মার্কিন নাগরিকত্ব ও আমার অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত কারও নামে ট্রাফিক টিকিট (মামলা) থাকলে মার্কিন নাগরিকত্ব পেতে কোনো বাধা নেই। নাগরিকত্বের আবেদনের সময় যদি কারও নামে ট্রাফিক টিকিট ইস্যু হয়ে থাকে, আর জরিমানা যদি ৫০০ ডলার বা এর বেশি হয় তাহলে নাগরিকত্ব আবেদনের সময় অবশ্যই সেটা উল্লেখ করতে হয়। জরিমানার পরিমাণ ৫০০ ডলারের কম হলে আবেদন বা সাক্ষাৎকারের সময় এর উল্লেখ করতে সংশ্লিষ্ট ব্যক্তি বাধ্য নয়।
যা হোক আসল কথায় আসি। মোট চারভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া যায়—
এক. জন্মসূত্রে। আমেরিকা কিংবা তার আওতাধীন এলাকায় (টেরিটরি) জন্মগ্রহণকারী যে কেউ জন্মসূত্রে আমেরিকার নাগরিক।
দুই. অধিগ্রহণের মাধ্যমে নাগরিকত্ব। মার্কিন কোনো নাগরিকের সন্তান পৃথিবীর যে প্রান্তেই জন্ম নিক না কেন, বাবা-মা মার্কিন নাগরিক বলে সন্তানও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে যাবে। আবার সন্তান জন্মের সময় বাবা ও মায়ের মধ্যে একজনও যদি আমেরিকার নাগরিক হন তবে সদ্যোজাত সন্তানও স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক হবে।
তিন. বাবা-মায়ের মাধ্যমে নাগরিকত্ব। রাষ্ট্রীয় অধিকার গ্রহণের মাধ্যমে কেউ যদি নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে তাদের ১৮ বছরের নিচে থাকা সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে আমেরিকান নাগরিক হয়ে যাবেন।
চার. রাষ্ট্রের অধিকার গ্রহণের মাধ্যমে। বৈধভাবে আমেরিকায় প্রবেশকারী কোনো ব্যক্তি একটানা পাঁচ বছর আমেরিকায় বসবাস করলে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আমেরিকায় প্রতি বছর সবচেয়ে বেশিসংখ্যক মানুষ এই নিয়মে নাগরিকত্ব নিয়ে থাকেন। হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি বিভাগের তথ্যমতে ২০১৮ সালে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ৭ লাখ ৬১ হাজার ৯০১ জন মানুষ মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন, যা এর আগের বছরের চেয়ে ১০০ শতাংশ বেশি। কীভাবে গ্রিনকার্ড পাচ্ছে, তার ওপর নির্ভর করে কত দিন পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এই ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে—
১. যদি মার্কিন কোনো নাগরিককে বিয়ে করে গ্রিনকার্ড পেয়ে থাকেন, তাহলে গ্রিনকার্ড ইস্যুর ২ বছর ৯ মাস পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ওই ব্যক্তি।
২. বিয়ে ছাড়া অন্য যেকোনোভাবে গ্রিনকার্ড পেয়ে থাকলে ৪ বছর ৯ মাস পর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।
