মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছেন ইয়েমেন ও ইরানের বেশ কয়েকজন নাগরিক। আমেরিকার নিবন্ধিত এসব অভিবাসী আরোপিত আংশিক নিষেধাজ্ঞার আওতার বাইরে পড়লেও তাঁদের ভিসা আবেদনে কোনো সাড়া দেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতেই গত ৪ আগস্ট তাঁরা এ মামলা করেন বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন সরকারের ‘ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের’ আওতায় লটারির মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের আমেরিকায় স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) অনুমোদন দেওয়া হয়। গত বছর অনুরূপ একটি প্রকল্পের আওতায় ইয়েমেন ও ইরানের এ নাগরিকেরা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এখন তাদের ভিসা দেওয়া হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন। দীর্ঘ দিন ধরে আবেদন জমা দিয়ে রাখলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় গত ৪ আগস্ট তাঁরা এ মামলা করেন।
প্রসঙ্গত, গত জুনে মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশনায় ট্রাম্প প্রশাসন ছয়টি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে ইয়েমেন ও ইরানও রয়েছে। আমেরিকার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এ হিসাবে মার্কিন সরকারে বিশেষ লটারি জেতা নাগরিকরাও আমেরিকায় প্রবেশের অধিকার পাওয়ার প্রতিশ্রুতিপ্রাপ্ত। কিন্তু তাদের এ বিষয়টি অগ্রাহ্য করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের আইনজীবী এসথার সাং বলেন, এটি অন্যায় ও আইনসম্মত নয়। আমরা এ জন্য সবকিছু করতে প্রস্তুত। এ মানুষদের অধিকার আদায়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।