মার্কিন নির্বাচনী বিতর্কে এবার সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের নিয়ে বেফাঁস কথা বলে নির্বাচনের আগে বেশ বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই মন্তব্য নির্বাচনের আগে চরম রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। সেনাবাহিনীকে নির্বাচনী রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।


প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন যোদ্ধাদের নিয়ে বেফাঁস মন্তব্যের সংবাদ প্রকাশ করে ‘দ্য আটলান্টিক’ সাময়িকী। এবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্কের শীর্ষে উঠে এসেছে ওই প্রতিবেদন।


দ্য আটলান্টিক ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রান্স সফর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ৩ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্স সফরকালে নিহত মার্কিন সেনাসদস্যদের কবরস্থানে প্রেসিডেন্ট ট্রাম্পের শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। প্যারিসের নিকটবর্তী এ কবরস্থান পরিদর্শন না করেই ট্রাম্প দেশে ফেরেন। হোয়াইট হাউস থেকে তখন জানানো হয়েছিল, বৃষ্টির কারণে প্রেসিডেন্ট শ্রদ্ধা জানাতে পারেননি। হেলিকপ্টারে যাওয়া সম্ভব ছিল না। প্রেসিডেন্টকে ড্রাইভ করে নিয়ে যাওয়ারও অবস্থা ছিল না।

নিহত মার্কিন মেরিনদের স্মৃতিময় কবরস্থানে ট্রাম্প না যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়েছেন। উপরন্তু, যুদ্ধে নিহত হওয়া ব্যক্তিদের একদল পরাজিত লোকজন বলে উল্লেখ করেছেন
দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ

দ্য আটলান্টিক জানিয়েছে, তাদের কাছে প্রমাণ আছে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সেনাদের কবর পরিদর্শন করেননি ভিন্ন কারণে। বৃষ্টিতে তাঁর মাথার চুল এলোমেলো হয়ে যাবে বলে তিনি কবরস্থানে যাননি।


সংবাদটি প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের মানুষ সাবেক সেনাসদস্যদের সর্বোচ্চ সম্মানের সঙ্গে দেখে। সাবেক সেনাসদস্যদের নানা সংগঠন সামাজিক ও রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী। বেশির ভাগ সদস্যই বেশ রক্ষণশীল ঘরানার। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদ সব সময় জাগ্রত থাকে। এসব সাবেক সেনাসদস্যের মধ্যে রিপাবলিকান পার্টির বা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক সমর্থন বলেও ধরে নেওয়া হয়।


দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ তাঁর সাড়া জাগানো প্রতিবেদনে বলেছেন, নিহত মার্কিন মেরিনদের স্মৃতিময় কবরস্থানে ট্রাম্প না যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়েছেন। উপরন্তু, যুদ্ধে নিহত হওয়া ব্যক্তিদের একদল পরাজিত লোকজন বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন মেরিনদের ‘লুজারস’ ও ‘সাকার্স’ বলে বিদ্রূপ করেছেন।

দ্রুত শুরু হওয়া এই বিতর্কের সুবিধা নিচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ৪ সেপ্টেম্বর সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য জঘন্য। তিনি এ নিয়ে ক্ষমাপ্রার্থনার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।


হোয়াইট হাউস থেকে এ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এ সংবাদের কোনো ভিত্তি নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক মার্কিন সেনাসদস্যদের স্বার্থে কী সব কাজ করেছেন, তাঁর একটি ফিরিস্তি দেওয়া হয়েছে হোয়াইট হাউস থেকে।


প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যেকোনো কিছু নিয়ে তিনি কসম করতে রাজি আছেন। তিনি এমন কথা বলেননি। তাঁর চেয়ে বেশি কেউ সাবেক মার্কিন সেনাসদস্যদের শ্রদ্ধা করার নেই বলে তিনি উল্লেখ করেন। এ নিয়ে অবশ্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন না বলেও জানিয়েছেন।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর তাঁর প্রশাসনে সাবেক জেনারেলদের ব্যাপক সমাবেশ ঘটান ট্রাম্প। জেনারেল জিম ম্যাটিসকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে, জেনারেল জন কেলিকে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাঁদের বিদায়ও করেছেন নাটকীয়ভাবে

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশের প্রশাসনে জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন পিটার ফিয়েবার। তিনি বলেছেন, হোয়াইট হাউসের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে বিষয়টি ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনর্গঠন করেছেন বলে যে বক্তব্য দিচ্ছেন, এ সংবাদ তার ওপর এক বিরাট আঘাত বলে মনে করা হচ্ছে।