ব্যক্তিগত কারণে আমার ইচ্ছা ছিল না নাগরিকত্বের আবেদন করব। কিন্তু পরিবারের সবার জোরাজুরিতে প্রায় সাত বছর পর আবেদন করলাম। আমার মতো অনেক আছে, যারা মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে বিলম্ব করেন। বিলম্বের অন্যতম কারণ হচ্ছে বিশাল অঙ্কের ফি; প্রায় ৮০০ ডলার। অবশ্য অনেকের কাছে ৮০০ ডলার কিছুই না। কিন্তু আমার মতো দিনমজুরের কাছে ৮০০ ডলার (বাংলাদেশি ৬৪ হাজার টাকার বেশি) অনেক কিছু।
যেহেতু আমি আমেরিকার একজন নিম্নমধ্যবিত্ত মানুষ, তাই সরকার আমাকে একটা সুযোগ দিয়েছে। যারা বিনা মূল্য মেডিকেইড (স্বাস্থ্য বিমা) পেয়ে থাকেন, তাঁরা সেই মেডিকেইডের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্য নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্বের খরচ মেডিকেইড বহন করবে। এই নিয়ম অবশ্য বর্তমান ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে নভেম্বর ২০১৯ থেকে।
নাগরিকত্বের আবেদন ফরমের নাম আই-৪০০ (I-400), যা ইউএসসিআইএসের (USCIS) ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করা যায়। এই আবেদন ফরমগুলো খুব ভালোভাবে পড়ে অথবা জানাশোনা কাউকে দিয়ে পূরণ করা উচিত। ছোটখাটো ভুলও জীবনকে জাহান্নাম করে দিতে পারে। আমি বরাবর এসব ক্ষেত্রে অতি সাবধানী। তাই জানাশোনা পরিচিত এক এজেন্সির মাধ্যমে নিজে সামনে থেকে প্রতিটি লাইন ভালোভাবে পড়ে পূরণ করেছি। শুধু তাই নয়, ফরম পূরণ করার পর তার একটা কপি বাসায় নিয়ে এসে প্রতিটা জিনিস ভালোভাবে পড়ে দ্বিতীয়বার চেক করে তারপর ডাকযোগে পাঠিয়েছি। নাগরিকত্বের আবেদন অনলাইনে জমা দেওয়ার নিয়ম নেই। অবশ্যই ডাকযোগে সার্টিফাই মেইল করে পাঠাতে হবে। অতি সাবধানী হওয়ায় আমি যা লিখে দিয়েছি, তার সম্পর্কে গুগল সার্চ দিয়ে টুকটাক পড়ালেখা করেছি।
প্রায় পাঁচ সপ্তাহ পর আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য চিঠি পেলাম। ফিঙ্গারপ্রিন্ট যেদিন দিই, সেদিন অ্যাপলিকেশন সেন্টার থেকে একটা বই দিয়ে দেয়, যেখানে ১০০টি প্রশ্নোত্তর সংবলিত আমেরিকার ইতিহাস সম্পর্কে অল্পস্বল্প লেখা রয়েছে। ওই বই থেকে সাক্ষাৎকারের সময় ১০টি প্রশ্ন করা হবে, যেখান থেকে ছয়টি প্রশ্নের উত্তর সঠিক হতে হবে। এ ছাড়া ইংরেজি লিখতে-শুনতে ও ইংরেজিতে কথা বলার সক্ষমতা পরীক্ষায় পাস করতে হবে।
অ্যাপলিকেশন সেন্টার থেকে যে বই পাওয়া যায়, সেটি ছাড়াও বাংলাদেশি যেকোনো এজেন্সির মাধ্যমে চাইলে বাংলায় অনুবাদ করা বই পাওয়া যায়। যদিও সাক্ষাৎকার হবে সম্পূর্ণ ইংরেজিতে। তারপরও প্রশ্নগুলো বোঝার জন্য বাংলায় অনুবাদ করা বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। ভালোভাবে পূর্বপ্রস্তুতি নেওয়ার জন্য ইউটিউবের সাহায্য নেওয়া যায়। সাক্ষাৎকারের অনেক ভিডিও আছে ইউটিউবে, যা নাগরিকত্বের সাক্ষাৎকার সম্পর্কে সাধারণ ধারণা দেবে। আমি প্রায় সবকিছুই করেছি।
ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ছয় মাস পর সাক্ষাৎকারের তারিখ পেলাম। এই সাক্ষাৎকারগুলো এরিয়া হিসেবে নির্ধারণ করা হয়। আমি নিউইয়র্কে আছি বলে হয়তো-বা অনেক সময় লেগেছে। যদি অন্য কোনো অঙ্গরাজ্যে থাকতাম, তাহলে এত সময় লাগত না। আবার নিউইয়র্কেও অনেকের অনেক দ্রুত সময়ে সাক্ষাৎকারের তারিখ পড়ে। এটা নির্ভর করে জিপ কোডের ওপর। যে জিপ কোডে যত বেশি মানুষ আবেদন করবে, সেই জিপ কোডে তত বেশি সময় লাগবে।
নিউইয়র্কে আবেদন করলেও অনেকের সাক্ষাৎকারের স্থান নিউজার্সি হয়। আমার অবশ্য ছিল ম্যানহাটনের ফেডারেল প্লাজাতে। সাক্ষাৎকারের সময় সকাল ৯টায়। আমি ৯টা ৩০ গিয়ে উপস্থিত। বাংলাদেশের মতো এখানেও ট্রাফিকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অফিসারকে খুলে বললাম আসল কথা। অফিসার মুচকি হাসি দিয়ে বললেন, ‘তুমি এখানে আসতে পেরেছ এটাই যথেষ্ট।’ ফেডারেল প্লাজার দরজায় অনেক কড়াকড়ি আয়োজন। অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত নয়। চাইলে কাউকে (বন্ধু কিংবা পরিবারের সদস্য) সঙ্গে নিয়ে যাওয়া যায়। আমি একাই গিয়েছিলাম। অফিসার আমাকে একটা টোকেন দিয়ে বসার কথা বলে বললেন, ‘দু নম্বর দরজায় তোমাকে ডাকা হবে।’
প্রায় দু-তিন শ চেয়ার দিয়ে সাজানো বিশাল বড় একটা রুমে আমার নম্বর আসার অপেক্ষায় বসে আছি। আমার সামনে বসা বাংলাদেশি একটি পরিবার। স্বামী-স্ত্রী মনে হয়। পুরো বইখাতা নিয়ে হাজির। প্রস্তুতি চলছে। ভাই প্রশ্ন করেন, আপু উত্তর দেন। আপু প্রশ্ন করেন, ভাই উত্তর দেন। আমি একবার টোকেন দেখি আরেকবার দরজার দিকে থাকাই। প্রায় ঘণ্টাখানেক পর আমার নম্বর এল। দু নম্বর দরজা খুলে দিলেন একজন অফিসার। আমি দেখেই বুঝলাম এই অফিসার আসল অফিসার না। বাংলাদেশি কিংবা এশিয়ান কোনো দেশ থেকে আসা এই ব্যক্তি আমাকে অফিসারের রুমে নিয়ে যাচ্ছেন। এই ভদ্রলোক কোনোভাবেই হোমল্যান্ড সিকিউরিটি অফিসার হবেন না। তা ছাড়া ভদ্রলোকের পায়ে স্যান্ডেলের জুতা। এই রকম সরকারি অফিসে কাউকে স্যান্ডেলের জুতা পরে থাকতে এর আগে দেখিনি।
প্রায় সব অফিসার হ্যান্ডশেক করে ভেতরে নিচ্ছে না, কিন্তু আমার সঙ্গের ওই ভদ্রলোক হ্যান্ডশেক করেননি। একটা রুমে আমাকে নিয়ে বসতে বলে ভদ্রলোক নিজেও বসলেন। আর তখনই আমি বুঝলাম উনিই আসলে অফিসার। আমাকে অবাক করে দিয়ে ইংরেজিতে তিনি বললেন, ‘হ্যালো আমার নাম এ হক। আজ আমি তোমার সাক্ষাৎকার নেব।’ অফিসারের মধ্যে বিন্দুমাত্র পেশাদারি ভাব নেই। ‘গামী বিয়ার’ নামের এক ধরনের ক্যানডি পাওয়া যায়, সেই ক্যানডি মুখে নিয়ে অফিসার আমার সঙ্গে কথা বলে যাচ্ছেন।
সাক্ষাৎকারের শুরুতেই অফিসার বললেন শপথ করতে, ‘যা বলব সত্য বলব।’ সাধারণত শপথ করার সময় দাঁড়িয়ে করতে হয়। কিন্তু অফিসার দাঁড়ানোর কথা না বলেই শপথ করতে বললেন। আমি নিজে নিজেই দাঁড়িয়ে বললাম, ‘হ্যাঁ, যা বলব সত্য বলব।’ অফিসারের এমন অ-পেশাদারি আচরণে আমি বিব্রতবোধ করছি।
প্রথমে রাইটিং টেস্ট। সামনে থাকা আইপ্যাড দেখিয়ে অফিসার বললেন, আইপ্যাডে লিখতে —‘John Adams was the second President of the United States.’
