঘাঁটিতে খাম খুলে অসুস্থ ১১

মার্কিন এক ঘাঁটিতে চিঠির খাম খোলার পর অসুস্থ হয়ে পড়েছে সেনাসহ ১১ জন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন এক ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ধারণা করা হচ্ছে, ওই খামে ‘অজানা পদার্থ’ ছিল।
মার্কিন মেরিন কোরের এক বিবৃতিতে জানানো হয়, বেলা সাড়ে তিনটার দিকে খামটি জয়েন্ট বেস মায়ার-হেন্ডারসন হলে গ্রহণ করা হয়। এ ঘটনার পর ভবনটি ছেড়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, চিঠির খামটি গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ বিভাগের যৌথ ঘাঁটির কর্মকর্তারা স্থানীয় এইচএজেডএমনএটি টিম, এনসিআইএস (নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস) এবং এফবিআইয়ের সঙ্গে মিলে কাজ করে। ভবনটি পর্যবেক্ষণ ও পরিষ্কার করা হয়েছে।
সিএনএন জানায়, একজন করপোরাল, একজন গানারি সার্জেন্ট এবং একজন কর্নেল বলছেন, তাদের হাত ও মুখে ‘জ্বালাপোড়ার’ অনুভূতি হয়েছে।
মার্কিন মেরিন কোরের মুখপাত্র মেজর ব্যারিন ব্লক বলেন, ‘এটিকে সন্ত্রাসী হামলা বলা যায় কি না, তা এখন বলা যাবে না। আমাদের এ জন্য অপেক্ষা করতে হবে এবং তদন্ত কর্মকর্তাদের কাজ করতে দিতে হবে।’