মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কমলার

কমল, অর্থাৎ পদ্ম থেকে কমলা। জন্ম ক্যালিফোর্নিয়ায়, বয়স ৫৪। বাবা জ্যামাইকা ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী। তাঁরা দুজনই বিজ্ঞানী, যাঁর যাঁর ক্ষেত্রে কৃতবিদ্যা। মিশ্র বংশীয় কমলা হ্যারিস মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য। তিনি গতকাল রোববার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন।
কমলা হ্যারিসকে নিয়ে এ পর্যন্ত মোট ছয়জন ডেমোক্র্যাট এই পদে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে তিনজনই নারী। ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক হাওয়াইয়ের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান তুলসী গ্যাবার্ডও এই তালিকায় আছেন। হিলারি ক্লিনটনও ইঙ্গিত করেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার আশা ছাড়েননি। এখনো নিজেদের নাম ঘোষণা করেননি, কিন্তু প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন—এমন ডেমোক্র্যাটদের সংখ্যা আট। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, যাঁকে অনেকে এই দলের সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করেন।
গতকাল নিজের শহর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক জনসভায় নিজের প্রার্থিতা ঘোষণা করে কমলা বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, আমি আমার দেশ আমেরিকাকে ভালোবাসি। আমার প্রার্থিতা হবে দেশের সব মানুষের পক্ষে, সব মানুষের জন্য।’
কমলার প্রচারের স্লোগান হলো, ‘কমলা হ্যারিস ফর দ্য পিপল’। অর্থাৎ, জনতার জন্য কমলা হ্যারিস।
২০২০ সালের নির্বাচনে ফের লড়বেন রিপাবলিকান দলের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওকল্যান্ডে নিজের প্রার্থিতা ঘোষণার সময় ট্রাম্পের নাম একবারের জন্য না নিয়েও কমলা কোনো রাখঢাক ছাড়াই জানান, তিনি কেন, কার (ট্রাম্প) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কমলা বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যখন সবার কাছে একটা প্রশ্ন বড় হয়ে উঠেছে, আমরা আসলে কে? আমেরিকান বলতে আমরা কী বুঝি?’
ট্রাম্পের নীতির সমালোচনা করে কমলা বলেন, ‘সীমান্তে মা–বাবার কাছ থেকে শিশুদের পৃথক করা, অবৈধ অভিবাসনের নামে দেয়াল নির্মাণ, মুক্ত তথ্যব্যবস্থার ওপর আক্রমণ, এটা আমাদের কাঙ্ক্ষিত আমেরিকা হতে পারে না। আমি বলছি, যাকে আমেরিকা বলা হচ্ছে, আমরা তার চেয়ে অনেক ভালো, অনেক মহৎ।’
দুই বছর আগে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন আমেরিকার মানুষকে শ্বেতকায় ও অশ্বেতকায়—এই দুই ভাগে বিভক্ত করে। সেই ইঙ্গিত করে কমলা হ্যারিস বললেন, ‘আমরা যে আমেরিকার স্বপ্ন দেখেছি, যে আমেরিকার গণতন্ত্রের স্বপ্ন দেখেছি, তা এখন আক্রমণের সম্মুখীন। সেই স্বপ্নকে পুনরুদ্ধারের লক্ষ্যে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
ক্যালিফোর্নিয়ার সাবেক এই অ্যাটর্নি জেনারেলকে অনেকে নাম দিয়েছেন ‘ফিমেল ওবামা’ বা নারী ওবামা। বারাক ওবামার সঙ্গে তাঁর যে মিল রয়েছে, তা অস্বীকার করা যায় না। ওবামার মতো কমলাও মিশ্র বর্ণের। তিনিও নিজেকে একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে পরিচিত করাতে ভালোবাসেন। তাঁরা দুজনই আইনজীবী; যদিও ওবামা একজন অধ্যাপক ও কমলা মারকুটে পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচিত। কমলাও ওবামার মতো মার্কিন সিনেটে সদস্য হিসেবে প্রথম দফায় নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন। ওবামার মতো কমলাও একজন মধ্যপন্থী প্রগতিশীল।
কমলার প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে—সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ভারসাম্যপূর্ণ পরিবেশ ও আমেরিকার বৈষম্যমূলক ফৌজদারি আইন সংস্কার।
অনেকে কমলার কর্মসূচিকে অতি বাম বলে সমালোচনা করছেন। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ মনে করে, কমলার প্রস্তাবিত কর্মসূচি যথেষ্ট প্রগতিশীল নয়।
কমলা আশা করছেন, ২০০৮ সালে বারাক ওবামা যেমন একটি ব্যাপকভিত্তিক কোয়ালিশন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তেমন কিছু করা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। এই কোয়ালিশনের প্রধান শক্তি দলের আফ্রিকান-আমেরিকান সমর্থকেরা। অবশ্য এই মুহূর্তে দেশের অধিকাংশ আফ্রিকান-আমেরিকান ও অশ্বেতকায় ভোটারদের কাছে সবচেয়ে পছন্দের প্রার্থী হলেন জো বাইডেন। তাঁর পক্ষে রয়েছে এই জনগোষ্ঠীর ২৬ শতাংশ মানুষ। ঠিক তারপরেই রয়েছেন ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচিত সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর পেছনে ৭ শতাংশ সমর্থন নিয়ে আছেন কমলা হ্যারিস। এই হিসাব অবশ্য তাঁর প্রার্থিতা ঘোষণার আগের। খ্যাতনামা জনমত জরিপবিশারদ নেট সিলভার মনে করেন, এই অবস্থার পরিবর্তন শুধু সময়ের ব্যাপার। ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা অর্জন হ্যারিসের পক্ষে অসম্ভব নয়।
কমলার ব্যাপারে ভিন্নমত পোষণ করেন, এমন লোকের অভাব নেই। কেউ কেউ বলছেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, তাহলে কমলা তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেতে পারেন। এ প্রসঙ্গে প্রবীণ ভাষ্যকার ডেভিড গার্গেনের মন্তব্য, ‘সেটি হবে একটি চমৎকার জুটি।’