মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেগ আন্দ্রেস
গ্রেগ আন্দ্রেস

বিশেষ কৌশলী রবার্ট মুয়েলারের দলভুক্ত হয়েছেন মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা গ্রেগ আন্দ্রেস। মুয়েলারের দলের ষোড়শ সদস্য হিসেবে এ আইনজীবী যোগ দিয়েছেন। মুয়েলারের দলের মুখপাত্র জশ স্টিভকে উদ্ধৃত করে গত ২ আগস্ট এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করছেন বিশেষ কৌশলী রবার্ট মুয়েলার। সরকারি বিভিন্ন সংস্থা থেকে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে তাঁর নেতৃত্বাধীন তদন্ত দলটি গঠন করা হচ্ছে। এ দলে সর্বশেষ সংযুক্তি ঘটেছে গ্রেগ আন্দ্রেসের। আন্দ্রেস ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিচার বিভাগে কাজ করেছেন। ফৌজদারি বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। সেখানে জালিয়াতি, বিশেষত বিদেশি কোনো সংস্থার সঙ্গে অনৈতিকভাবে অর্থ লেনদেনের বিষয়ের দায়িত্বে ছিলেন তিনি।
মুয়েলারের দলের বিস্তৃতির বিষয়ে সাবেক ক্লিনটন প্রশাসনের সময় হোয়াইটওয়াটার তদন্তের স্বাধীন কৌশলী রবার্ট রে রয়টার্সকে বলেন, মুয়েলার তাঁর তদন্ত দল এখনো সম্প্রসারণ করছেন। এর অর্থ হচ্ছে তদন্তের এখনো অনেক বাকি। এটি চলতি বছরে তদন্ত কার্যক্রম শেষ না হওয়ার একটি ইঙ্গিত। এমনকি এ তদন্তের ফল ২০১৮ সালেও পাওয়া যাবে কিনা, তাও একটি বড় প্রশ্ন।