আমি লেখলাম। অফিসার বললেন, একই বাক্য আবার লেখার জন্য। আমি আবার লেখলাম। দুবার কেন লেখালেন বুঝলাম না। রাইটিং টেস্ট শেষে অফিসার বললেন, এখন সিভিক টেস্ট। আমেরিকার ইতিহাস-সংস্কৃতি নিয়ে প্রশ্ন। সিভিক টেস্টে নিয়ম হচ্ছে প্রশ্ন করা হবে দশটি সেখান থেকে ছয়টি সঠিক হতে হবে। প্রথম ছয়টি সঠিক দিতে পারলেই আর প্রশ্ন করা হবে না। আমি প্রথম ছয়টিই সঠিক দিয়েছিলাম।
তারপর অফিসার বললেন আইপ্যাডের একটা লাইন লেখা আছে এইটা শব্দ করে পড়তে। আমি পড়লাম। পড়া শেষ করতেই অফিসার বললেন, ‘অভিনন্দন আপনি পাস করেছেন।’ এই পুরো সাক্ষাৎকার শেষ হতে সময় লেগেছে মাত্র চার মিনিট।
কিন্তু এর পর অফিসার আবারও চরম অ-পেশাদারির প্রমাণ দিলেন। বললেন, তাঁর কাছে আমার ব্যাকগ্রাউন্ড চেকের যে রিপোর্ট এসেছে, সেটি এখনো তিনি পড়ে দেখেননি। তাই আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন না। তাঁর পড়ার সময় হয়নি। কারণ, আজই এখানে তাঁর প্রথম দিন। আজই তিনি কাজে যোগ দিয়েছেন।
একজন হোমল্যান্ড সিকিউরিটি অফিসারের এমন কথায় আমি বিস্মিত। তারপর অফিসার বললেন, ‘আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস না থাকলে দু সপ্তাহের ভেতরে শপথের চিঠি যাবে। আপনার কি কোনো টিকিট আছে?’ আমি বললাম, ‘না।’ অফিসার আবার জিজ্ঞেস করলেন, ‘ট্রাফিক টিকিট?’ আমি বললাম, ‘হ্যাঁ আমার নামে তিনটি ট্রাফিক টিকিট ছিল। সবগুলো টিকিট ট্রাফিক কোর্টে ডিসমিস হয়ে গেছে।’ আমার এই কথা শুনে অফিসার একটু শব্দ করে বলে উঠলেন, ‘ওহ মাই গড। ওহ মাই গড।’
অফিসারের হাবভাব দেখে মনে হলো, আমি বিরাট মাপের কোনো সন্ত্রাসী, যাকে এই মাত্র গ্রেপ্তার করে অফিসার অতি পুণ্যের কাজ করেছেন। আমি বললাম, ‘স্যার এটা কোনো ক্রিমিনাল মামলা না। সাধারণ ট্রাফিক টিকিট।’ কিন্তু না অফিসার মানতে নারাজ। আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকলেন। ট্রাফিক টিকিট আর ক্রিমিনাল কেস তিনি এক করে ফেলছেন। আমাকে বারবার প্রশ্ন করে বিব্রত করছেন। আমি আমার কথায় অনড় থাকলাম। কারণ, আমি খুব ভালোভাবে জানি সাধারণ ট্রাফিক টিকিটের জন্য নাগরিকত্ব পেতে কোনো সমস্যা হয় না। আমি যা সত্য, তা বলে যাচ্ছি।
অফিসার প্রশ্ন করলেন, ‘কীভাবে ট্রাফিক টিকিট ইস্যু হয়?’ বললেন, তিনি জানেন না। কারণ, তাঁর নামে কখনো এই রকম ট্রাফিক টিকিট ইস্যু হয়নি। অনেকের নামে ট্রাফিক টিকিট নাও থাকতে পারে—এটা স্বাভাবিক। কিন্তু একজন হোমল্যান্ড সিকিউরিটি অফিসার জানেন না কীভাবে ট্রাফিক টিকিট ইস্যু হয়, সেই কথাটা হজম হলো না আমার। আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, ‘স্যার আমার নামে গুরুতর কোনো টিকিট নেই এবং কোনো টিকিটের জরিমানা ৫০০ ডলারের বেশি নয়। সর্বোচ্চ জরিমানা ১০০ ডলার।’ কিন্তু অফিসারের ইগোর কাছে আমি নিরুপায়। ‘
অফিসার আমাকে বলতে লাগলেন দু সপ্তাহ পর আমরা আপনাকে জানাব। আপনার নামে যত টিকিট আছে সবগুলোর কপি, কীভাবে ডিসমিস হয়েছে, কত টাকা জরিমানা দেওয়া হয়েছে, সবকিছু আমাদের দিতে হবে। আমরা হাতে লেখা কোনো কপি গ্রহণ করব না অবশ্যই অফিশিয়াল সিলমোহরসহ থাকতে হবে।
তারপর বের হওয়ার দরজা দেখিয়ে বললেন, ‘হ্যাভ এ গুড ডে!’
