মার্কিন নৌবাহিনীর ১৩ সদস্যের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ
মার্কিন নৌবাহিনীর ১৩ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে ইমিগ্রান্ট পাচারের অভিযোগ আনা হয়েছে। আমেরিকায় ৩০ জন অবৈধ অভিবাসীকে পাচারের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া আদেশ অমান্য, মাতলামি, মিথ্যাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এর মধ্যে দুজন হলেন ল্যান্স করপোরাল বায়রন ল ও ডেভিড সালাজার-কুইন্টোরো। তাঁদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের অর্থের বিনিময়ে আমেরিকায় নিয়ে আসার অভিযোগ আনা হয়েছে। দুজনই ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের ক্যাম্প পেন্ডেলটনে আটক ছিলেন।
অভিযোগে অন্তর্ভুক্ত অন্য মেরিনারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কোকেন ও এলএসডি বিতরণের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁদের সবার নাম জানানো হয়নি। মেরিন করপোরাল সালাজার-কুইন্টেরোর আমেরিকার উত্তরে সীমান্তরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা তিন অভিবাসীকে আমেরিকায় প্রবেশে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশকারীদের গত জুলাই মাসে মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকার ভেতরে সাত মাইল পর্যন্ত ড্রাইভ করে পৌঁছে দেন বলে ফেডারেল আদালতে আনা অভিযোগে বলা হয়। আটক তিন অবৈধ অভিবাসী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাঁরা পাচারকারীদের ৮ হাজার ডলার দিয়েছেন। এর বিনিময়ে তাঁদের আমেরিকায় ঢুকতে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে সালাজার-কুইন্টেরো বলেন, তাঁরা ১ হাজার ডলারের বিনিময়ে প্রথমে অবৈধ অভিবাসীকে বাছাই করেন। পরে ৮ হাজার ডলারের বিনিময়ে আমেরিকার ভেতরে নিয়ে আসেন।
শেষ পর্যন্ত এই ১১৩ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আদালত কী শাস্তির আদেশ দেন, তা দেখতে সবাই অপেক্ষা করছে।