মার্কিন তথ্যমাধ্যম কি সত্যিই ট্রাম্পবিরোধী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে পরাস্ত করতে উঠেপড়ে লেগেছে আমেরিকার মূলধারার তথ্যমাধ্যম। অধিকাংশ সাংবাদিকই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারে সমর্থন জোগাচ্ছেন। তাঁরাও হিলারির মতো ‘অসৎ ও নষ্ট’।
তথ্যমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এই অভিযোগ একেবারে মিথ্যা নয়। সেন্টার ফর পাবলিক ইনটিগ্রিটি নামের রক্ষণশীল একটি গবেষণা সংস্থা বলেছে, চলতি নির্বাচনী চক্রে বিভিন্ন সাংবাদিক হিলারিকে সমর্থন করে তাঁর নির্বাচনী তহবিলে প্রায় চার লাখ ডলার চাঁদা প্রদান করেছেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থনে তাঁদের প্রদত্ত চাঁদার পরিমাণ মাত্র ১৪ হাজার ডলার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শরেনস্টাইন সেন্টারের আরেক গবেষণায়ও সাংবাদিকদের ট্রাম্পবিরোধী দৃষ্টিভঙ্গির প্রমাণ মিলেছে। তাদের হিসাব অনুসারে, মার্কিন পত্রপত্রিকা ও টেলিভিশনে ট্রাম্পকে নিয়ে পরিবেশিত খবরের ৭৫ শতাংশই নেতিবাচক। জুলাই মাসে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের সময় এই লক্ষণ সামান্য পরিবর্তিত হয়, কিন্তু সেই সপ্তাহেও নেতিবাচক সংবাদের পরিমাণ ছিল ৫৫ শতাংশ।
অধিকাংশ ভাষ্যকার তথ্যমাধ্যমের ট্রাম্পবিরোধী অবস্থানের ব্যাপারে একমত, তবে তাঁরা মনে করেন, এর জন্য ট্রাম্প নিজেই দায়ী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ কথা ঘোষণার পর থেকে এ দেশের তথ্যমাধ্যম তাঁর প্রতি প্রবল মনোযোগ দিয়েছে। প্রার্থিতা নিশ্চিত হয়ে যাওয়ার পর তথ্যমাধ্যম ট্রাম্পের রাজনৈতিক অবস্থান ও ব্যবসায়ী হিসেবে তাঁর রেকর্ড আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা শুরু করে। তখন থেকেই অধিকাংশ খবর ট্রাম্পের প্রতি অধিক সমালোচনাপূর্ণ হয়ে ওঠে।