মার্কিন বৈদ্যুতিক গ্রিডে রুশ হ্যাকারের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের বৈদ্যুতিক গ্রিডে রুশ হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এ খবর জানিয়েছে। 


মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, ভারমন্ট অঙ্গরাজ্যের বৈদ্যুতিক ব্যবস্থায় অস্বাভাবিক একটি কোডের উপস্থিতি দেখা গেছে। এটি রাশিয়ার হ্যাকার গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত। এটি সক্রিয় হলে ভারমন্ট অঙ্গরাজ্যের বৈদ্যুতিক ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে কী কারণে রুশ হ্যাকাররা বৈদ্যুতিক ব্যবস্থায় হামলা চালানোর লক্ষ্য নির্ধারণ করল, তা চিহ্নিত করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।

গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থায় সাইবার হামলার কারণে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎহীন এই অবস্থার জন্য রুশ হ্যাকারদের দায়ী করা হয়েছিল। তবে রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করেছিল।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ সাইবার হ্যাকারেরা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর নির্বাচনী দপ্তরের ডেটাবেইসে হামলা চালায় বলে অভিযোগ আছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কিছুদিন আগে বলেন, সাইবার হামলার মাধ্যমে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করে মস্কো। সিআইএ ও এফবিআইয়ের এই সিদ্ধান্তের ভিত্তিতে ওবামা রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেন গত বৃহস্পতিবার। এই ব্যবস্থার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কর্মরত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার এবং ম্যারিল্যান্ড ও নিউইয়র্কে রুশদের পরিচালিত দুটি গোয়েন্দা কার্যালয় বন্ধ করা। রুশ কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মস্কো তাৎক্ষণিক কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি।