মার্কিন প্রেসিডেন্ট কথা রাখেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

রাজনীতি নিয়ে কথা বলেন না, এমন মানুষে সংখ্যা খুবই কম। আর আমরা তো বাঙালি! রাজনীতি নিয়ে কথা হবে না, সেটা তো বড্ড বেমানান। চায়ের টেবিলে, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা রেস্তোরাঁয় খেতে বসলেই যেন কোনো এক কথার মাঝখানে আমাদের রাজনীতির কথাবার্তা শুরু হয়।

প্রবাসে এই কথাগুলো দেশের চেয়ে কম নয়, যেন আরও বেশি। অভিবাসন সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে একটি প্রজন্ম এখনো যুক্তরাষ্ট্রে আসছেন। সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই ধরে নেওয়া যায়, আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন তারা সব সময় নিজ দেশের রাজনীতির ছায়া নিয়ে আসবেন।

এবার দৃষ্টি দেওয়া যাক যুক্তরাষ্ট্রের রাজনীতির দিকে। মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। এর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। করোনায় ইতিমধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে যখন মৃত্যুর আতঙ্ক, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ও বিপক্ষ দলের প্রেসিডেন্ট প্রার্থীরাও ছিলেন রাজনীতি নিয়ে ব্যস্ত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জিততে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে হারানোর জন্য জনসাধারণের কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বাইডেন তাঁর নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায়ে মূল্য পরিশোধ করতে হবে সৌদি আরবের ক্ষমতাসীন রাজপরিবারকে। তবে যে মূল্য পরিশোধ করতে হবে সৌদি আরবকে, সেটা যে ছিল রাজনীতির দাবার চাল, তা নির্বাচনের আগেই অনুমেয় ছিল।

কয়েক দিন ধরে সৌদি সাংবাদিক খাসোগি হত্যা নিয়ে আবারও সরব মার্কিনসহ বিশ্ব গণমাধ্যম। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও কেন সৌদি যুবরাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তার ব্যাখ্যা দিয়েছে বাইডেন প্রশাসন।

সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা না দেওয়ার স্বপক্ষে যুক্তি দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছি। আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই, ধ্বংস করতে চাই না। যদি এমবিএসকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়, তাহলে রিয়াদের ওপর মার্কিন প্রভাব ক্ষতিগ্রস্ত হবে।’

খাসোগি হত্যায় জড়িত থাকার পরও এমবিএসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। খাসোগি যেখানে কাজ করতেন, সেই ওয়াশিংটন পোস্টও সরকারের কঠিন সমালোচনা করেছে।

তবে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ফ্রেড রায়ান লিখেন, বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি হত্যাকাণ্ডকে দায়মুক্তি দিচ্ছে। যদিও বাইডেন প্রশাসন ২৬ ফেব্রুয়ারি ৭৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই তালিকায় ছিলেন না।

সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ও তাঁর ভাইদের নিয়ে প্রচারিত ‘অল দা প্রাইম মিনিস্টার’স মেন’ নামের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরা। সেখানে সেনাপ্রধান আজিজের ভাইদের হত্যা মামলা থেকে খালাস, ফাঁসির আসামি হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির সাধারণ ক্ষমাসহ আরও কিছু ঘটনা নিয়ে প্রকাশিত আল–জজিরার প্রতিবেদনটি এখনো মানুষের মুখে মুখে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এই প্রতিবেদনে প্রকাশের বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করার আবেদন করা হয়েছে। ব্যক্তির আগে দেশের স্বার্থ নাকি রাজনীতি বড়, সেটাও অনেকটা পরিষ্কার হয়েছে। তবে এতটুকু বলা যায়, একটি খুনের জন্য দায়ী ব্যক্তিরাই এখন রাষ্ট্রের জন্য অপরিহার্য সম্পদ। বাকিটা দেখার অপেক্ষায়।