দু সপ্তাহ বললেও চার সপ্তাহ পর চিঠি পেলাম। চিঠি খুলে আমি বিস্ময়ে পাগল প্রায়। আমাকে যে চিঠি দেওয়া হয়েছে তার বাংলা করলে এমন হয়—‘সাক্ষাৎকারের শুরুতে আপনি বলেছেন আপনি গ্রেপ্তার হয়েছেন। আপনার নামে টিকিট (ট্রাফিক) ইস্যু হয়েছে ২০১৬ ও ২০১৭ সালে।’
চিঠিতে আমাকে অনুরোধ করা হয়, আমি নির্দিষ্ট সময়ের ভেতরে যেন আমার সবগুলো ক্রিমিনাল রেকর্ডের কপি তাঁদের দিই ও কীভাবে আমি গ্রেপ্তার হয়েছি, আমার বিরুদ্ধে কী চার্জ ছিল, কীভাবে এই মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে, তার বিস্তারিত লিখে দিই। আমি কোন জেলে ছিলাম, কত দিন ছিলাম সবকিছু বিস্তারিত তথ্যসহ জানাতেও বলা হলো। চিঠির একেবারে শেষে ছোট করে লেখা—আমার যদি কোনো ট্রাফিক টিকিট থেকে থাকে এবং তার জরিমানা যদি ৫০০ ডলারের নিচে থাকে, তাহলে আমাকে কোনো কপি দিতে হবে না। আইন কিন্তু তাই বলে যেটা লেখার শুরুতেই আমি বলেছি এবং সাক্ষাৎকারের সময় বারবার বলেছি। অফিসার কেন মিথ্যা তথ্য দিলেন আমি বুঝলাম না। আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তারপরও আমাকে কেন এই চিঠি দিলেন।
চিঠি পাওয়ার পরপরই আমি পরিচিত এক (ইমিগ্রেশন আইনজীবী) ভাইকে কল দিলাম। সবকিছু খুলে বলার পর তিনি বললেন অফিসে যেতে। পর দিন আমি তাঁর অফিসে গেলাম। হোমল্যান্ড সিকিউরিটি অফিসারের অ-পেশাদারি দেখে আমি হয়েছিলাম বিস্মিত। কিন্তু বাংলাদেশি এই আইনজীবী ভাইয়ের পেশাদারি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এই ভাই সব সময় আমাকে ম্যাসেজ দেন। ভাই ভাই বলে মুখে ফেনা চলে আসে। কিন্তু অফিসে যাওয়ার পর এমন ভান করলেন, যেন আমাকে জীবনেও দেখেননি বা কথা বলেননি। যা হোক তিনি একটি চিঠি লিখে আমার কাছ থেকে মোটা অঙ্কের ফি নিলেন। যে চিঠিটি আমি নিজেও লিখতে পারতাম। আমি শুধু গিয়েছিলাম পরামর্শ নিতে, যা তিনি ফোনে দেননি। যা হোক, চিঠি লিখে দিয়ে বললেন, ‘ডাকযোগে চিঠি ইউএসসিআইএসের অফিসে পাঠিয়ে দিতে।’ আমি তাই করলাম। চিঠিতে বলা হয়েছিল, আমি যেন দু মাসের ভেতরে চিঠির জবাব দিই। আমি চিঠি পাওয়ার তিন দিন পর জবাব দিয়েছি। একটা জিনিস মনে রাখা ভালো যেকোনো ধরনের চিঠি ভালোভাবে দু-তিনবার পড়া উচিত। আমি কিংবা আমার এই আইনজীবী এই চিঠির নিচের অংশ ভালোভাবে লক্ষ্য করিনি। তাই ডাকযোগে পাঠিয়ে দিয়েছি। শেষ সময় দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ আমি অপেক্ষা করতে থাকি চিঠির জবাব পাওয়ার জন্য। কিন্তু প্রায় দেড় মাস পার হলেও কোনো জবাব এল না। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ আমি আমার চিঠি আবার বের করে পড়তে থাকি। কয়েকবার পড়ে বুঝতে পারলাম এই চিঠি আসলে ডাকযোগে নয় নিজে অফিসে গিয়ে জমা দিতে হবে।
