মার্কিন নির্বাচনে জনসমর্থনে এগিয়ে বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন-ছবি: রয়টার্স
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন-ছবি: রয়টার্স

২৭ বছর আগে মার্কিন সিনেটের সদস্য থাকাকালে জো বাইডেন তাঁর নিজের দপ্তরের এক নারী কর্মীকে যৌন হেনস্তা করেছিলেন—এমন অভিযোগ অনেক দিন থেকেই তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। এত দিন ব্যাপারটা তেমন গুরুত্ব পায়নি, কিন্তু এখন পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন কার্যত চূড়ান্ত হওয়ায় বিষয়টি ভিন্ন গুরুত্ব নিয়ে পুনরাবির্ভূত হয়েছে।

বাইডেন নিজে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি। দলীয় নেতারাও তাঁর সে ব্যাখ্যাকে চূড়ান্ত বলে মেনে নিয়েছেন। স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, যৌন হেনস্তার অভিযোগের জবাবে বাইডেন যে কথা বলেছেন, তাতে তিনি সন্তুষ্ট। ‘এ নিয়ে আমার আর নতুন কিছু বলার নেই’, পেলোসি জানিয়ে দিয়েছেন।

দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক সমর্থকদের মধ্যেও যেভাবে সম্ভব বিষয়টি ধামাচাপা দেওয়ার আগ্রহ রয়েছে। পত্রপত্রিকায় কেউ কেউ যৌন হয়রানি প্রশ্নে ডেমোক্রেটিক নেতাদের অবস্থানকে ‘ভণ্ডামি’ বলে ক্রুদ্ধ সমালোচনা করেছেন, কিন্তু অধিকাংশ প্রথম সারির নেতা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। বামপন্থী হিসেবে পরিচিত কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্তেস বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, তা ধামাচাপা দেওয়া ঠিক নয়। কিন্তু তিনিও এই নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি।

সাধারণ ভোটারদের মধ্যে এই প্রশ্নে অস্বস্তি থাকলেও অধিকাংশই বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিষয়টি নিয়ে ঘাঁটাতে চাইছেন না। মনমাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত এক সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগের বিষয়টি অধিকাংশ ভোটার জানেন, তবে মাত্র ৩৭ শতাংশ ভোটার মনে করেন, এই অভিযোগ সত্য। অন্যদিকে ৩২ শতাংশ মনে করেন, অভিযোগ সত্য নয়।

এই বিভক্ত মনোভাব সত্ত্বেও জনমত জরিপে ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন বাইডেন। গতকাল বুধবার প্রকাশিত মনমাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপ অনুসারে এই মুহূর্তে বাইডেন ট্রাম্পের তুলনায় ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তাঁর পক্ষে জনসমর্থন রয়েছে ৫০ শতাংশ, ট্রাম্পের ৪১ শতাংশ। গত এক মাসে বাইডেন ট্রাম্পের তুলনায় তাঁর জনসমর্থন ৩ শতাংশ বাড়াতে পেরেছেন। ইলেকটোরাল ভোটে গুরুত্বপূর্ণ বিবেচিত পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনেও বাইডেন ভালো ব্যবধানে এগিয়ে।

অধিকাংশ পর্যবেক্ষক একমত, ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে ট্রাম্পবিরোধী মনোভাব এত তীব্র যে যৌন হেনস্তার অভিযোগ সত্ত্বেও তাঁরা বাইডেনকে ভোট দিতে প্রস্তুত। মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুসারে, ডেমোক্রেটিক সমর্থকদের ৭৯ শতাংশ বাইডেনকে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।