মার্কিন বিমানবন্দর ১১ ঘণ্টা অন্ধকারে

টানা ১১ ঘণ্টা অন্ধকারে থাকার পর আলোর দেখা পেয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা। স্থানীয় সময় গতকাল রোববার হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গোটা বিমানবন্দর অন্ধকার হয়ে পড়ায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। অন্ধকার টার্মিনাল কিংবা বিমানের ভেতরেই অপেক্ষা করতে বাধ্য হন তাঁরা। দীর্ঘ ১১ ঘণ্টা পরে রোববার গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, হার্টসফিল্ড জ্যাকসন বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম একটি বিমানবন্দর। বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় আড়াই হাজার ফ্লাইট ওঠা-নামা করে। নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য প্রতিদিন সেখানে সমাগত হয় আড়াই লাখের বেশি যাত্রী। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিদ্যুৎ-বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় রোববার বেলা একটার পর বিমানবন্দরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জর্জিয়া পাওয়ার জানায়, মাটির নিচে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় আগুন লাগার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহকারী তার পুড়ে যায়। এতেই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ-সংযোগ।
রোববার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে যেতে বলা হয় কিংবা যেই বিমানবন্দর থেকে সেগুলোর আসার কথা ছিল, সেখানেই অবস্থান করতে বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অন্ধকারের মধ্যে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিলে বিমানবন্দরটিতে অতিরিক্ত পুলিশ পাঠানোর কথা নিশ্চিত করে স্থানীয় পুলিশ।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এখনো এক হাজারের মতো যাত্রী পুনর্নির্ধারিত ফ্লাইট ধরার অপেক্ষায় বিমানবন্দরে আছেন। নির্ধারিত ফ্লাইট কখন ছাড়বে, এ বিষয়ে নির্দিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আটলান্টার মেয়র কাসিম রিড বলেন, বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহকারী জর্জিয়া পাওয়ারের ভূগর্ভস্থ বৈদ্যুতিক-ব্যবস্থায় আগুন লাগার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত। যাত্রীদের দুর্ভোগের এ ঘটনায় ক্ষমা চেয়ে মেয়র বলেছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ফ্লাইটের গতিবিধি নজরদারিকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার বলেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিমানবন্দরটি থেকে উড্ডয়ন ও অবতরণ হওয়ার কথা ছিল এমন ১ হাজার ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়।