মার্কিন বিরোধিতার পালে হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁদের পক্ষের লোকজন পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছেন। মজার ব্যাপার হচ্ছে, এর ফলে ইরানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবে হাওয়া দেওয়া অনেক সহজ হয়ে উঠেছে।

কট্টরপন্থী ইরানিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার বিরুদ্ধে। আর এবার সে দেশের এক প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, আরেকজনের ই-মেইল ফাঁস নিয়ে বিতর্কে তাঁদের পোয়াবারো হয়েছে। এবারই প্রথম ইরানি সরকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের বিতর্ক সম্প্রচারের অনুমতি দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রার্থীদের বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। হিলারি ও ট্রাম্পের মধ্যকার শেষ বিতর্কের পর তিনি এক টুইটার বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবং দুই প্রার্থীর বিতর্ক প্রমাণ করে দিয়েছে, সেখানকার ক্ষমতাবানদের মধ্যে বিশ্বাস ও আধ্যাত্মিকতার ঘাটতি রয়েছে।

মার্কিনবিরোধী রক্ষণশীল ইরানিদের জন্য এ বিষয়টি খুবই উৎসাহব্যঞ্জক। গত বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছে। রক্ষণশীলেরা তখন আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই চুক্তির মাধ্যমে ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবকে অবমূল্যায়ন করা হয়েছে।

ইরানের রক্ষণশীল ইসলামি দলগুলোর জোটের নেতা হামিদরেজা তারাঘি বলেন, এই বছরের নির্বাচনী প্রচারণা মার্কিন রাজনীতিকে ‘হাস্যকর’ পর্যায়ে নিয়ে গেছে। তিনি বলেন, ‘এটা এমন প্রক্রিয়া, যা দুর্নীতিপরায়ণ এবং মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ভারসাম্যহীন প্রার্থীর সৃষ্টি করে। পুরো প্রক্রিয়াটি মার্কিন গণতন্ত্রের দুর্বলতা তুলে ধরে।’

উদারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট হাসান রুহানি গত রোববার এক টিভি অনুষ্ঠানে বলেন, জাতিসংঘে একটি দেশের নেতা আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি কোন প্রার্থীকে পছন্দ করি। জবাবে বলেছিলাম, ‘আমি কি খারাপ প্রার্থীকে পছন্দ করব, নাকি খারাপতরকে।’