মার্কিন নাগরিকত্ব পেতে আবেদনের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে হঠাৎ করে নাগরিকত্ব গ্রহণের আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে। অভিবাসীদের মধ্যে যাঁরা নাগরিকত্ব গ্রহণের উপযুক্ত, তাঁরা বিষয়টি নিয়ে আর দেরি করছেন না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন, রাজনীতিতে প্রচণ্ড অভিবাসন-বিরোধিতাকে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে। নানা সংশয়, শঙ্কা নিয়ে অভিবাসীদের মধ্যে দ্রুত মার্কিন নাগরিকত্ব গ্রহণের তাড়া সৃষ্টি হয়েছে।

গত অক্টোবর থেকে শুরু হওয়া অভিবাসন বছরের প্রথম তিন মাসে নাগরিকত্বের জন্য আড়াই লাখ আবেদনপত্র জমা পড়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, নাগরিকত্ব গ্রহণের আবেদন এর মধ্যে গত চার বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসীরা অভিবাসনের প্রারম্ভিক প্রক্রিয়া শেষে নাগরিকত্ব গ্রহণের যোগ্যতা অর্জন করে থাকেন। প্রাথমিক অবস্থায় ‘গ্রিন কার্ডধারী’ হিসেবে অভিবাসন শুরু হয়। নির্দিষ্ট মেয়াদ শেষে রীতিমতো নাগরিকত্বের আবেদন করা যায়। নাগরিকত্ব পরীক্ষার জন্য বেশ কিছু গৎবাঁধা প্রশ্নের উত্তর জানতে হয়। আমেরিকার সমাজ, সরকারব্যবস্থা, ইতিহাস নিয়ে নাগরিকত্বের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে শপথ গ্রহণের মাধ্যমে নাগরিকত্বের সনদ প্রদান করা হয়।

এবার মার্কিন নাগরিকত্বের জন্য বেশিসংখ্যক আবেদনপত্র পড়ার ভিন্ন কারণ নিয়ে আলোচনা হচ্ছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য-বিবৃতিকে এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। মুসলমানদের অভিবাসনে কড়াকড়ি আরোপের কথা বলেছেন। অন্যান্য পশ্চিমা দেশের মতো আমেরিকায়ও এখন অভিবাসনবিরোধী মনোভাব তুঙ্গে। ফলে একধরনের তাড়না থেকেই তড়িঘড়ি করে প্রাক-যোগ্যতা রয়েছে, এমন অভিবাসীরা ব্যাপকভাবে নাগরিকত্বের আবেদন করছেন।

গত সপ্তাহে এক দিনে যুক্তরাষ্ট্রের শতাধিক নগরে গণশপথ গ্রহণের মাধ্যমে নাগরিকত্বের সনদ দেওয়া হয়েছে। নিউজার্সির মতো অভিবাসীবহুল রাজ্যে গত তিন মাসে নাগরিকত্ব গ্রহণের আবেদন আগের সময়ের চেয়ে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে অভিবাসন দপ্তর থেকে জানা গেছে।