মার্কিন প্রস্তাবে বিশ্ববাজারে কমবে তেলের দাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকলাহোমায় মজুত করা তেলের ট্যাংক। ছবি: রয়টার্স
ওকলাহোমায় মজুত করা তেলের ট্যাংক। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মজুত থাকা কৌশলগত তেলের অর্ধেক বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর এ কৌশলগত প্রস্তাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে পারে। সে ক্ষেত্রে তেল আমদানিকারকদের একক প্রতিষ্ঠান ওপেকের ওপর নির্ভরতা কমে যাবে। ওপেকের পক্ষ থেকে অপরিশোধিত তেলের অপ্রতুলতা তুলে ধরে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির প্রস্তাবের পরই যুক্তরাষ্ট্র এমন প্রস্তাব দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত তেলের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির লুইজিয়ানা ও টেক্সাস রাজ্যের নিরাপদ ভূগর্ভস্থ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) হিসেবে ৬৮৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। ১৯৭৫ সালে আরব বিশ্ব যুক্তরাষ্ট্রে তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটির জ্বালানি খাতে যে দীর্ঘমেয়াদি আঘাত হেনেছিল, তা থেকে রক্ষা পেতেই কংগ্রেস এই উদ্যোগ নিয়েছিল।

মঙ্গলবার হোয়াইট হাউসে কংগ্রেসের বাজেট ঘোষণা করা হবে। সেখানে ২০১৮ অর্থবছরে এসপিআর তেল বিক্রি শুরু করবে, এমন প্রস্তাব তুলে ধরা হবে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। প্রথম বছরে ৫০০ মিলিয়ন ডলার বিক্রি হবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

রিজার্ভ থেকে বিক্রির পরিমাণ ধীরে ধীরে পরবর্তী বছরগুলোয় বাড়ানো হবে, যা ২০২৭ সালে ৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। ২০১৮ থেকে ২০২৭ সালের মধ্যে এ থেকে আয়ের পরিমাণ হবে প্রায় ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। ১০ বছরের অর্ধেকেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হবে, যা বর্তমান মার্কিন মজুতের ১ শতাংশ।