মার্কিন নারীদের প্রাণশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই নারীরাও
কর্মক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই নারীরাও

ভোর রাতে যখন আমি পাতাল রেল, বাসে পথ মাড়িয়ে এয়ারপোর্টে যাই, তখন অনেক বয়স্ক নারীর সঙ্গ পাই। তাঁরাও অফিসে, স্কুলে বা যে যার কাজে যান। উচ্ছল প্রাণবন্ত দেখলে মন শ্রদ্ধায় বিগলিত হই। ভালো লাগে, আশ্চর্য হই। মনে মনে অনেক প্রশ্নও জাগে। ক্রূর বুদ্ধিও উদয় হয়! যেমন প্রশ্ন করতে ইচ্ছে করে—

-এক্সকিউজ মি আম্মা, আপনি এতো প্রাণ শক্তি কই পান?
-আপনার কি খাদ্যতালিকায় বিশেষ কোনো যৌবন সংরক্ষণের মেন্যু আছে?
-আপনি কি সুরা পান করেন?

(আমাদের বাঙালি জনগোষ্ঠীর ধারণা আপনারা ওয়াইন খান সারাক্ষণ, তাই এমন ওয়াইনের মতো লাল থাকেন। এটিও আমি জানি, এসব সবাই খান না। চাকরিতে তো বটে নয়। চাকরির শুরুতেই হয় ড্রাগ টেস্ট।)
-আম্মা আপনি তো আমার চেয়েও জোরে হাঁটেন!

কথা হলো এসব বলতে গেলে, আম্মা ডাকলে থাপ্পড় খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমেরিকান নারীরা আর যাই হোক, নিজেকে একেবারে শেষ মানে এক্সপায়ার্ড ভাবতে মোটেও রাজি নন।
আপা ডাকি! মানে যদি সিস্টার বলি? কাঁচুমাচু করে বলি, Sister, you are so beautiful! So energetic...?

হাসিমুখ উত্তর একটা দেবে ঠিকই কিন্তু সিস্টার ডাক শুনলে কয়েক সেকেন্ডর জন্য কথা বলা ভুলেও যেতে পারে।

আমেরিকান নারীরা আমাদের মতো এতো অন্যের মুখে আম্মা, আফা (আপা) এসব শুনতে অভ্যস্ত নয়। পরক্ষণেই মনে পড়ে! চোখে ভেসে উঠে নিজের বড় বোনদেরই ছবি! আহারে কি আর এমন বয়স, কিন্তু ফোন দিলে প্রায়ই শুনি ভালো না। শরীর খারাপ! উচ্চ রক্তচাপ, ডায়বেটিস কত কি! তাঁর চেয়েও বেশি মনের মাঝে চাপ! একটু বয়স হলেই এই চাপ, শরীর খারাপ—এগুলো খুব স্বাভাবিক আমরা ধরে নিই। সুতরাং বলা যায়, গোটা বাংলাদেশের একই অবস্থা। একটু মধ্য বয়স্ক নারীরা ধরে নেন, জীবনের রং শুকানোর সময় চলে এসেছে। তাঁরা মরার আগেই মরে যান।

ভাবছিলাম, কেন আমাদের দেশের নারীদের এমন করুন অবস্থা? আমাদের নারীরা একটু বয়স হলে কেন এমন ঝরে পড়েন? তাঁরা শাড়ি–গয়না এসব পেলে খুশি হন। প্রিয়জনদের জন্য কিছু করে খুশি হন। সেখানেই তাঁদের আনন্দ যা বাইরের জগৎকে স্পর্শ তো করে, কিন্তু ভেতরে-ভেতরে রয়ে যান তাঁরা আনন্দহীন। অনেক সুন্দরী রমণী বলেন, স্বামী নামের বস্তু তো বিয়ের এক বছরের মাথায় প্রেমবিহীন মুকুটে পরিণত হন। মধ্য বয়সে ভালোবাসা কাছে আসা এসব নিতান্ত সামাজিক, শারীরিক প্রয়োজনে হলেও কতটা আন্তরিক, সে শুধু তাঁরাই জানেন!

বুকে জড়িয়ে প্রিয়তমা বলে কাছে ডাকবেন, ছেলেমেয়ে বড় হয়ে গেলে কেউ বলে না, আমি কাছে আছি। বড় হয়ে যাওয়ার পর কয়েকজন দুমিনিট মাকে জড়িয়ে ধরে নীরবে অনুভব করে? যা বুকের দুধ খেতে খেতে বা ঘুমাতে যাওয়ার আগে ছোট বেলায় করত? করে না। টিনএজে বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক মা বিরক্ত হয়ে আরও দূরে চলে যান। সব মা বুঝতেও পারেন না, এ বয়সের হরমোনজনিত পরিবর্তনে এরা উল্টাপাল্টা আচরণ করে। আর তখন থেকে শুরু হয় জটিলতা ও তৈরি হয় দূরত্ব। বড় হতে হতে সবাই একে অপরের জন্য দায়িত্ব পালন করলেও বাড়তে থাকে ভেতরের দূরত্ব! কিন্তু মন থেকে একবার জড়িয়ে ধরলে এ দূরত্ব কমে যেত।

একদিন একটা বই পড়তে পড়তে আমার মেয়ে বলছিল, ‘প্রিয়জন একটু জড়িয়ে ধরলে মানুষের হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে স্ট্রোক করার প্রবণতা কমে যায়।’ এমনটা প্রতিদিন কয়েকজন প্রিয় মানুষ করেন জানি না। তবে এ দেশে অতি সাধারণ সম্পর্ক, চেনা–জানা, কেউ হয়তো ছেলের বা মেয়ের সমান বয়সী জড়িয়ে ধরে বলছে, ‘Oh my Love, এই আন্তরিক ছোঁয়ায় কাজ হয় কিনা তাও জানি না। তবে তাঁদের চেহারা যে ঝলমল করে, সে আমি দেখতে পাই। আমরা তো ধর্মের দোহাই দিয়ে নারীজাতিকে আরও করেছি একলা। যাদের কথা বললাম তাদের অনেকের সত্যি বলতে আপনজন হয়তো নেই। এখানেও দূরে চলে যায় ছেলেমেয়ে, তারপরও দেখি প্রাণবন্ত! তা আমাকে সত্যিই ভাবায়!

অথচ, আমাদের মায়া-মমতা একটু বেশি প্রয়োজন, কারণ আমরা মানসিক স্বাস্থ্যের জন্য পরনির্ভরশীল খুব বেশি। আর্থিক, সামাজিকভাবে নির্ভরশীল হলেও ভালোবাসার জন্য সদাই উন্মুখ থাকি অন্যের কাছে। আমরা নিজেকে ভালোবাসি না, সব সময় চাহিদা থাকে ‘তুমি আমাকে দেখো, তুমি ভালোবাসো, তুমি আমার খোঁজখবর নাও’—যা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আমরা নির্ভরশীল হয়ে উঠি। দেখবেন অনেক রমণী আছেন, সারা দিন ভালো চলছেন, সুস্থ স্বাভাবিক, কিন্তু স্বামী ঘরে ফেরার আগ মুহূর্তে তারা অসুস্থ হয়ে যান, খাবার খেয়েও বলবেন খাননি ও খাবেন না। আবেগি অত্যাচারে ভোগান স্বামী বেচারাকে। ঘাটতির শেষ নেই। যা এক সময় উল্টো কাজ করে বিরক্তির উদ্রেক করে এবং অতি প্রিয় মানুষটা ইচ্ছে না থাকলেও বাইরে ভালোবাসা খুঁজতে থাকে, প্রাণ খুঁজতে থাকে। সুতরাং এখানে শুধু পুরুষকে দোষী করলেও চলবে না। তারাও মানুষ, দিন শেষে ঘরে এসে সামান্য সুস্থতা হাসিখুশি দেখলে তাঁর সারা দিনের ক্লান্তি ভুলে যেতেন। পরিবেশ পুরোটা বদলে যেতো।

