মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনৈতিক দুর্দশা বাড়াবে
ট্রাম্প প্রশাসন ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। এই নিষেধাজ্ঞার অধীনে ইরানের সঙ্গে অধিকাংশ বাণিজ্যিক সম্পর্ক অবৈধ বলে বিবেচিত হবে। ডলারে সব রকম আদান-প্রদান ও মূল্যবান খনিজ পদার্থে বাণিজ্য ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় ইরান থেকে কার্পেট বা শুকনো খাবার আমদানিও পড়বে। একইভাবে ইরানের কাছে কোনো বাণিজ্যিক বিমান বিক্রয়ের জন্য এর আগে দেওয়া সব লাইসেন্সও বাতিল করা হবে।
২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখার শর্তে যুক্তরাষ্ট্র ও আরও পাঁচটি দেশ সে দেশের সঙ্গে যে চুক্তি করে, তারই ভিত্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিজের নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প এ বছর মে মাসে এককভাবে সে চুক্তি থেকে বেরিয়ে আসেন। সে সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ ছাড়াও সন্ত্রাসী কার্যক্রমে তার সমর্থন ঠেকাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরারোপ করা হবে।
ইরানের অর্থনীতি এমনিতেই দীর্ঘদিন থেকে মন্দাবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। তেলের দাম পড়ে যাওয়ায় এই অবস্থা আরও জটিল হয়েছে। দুই বছর আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটি খানিকটা হাঁফ ছাড়ার সুযোগ পেয়েছিল। এখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি ভয়াবহ সংকটে পড়তে পারে। নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, এই আশঙ্কা থেকে ইরানি রিয়ালের দাম প্রায় ৫০ শতাংশ পড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে গেছে হু হু করে। জীবনযাত্রার মান দীর্ঘদিন থেকেই নিম্নগামী। পরিস্থিতির যদি আরও অবনতি হয়, তাহলে রাজনৈতিক সংকট ঘনীভূত হবে, সে কথা ইরানিরাই এখন প্রকাশ্যে বলছেন।
ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহল, ইসরায়েল ও ইরানবিরোধী একাধিক আরব দেশকে খুশি করলেও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হতাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জানিয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে তারা বদ্ধপরিকর। ইইউ জানিয়েছে, মার্কিন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই সংস্থার ‘প্রতিবন্ধক ধারা’ চালু করবে, যার আওতায় ইউরোপীয় কোম্পানিগুলোকে মার্কিন কোপানল থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া যাবে।
পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা যতটা সাহসের সঙ্গে বলা হয়েছে, বাস্তবে তা পূরণ তত সহজ নাও হতে পারে। শুধু ইরানের বাজারের লোভে ইউরোপীয় কোম্পানিগুলো মার্কিন বাজার হারাতে প্রস্তুত, তা মনে হয় না। বাণিজ্যিক বিমানসহ বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে ইউরোপীয় উৎপাদকেরা বহুলাংশে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। অধিকাংশ ইউরোপীয় বিমানের অন্ততপক্ষে ১০ শতাংশ খুচরো যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়, যার সব রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ইরান অবশ্য আশা করছে, ইইউ ছাড়াও চীন ও রাশিয়া এবং অংশত ভারত এই নিষেধাজ্ঞার ভয়াবহ ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে তার পাশে দাঁড়াবে। কয়েক বছর ধরে ইরান এই দেশগুলোর সঙ্গে নিকট সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। ইরানের প্রধান রপ্তানিপণ্য তেল। চীন ও ভারত এই দুই দেশই গত কয়েক বছরে ইরানের কাছ থেকে বর্ধিত পরিমাণে তেল আমদানি করছে। ২০১৬ সালে ওবামা সরকার ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকেই এই দুই দেশ ইরানি তেলের প্রধান আমদানিকারক হয়ে উঠেছে।
ভারত আশা করছে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে আখেরে তার জন্য সুফল বয়ে আনবে। সেই লক্ষ্যেই তারা ইরানের চাবাহার বাণিজ্য বন্দর উন্নয়নের ব্যাপারে বিপুল আর্থিক বিনিয়োগে চুক্তিবদ্ধ হয়েছে। এই বন্দর চালু হলে ভারত পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নির্মাণে সক্ষম হবে বলে ভারতীয় নীতিনির্ধারকেরা আশা করছেন।
রাশিয়াও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্কে আগ্রহী। ২০১৬ সালে বেইজিং সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিন চীনের সঙ্গে এক বহুমুখী বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিকে স্বাগত জানিয়ে দুই পক্ষই জানিয়েছিল, তারা শুধু বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী নয়, তারা চায় ‘আজীবনের জন্য বন্ধুত্ব’।
মার্কিন নিষেধাজ্ঞার এক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে এটি রাশিয়ার জন্য অতিরিক্ত মুনাফার দরজা খুলে দেবে। একজন রুশ জ্বালানি বিশেষজ্ঞ নিউজ উইকে বলেছেন, যা ইরানের জন্য লোকসান, তা রাশিয়ার জন্য লাভ।