২০০১ সালের ‘নাইন-ইলেভেন’ হামলার পর আটক আল-কায়েদার বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় ‘নিষ্ঠুর নির্যাতন’ করেছিল যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। আর এভাবে ভয়ংকর কৌশলের মাধ্যমে জিজ্ঞাসাবাদে পাওয়া ভুল তথ্য দিয়ে আল-কায়েদা ও সন্ত্রাসী হুমকি সম্পর্কে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসকে বিভ্রান্ত করেছিল সংস্থাটি।
সিআইএর ওই জিজ্ঞাসাবাদ কৌশল নিয়ে গতকাল মঙ্গলবার প্রকাশ করা এক প্রতিবেদনে এসব কথা বলেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংশ্লিষ্ট কমিটি। এ প্রতিবেদনের জের ধরে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র গতকাল বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। দূতাবাসগুলোকে সতর্ক করা ছাড়াও সারা বিশ্বে মোতায়েন মার্কিন সেনা কর্মকর্তাদের ‘উচ্চ সতর্কতা’ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। খবর এএফপি ও রয়টার্সের।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বহু বন্দীকে জিজ্ঞাসাবাদে সিআইএ যে গোপন কার্যক্রম চালিয়েছিল, প্রতিবেদনটিকে তার একটি মারাত্মক প্রমাণ হিসেবে দেখা হবে বলে মনে করা হচ্ছে। বারাক ওবামা ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ওই বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি বাতিল করেন। তিনি একে ‘নির্যাতন’ বলে আখ্যা দিয়েছিলেন।
প্রতিবেদন প্রকাশের পর ওবামা বলেছেন, সিআইএর জিজ্ঞাসাবাদের ওই নিষ্ঠুর কৌশল মার্কিন মূল্যবোধের পরিপন্থী। তিনি বলেন, ‘এটা শুধু যে আমাদের মূল্যবোধের পরিপন্থী তা নয়, বরং সন্ত্রাসবাদ মোকাবিলা ও আমাদের জাতীয় নিরাপত্তাস্বার্থ রক্ষায় তা কোনো কাজে আসেনি।’
সিনেট কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় নিষ্ঠুর নির্যাতন করত সিআইএ। জিজ্ঞাসাবাদের এসব কৌশল সম্পর্কে তারা আইনপ্রণেতাদের যতটুকু জানিয়েছিল, বাস্তবে তা ছিল আরও ভয়ংকর।’ এতে আরও বলা হয়, ‘এভাবে জোরদার কৌশলের মাধ্যমে সিআইএ বন্দীদের কাছ থেকে যেসব তথ্য আদায় করেছিল তা যথার্থ ছিল। কাজেই তা কোনো কাজেই আসেনি।’
সিআইএর প্রধান জন ব্রেনানও স্বীকার করেছেন, তখন ভুল হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর তাঁর দাবি, ওভাবে আদায় করা তথ্য কাজে লেগেছিল। বিশেষ করে বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছিল। এতে করে তখন সম্ভাব্য সন্ত্রাসী হামলা রোধ করা গিয়েছিল।
সিনেটে কমিটি প্রতিবেদনটি প্রকাশের উদ্যোগ নেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ পদক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে।
বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল ইরাকে সাংবাদিকদের বলেন, প্রতিবেদন প্রকাশের প্রেক্ষাপটে ‘আমি বিশ্বজুড়ে মার্কিন বাহিনীর সব কমান্ডারকে উচ্চমাত্রার সতর্কতার মধ্যে থাকার নির্দেশ দিয়েছি।’
প্রতিবেদনটিতে জিজ্ঞাসাবাদের সময় শতাধিক বন্দীর সঙ্গে কী রকম আচরণ করা হয়, তার উল্লেখ রয়েছে। তাঁরা ২০০১ থেকে ২০০৯ সালের মধ্যে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ১০০ জন সন্দেহভাজন আল-কায়েদা সদস্যকে জিজ্ঞাসাবাদে ওয়াটারবোর্ডিংসহ বিভিন্ন ধরনের নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ওয়াটারবোর্ডিং হচ্ছে কাপড়ে মুখ বেঁধে তার ওপর পানি ঢেলে শ্বাস-প্রশ্বাস কষ্টকর করে তোলা, যাতে নির্যাতিত ব্যক্তির মনে হয়, তিনি পানিতে ডুবে যাচ্ছেন।
হোয়াইট হাউস-রিপাবলিকান দ্বন্দ্ব: প্রতিবেদনটি প্রকাশ করা নিয়ে ওবামা প্রশাসন ও বিরোধী দল রিপাবলিকান পার্টির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনটি প্রকাশের ‘বিচক্ষণতা’ নিয়ে ওবামা প্রশাসন ও বিরোধী দল রিপাবলিকান পার্টির মধ্যে দ্বন্দ্ব চলছে। রিপাবলিকানদের শীর্ষস্থানীয় কিছু নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, এটি প্রকাশ পেলে বিভিন্ন স্থানে সহিংসতা দেখা দিতে পারে। এমনকি এর কারণে মার্কিন নাগরিকদের প্রাণহানিও হতে পারে।