তারপর আমি আবার আমার মতো করে চিঠি লেখলাম। আমি স্পষ্ট ভাষায় লিখে দিলাম যে, আমি কখনো, কোনো দিন গ্রেপ্তার হইনি। আমার নামে কোনো ক্রিমিনাল মামলা নেই। যেহেতু আমার কোনো ক্রিমিনাল মামলা নেই ও ট্রাফিক মামলায় আমার জরিমানা ৫০০ ডলারের বেশি নয়, সেহেতু আমি কোনো নথিপত্র জমা দিতে বাধ্য নই। আরও সুন্দরভাবে উপস্থাপনের আশায় চিঠি লেখে নোটারাইজ করে ইউএসসিআইএসের ম্যানহাটন অফিসে গিয়ে দিয়ে এলাম।
চিঠি জমা দেওয়ার দশ দিন পর ইউএসসিআইএসের অফিস থেকে অবশেষে শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য তারিখ পেলাম। মার্চের ২০ তারিখ ছিল শপথ পাঠের সেই বহুল কাঙ্ক্ষিত দিন। কিন্তু না করোনাভাইরাসের জন্য নিউইয়র্ক লকডাউনে যাওয়ায় বন্ধ হয়ে গেল সব কার্যক্রম। আমাকে ফোন করে জানানো হলো পরবর্তী তারিখ চিঠি দিয়ে জানানো হবে।
নিউইয়র্ক আংশিক খোলার পর ইউএসসিআইএস অফিস থেকে কল দিয়ে জানানো হলো আমার শপথ গ্রহণের তারিখ। সকাল ৯টা ৩০ মিনিট। করোনাভাইরাসের কারণে শপথের অনুষ্ঠান অনেক সংক্ষিপ্ত করে করা হবে। কোনো অতিথির প্রবেশাধিকার নেই। বলা হলো কোনো অবস্থাতেই যেন অনুষ্ঠানে দশ-পনেরো মিনিট আগে যাতে না যাই।
দুর্ভাগ্য যেন আমার পিছু ছাড়ে না। আমি সেই দিনও পাঁচ মিনিট দেরিতে গিয়ে উপস্থিত। একজন সিকিউরিটি গার্ড আমার কাগজ দেখে রাগ করে বলে এই তুমি ৪ মিনিট দেরিতে এসেছ। আমি মুখ থেকে মাস্ক খুলে বললাম, ‘মনে হয় দেরিতে এসেছি।’ গার্ড রাগ করল। তর্কের শব্দ শুনে ভেতর থেকে অফিসার বের হয়ে এসে আমাকে নিয়ে গেল ভেতরে।
ফেডারেল প্লাজা বিল্ডিংয়ের নিচতলার একটি কক্ষে নিয়ে গেলেন অফিসার। সেখানে গিয়ে দেখি আরও তিনজন অফিসার। সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। একজন অফিসার দূরে দাঁড়িয়ে আমার মতো আরেকজনকে শপথ পাঠ করাচ্ছেন। তাঁর সামনে দাঁড়িয়ে আছেন আরেকজন, আর গ্লাসের ভেতরে একজন। পুরো রুমে আমরা মাত্র ছয়জন মানুষ। গ্লাসের ভেতরে বসে থাকা অফিসার আমাকে ডাকলেন। বললেন গ্রিনকার্ড দেওয়ার জন্য। আমি গ্রিনকার্ড দেওয়ার পর বললেন, ‘আপনি কি আমেরিকার বাইরে গিয়েছিলেন?’ আমি বললাম, ‘না।’
জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসার আমেরিকান একটি পতাকা, আমেরিকার সংবিধানের একটি কপি, আর নাগরিকত্ব সনদ দিয়ে বললেন, ‘অভিনন্দন।’ সনদ হাতে নিতেই পাশে দাঁড়িয়ে থাকা অফিসার আমাকে বললেন, ‘এখানে দাঁড়িয়ে আমি যা বলব, আমার সঙ্গে সঙ্গে বলবেন।’ আমি তাই করলাম। শপথ শেষ হওয়ার পর অফিসার বললেন , ‘অভিনন্দন।’ পাশে দাঁড়িয়ে থাকা অন্য অফিসাররাও অভিনন্দন জানালেন।
কিছু পরামর্শ
* আমেরিকান নাগরিকত্ব কিংবা যেকোনো ধরনের সরকারি গুরুত্বপূর্ণ কিছু ভালোভাবে জানাশোনা কাউকে দিয়ে পূরণ করানো উচিত।
* আমেরিকাতে সরকারি কোনো অফিসারের সঙ্গে কখনো কোনো দিন তর্কে জড়ানো উচিত নয়। আপনি শতভাগ সঠিক হলেও তারা খামাখা হয়রানি করবে। সরকারি অফিসাররা সাধারণত খুব ইগোপ্রবণ হন।
* যেকোনো ধরনের সরকারি চিঠি ভালোভাবে বারবার পড়া উচিত।
* আপনি যদি আইনমতো সঠিক হয়ে থাকেন তাহলে মুখ দিয়ে নয় লিখিতভাবে নিজের মন্তব্য দেবেন। এতে অফিসার যত ইগোপ্রবণই হন না কেন, কিছু করার থাকবে না।