মার্কিন বিমান হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত: পেন্টাগন
মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে আল-কায়েদার এক শীর্ষ নেতা আবু-খলিল আল-সৌদানি ও দুই জঙ্গি নিহত হয়েছে। আল-সৌদানি সংগঠনটির শীর্ষ স্থানীয় অপারেশনাল কমান্ডার ছিলেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন আজ শুক্রবার এ তথ্য জানায়।
চলতি মাসের ১১ তারিখে পক্তিকা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টারের সঙ্গে থাকা ইরাকের সাংবাদিকদের কাছে আজ পেন্টাগনের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ওই হামলায় আল-সৌদানিসহ তিন উগ্র চরমপন্থী নিহত হয়েছেন। আল-সৌদানির মৃত্যুর ঘটনা আল-কায়েদার বিশ্ব জুড়ে পরিচালিত অভিযানকে ব্যাহত করবে।’
পেন্টাগন আল-সৌদানিকে আল-কায়েদার একজন জ্যেষ্ঠ সুরা সদস্য ও সংগঠনটির আত্মঘাতী ও বিস্ফোরক অভিযানের প্রধান বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি আফগান ও পাকিস্তানের যৌথ বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। এবং আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।’
বিবৃতিতে কার্টার বলেন, ‘এই অঞ্চলে ও বিশ্ব জুড়ে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান চলবে।’