মার্কিন বাহিনীকে কয়েক দশক থাকতে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন সেনাদের আরও কয়েক দশক ধরে মোতায়েন রাখতে হতে পারে বলে ওবামা প্রশাসনকে সতর্ক করেছেন মার্কিন সশস্ত্র বাহিনীর কয়েকজন কমান্ডার। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর ডন পত্রিকার।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা বুঝতে পারছি, এই অবস্থায় দেশটি থেকে চলে যাওয়া সম্ভব নয়। আফগান বাহিনীর আকাশপথে, গোয়েন্দা ক্ষেত্রে ও কারিগরি সহায়তা প্রয়োজন। সেখানে দীর্ঘ সময় মার্কিন সেনাদের থাকতে হতে পারে।’
প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পররাষ্ট্র-বিষয়ক নীতিনির্ধারকেরা চাইছেন আফগানিস্তানে মার্কিন বাহিনী আরও অনেক দিন অবস্থান করুক। এই বছর প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন বাহিনী সেখানে রাখার পক্ষে তাঁরা।
ওবামা প্রশাসন ২০১৭ সালের প্রথম দিকে আফগানিস্তানে অবস্থানরত অধিকাংশ মার্কিন সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা করছিল। তবে মার্কিন সামরিক কমান্ডাররা বলছেন, এটা অসম্ভব হবে। আফগানিস্তানে আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশটিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে। ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে। আফগান সরকার এই অবস্থা মোকাবিলায় অসহায়।
সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল ফ্লোরনয় বলেন, ‘অঞ্চলটিকে অনিরাপদ রেখে আসার কোনো মানে হয় না। এখন দেখতে হবে ওই অঞ্চলে আমাদের স্বার্থ রক্ষা করে কী পদক্ষেপ নেওয়া যায়।’
প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তান থেকে দুই বছর আগে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবানের পুনরুত্থান হয়েছে। তারা অনেকগুলো জেলা ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্দখল করেছে। সরকারি বাহিনী তালেবানের হাতে মার খাচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসও সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে তালেবান, মার্কিন ও আফগান বাহিনী এবং আইএসের মধ্যে বহুমুখী লড়াই চলছে।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা ২০১৭ সালের মধ্যে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। তিনি সেনাসংখ্যা আরও কমিয়ে এনে তা মাত্র এক হাজারে সীমিত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।
এদিকে পেন্টাগন লেফটেন্যান্ট জেনারেল জন মাইক নিকলসনকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর নতুন প্রধান নিয়োগ দিয়েছে।