আমাদের ইতিবাচক শক্তির প্রয়োজন ভালো থাকার জন্য এবং অন্যকে ভালো রাখার জন্য। সুতরাং অল্প বয়সে ঘাটতিটা আমরা নারী জাতিই শুরু করি ছলচাতুরীর মাধ্যমে নিজেকে মানসিকভাবে নিচে নামিয়ে দিয়ে। আমাদের সমাজটাও নকশা করা, একটু বয়স হলে তুমি সাজুগুজু করতে পারবে না, বেশি রক্তরঙা পোশাক পরতে পারবে না। কত রকম বিপত্তিতে মানসিক স্বাস্থ্যটাই মুষড়ে পড়ে।

সময় এসেছে বদলে যাওয়ার। এসব মানসিকতা পরিহার করে নিজেকে এবং আশপাশের সবাইকে ইতিবাচক মনোভাব দেওয়ার। পরিপাটি সুন্দর পোশাক অবশ্যই মানসিক শক্তি বৃদ্ধি করে। আপনার যা ভালো লাগে, পরুন। নিজেকে সুন্দর করে তৈরি করে আয়নায় দাঁড়িয়ে একবার দেখুন, বলুন—‘আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি সুন্দর আছি। আমি এখনো অনেক দিন এ রকম বেঁচে থাকব।’ আপনার এ ভাবনা আপনার জীবনকে বদলে দেবে। অর্ধেক শারীরিক অসুবিধা দূর করে দেবে।

আপনিও হয়ে উঠবেন প্রাণবন্ত। আপনি নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে কীভাবে ভালোবাসবেন। নিতান্ত দায়িত্ব পালনে যে ভালোবাসা, তা সন্তানের জন্যও নিঃশর্ত ভালোবাসা নয়।

একটা ঘটনা বলি, গত সোমবার আমি ভোর সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টানা চৌদ্দ ঘণ্টা এয়ারপোর্টে কাজ করেছি। বসতে পারলেও দুই শিফটে ষোলোটা ফ্লাইট ডিল করেছি। ষোলবার দোতলা থেকে নিচে নেমেছি রানওয়েতে, খুব ক্লান্ত। গ্রীষ্মকালীন ছুটির সময় অতিরিক্ত যাত্রী। ভাবছিলাম পরদিন কাজ করব কীভাবে? রাতে বাসায় এসে সব সেরে ঘুমাতে এসেছি, তখন বাজে এগারোটার ওপরে। আবার চারটায় উঠে গেছি। আমার এক সহকর্মী মারিয়া ক্রুজ, যার বয়স ৭৫–এর বেশি হবে। তাঁর নাতনি প্রায় আমার সমবয়সী। মারিয়ার ছুটি ছিল কিন্তু বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত তিনি কাজ করেছেন। তাঁকে ফোন করে আনানো হয়েছে। পরদিন সকালে আমি আবার সাড়ে ছয়টা গিয়েছি, দেখি মারিয়াও! এটি তাঁর স্বাভাবিক কর্মদিবস। আমি খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, মারিয়া কত ঘণ্টা ঘুমিয়েছেন? তিনি বললেন, তিন ঘণ্টা এবং তিনি প্রতিদিনের মতো হাসিখুশি। মারিয়ার এই প্রাণবন্ত আচরণে মনে হলো, আমার অনুভূত ক্লান্তি চলে গেছে। একে বলে পরিবেশের ওপর পরিস্থিতির প্রভাব, যা আমার শক্তি বাড়িয়ে দিয়েছে।

একবার কল্পনা করুন, মারিয়ার স্থানে আমার দেশের কেউ হলে কি বলতেন? ‘বলো নাগো মা, বয়স হয়েছে, আর পারি না’! এসব কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আরও নিচে নেমে যেতাম। আমাদের মনোভাব শুধু নিজেদের ওপরই নয়, আশপাশের সবার ওপরও প্রভাব বিস্তার করে। অর্থনৈতিক উৎসও একটা বিষয়, যা মানসিক শক্তি জোগায়। কিন্তু এখানেও আমাদের নারীদের অস্ত্র কেড়ে নেওয়া হয়, তার যোগ্যতা ছিনিয়ে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়। স্বামীর পয়সা থাকলে তো আরও পঙ্গু! তুমি বসে থাকো ঘরে, এই তোমার জীবন। সবকিছুর পরেও ভালো থাকার সম্পূর্ণ হাতিয়ার নিজের কাছে। আপনার আমার চিন্তাভাবনাই পারে আমাদেরকে বদলে দিতে।