মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতাবলে অভিবাসনব্যবস্থা সংস্কারের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলে তুমুল বিতর্ক চলছে। এই বিতর্কে যোগ দিয়েছেন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও। তাই এই বিতর্ককে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারযুদ্ধের আগাম সূচনা বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক।
কারও কারও মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিশ্চিত করার দৌড়ে কে জিতবেন তা অনেকটাই নির্ভর করছে অভিবাসননীতি নিয়ে দুই দলের চলমান বিতর্কে তাঁরা কেমন করছেন তার ওপর।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম বারবার আসছে। সব মিলিয়ে অন্য সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে আছেন হিলারি। সাবেক এই ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে ওবামার অভিবাসনব্যবস্থা সংস্কারের ঘোষণাকে সমর্থন করেছেন। তিনি এ বিষয়ে বলেন, ‘প্রেসিডেন্টের ঘোষণার মধ্য দিয়ে আমাদের নাজুক অভিবাসনব্যবস্থা গুছিয়ে আনার কাজ শুরু হলো। আমি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
ডেমোক্রেটিক পার্টির আরেক সম্ভাব্য প্রার্থী ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেনও ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওয়ারেন বলেন, ‘কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। রিপাবলিকানরা তাঁদের কাজ না করলে তো প্রেসিডেন্টকেই সেই কাজ করতে হবে।’
কিন্তু রিপাবলিকান পার্টির অনেক নেতাই মনে করেন, প্রেসিডেন্ট ওবামা নির্বাহী আদেশে অভিবাসন বিষয়ে এবারের বড় ধরনের উদ্যোগটি নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী কেনটাকির সিনেটর র্যান্ড পলের মতে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কাগজপত্র না থাকা লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার হওয়া থেকে সাময়িকভাবে বাঁচিয়েছে। কট্টরপন্থী টি পার্টির মধ্যে ব্যাপক জনপ্রিয় এই সিনেটর প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, ‘প্রেসিডেন্ট কংগ্রেস ও সংবিধানকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে অভিবাসনব্যবস্থা সংস্কারের ঘোষণা দিয়েছেন।’
ওবামার অভিবাসনব্যবস্থা সংস্কারের ঘোষণায় এবারও হিস্পানিকসহ (স্পেন বা লাতিন আমেরিকা থেকে আসা স্প্যানিশভাষী অভিবাসী) অন্য অভিবাসী ভোট ব্যাংক ডেমোক্র্যাটদের পক্ষেই ঝুঁকবে বলে মনে করেন বিশ্লেষকেরা। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিস্পানিকদের প্রায় ৭২ শতাংশের ভোট পড়েছিল ওবামার বাক্সে। অন্যদিকে অভিবাসনব্যবস্থা সংস্কারের বিরোধিতা করায় রিপাবলিকানরা আবারও এ গোষ্ঠীর ভোট থেকে অনেকটাই বঞ্চিত হতে পারে। অভিবাসননীতি নিয়ে রিপাবলিকানদের বর্তমান অবস্থান সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে তাদের বিপাকে ফেলতে পারে বলে কোনো কোনো বিশ্লেষকের ধারণা।
প্রেসিডেন্ট ওবামার সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড বলেন, ‘অভিবাসন নিয়ে প্রেসিডেন্টের দেওয়া নির্বাহী আদেশ উল্টে দেওয়ার অঙ্গীকারকারী কেউই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না।’
এই বিষয়টি মাথায় রেখেই হয়তো রিপাবলিকান পার্টির আরেক সম্ভাব্য প্রার্থী জেব বুশ কিছুটা সংযত হয়েই কথা বলছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ এক বিবৃতিতে বলেন, ‘দুই দলের সমন্বিত সংস্কার প্রস্তাব অবশ্যই কংগ্রেসের মাধ্যমে পাস করানো যেত।’ ওবামার নির্বাহী আদেশকে ‘অবিবেচকের মতো কাজ’ বলে আখ্যা দেন তিনি। জেব বুশ বলেন, ‘জনগণের সামনে আমাদের অবশ্যই দেখাতে হবে, আমরা এমন দল যারা মতৈক্যের ভিত্তিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’