২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর তাঁর প্রশাসনে সাবেক জেনারেলদের ব্যাপক সমাবেশ ঘটান ট্রাম্প। জেনারেল জিম ম্যাটিসকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে, জেনারেল জন কেলিকে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাঁদের বিদায়ও করেছেন নাটকীয়ভাবে।


সাবেক মার্কিন সেনাসদস্যদের নিয়ে আগেও প্রকাশ্য বিদ্রূপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিনেটর জন ম্যাককেইন সাবেক মার্কিন সেনাসদস্যদের মধ্যে নমস্য ছিলেন। ভিয়েতনাম যুদ্ধে বন্দী হয়েছিলেন ম্যাককেইন। সাবেক যুদ্ধবন্দী হিসেবে ২০১৫ সালে প্রকাশ্যে বিদ্রূপ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যাঁরা যুদ্ধে বন্দী হন, তাঁরা বীর হন কীভাবে? বীর হলেন তিনি, যিনি লড়াই করেন, ধরা না পড়ে জয়ী হতে পারেন।

যাঁরা যুদ্ধে বন্দী হন, তাঁরা বীর হন কীভাবে? বীর হলেন তিনি, যিনি লড়াই করেন, ধরা না পড়ে জয়ী হতে পারেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিনেটর জন ম্যকেইন মারা যাওয়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতি কোনো শ্রদ্ধা দেখাননি। রিপাবলিকানদের মধ্যে সিনেটর ম্যাককেইনকে একটা প্রতিষ্ঠানের মতো দেখা হতো। দলটির হয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারাক ওবামার বিপক্ষে।


হোয়াইট হাউস থেকে দেওয়া স্মারকে প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রান্স সফরসঙ্গীদের তালিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ তালিকার সবাই সাক্ষী দেবেন—সংবাদটি ভিত্তিহীন। যদিও এ তালিকায় জেনারেল কেলির নাম নেই। জেনারেল কেলি সে সময় সফরসঙ্গী ছিলেন। ট্রাম্প ধারণা করছেন, প্রতিবেদনের সূত্র হিসেবে জেনারেল কেলিই কাজ করেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, জন কেলি অযোগ্য লোক।


আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে সাবেক মার্কিন সেনাদের দিয়ে বিরাট মহড়া দেওয়া হয়। প্যারেড করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সাবেক সেনাদের সমর্থন করার কথা জানানো হয়।

উইলমিংটন নগর থেকে ৪ সেপ্টেম্বর সকালে জো বাইডেন সাবেক সেনাসদস্যদের অপমান করে মন্তব্য করায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন
ছবি: রয়টার্স

৪ সেপ্টেম্বর সকালে জো বাইডেন সাবেক সেনাসদস্যদের অপমান করে মন্তব্য করার জন্য রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। নিজের প্রয়াত পুত্র বুই বাইডেনের সেনা দায়িত্ব পালন করার কথা তিনি উল্লেখ করেন। এ সময় জো বাইডেনকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। উইলমিংটন নগরী থেকে দেওয়া বক্তৃতায় বাইডেন বলেন, ট্রাম্প নিজেকে কী মনে করেন?


দ্য আটলান্টিকে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই ডেমোক্র্যাট–সমর্থক ‘ভোট ভ্যাটস ডট অর্গ’ প্রতিবেদনটি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প সাবেক সেনাসদস্যদের বিদ্রূপ করে মার্কিন সেনাবাহিনীকে অপমান করেছেন বলে এ প্রচারণায় বলা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন সেনাবাহিনীকে নির্বাচনী রাজনীতির বিতর্কের কেন্দ্রে নিয়ে আসা দেশের জন্য মোটেই ভালো কাজ হচ্ছে না। একদিকে ট্রাম্প–সমর্থকেরা আগে থেকেই তাঁকে সেনাপ্রেমী বলে প্রচারণা চালাচ্ছিলেন; এখন বিপক্ষের দল তাঁকে সেনা বিদ্রূপকারী হিসেবে প্রচারণায় নেমেছেন।


মার্কিন সেনাবাহিনী নিজেদের কখনো রাজনৈতিক বিতর্ক জড়াতে চায় না। দেশের স্বার্থেই নিজেরা কোনো রাজনৈতিক দলের প্রচারণার অংশও হতে চায় না বলে রাজনৈতিক আলোচকেরা মার্কিন সংবাদমাধ্যমে বলছেন।