মার্কিন মুলুকের দীর্ঘ পথে

শাহেদ একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশি ছেলে, তবে অনেক দিন টেক্সাসের আরলিংটন শহরে ছিল। আরলিংটন ছোট্ট ছিমছাম, কিন্তু জমজমাট শহর। ওখানের একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করে শাহেদ। পরে সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে যায়। চাকরি হয় নিউজার্সিতে। নতুন চাকরির জন্য শাহেদকে যেতে হয় আমেরিকার দক্ষিণ থেকে একেবারে পূর্ব কোণে। যাওয়ার কয়েক দিন আগে থেকে জিনিসপত্র গোছগাছ করে গাড়ির ট্রাংকে রাখছিল। টেক্সাসের ওর ওখান থেকে নিউজার্সির দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ মাইলের মতো। বিশ্রাম নিয়ে থেমে থেমে চালালে তিন দিনের ড্রাইভিং। শাহেদ ঠিক করল, একা ড্রাইভ করেই যাবে। মার্কিন মুল্লুকের দক্ষিণ থেকে পূর্বে যাওয়ার পথের দুই পাশের দৃশ্য দেখার লোভ না দেখে সামলাতে পারল না। তিন দিনের সে দীর্ঘ ড্রাইভিংয়ে অনেক অপরিচিত ছোট ছোট শহরে থেমেছিল শাহেদ। অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল সে যাত্রায়। সে অভিজ্ঞতা যেমন নতুন নতুন আনন্দের, তেমনি আবার ভয়েরও।
সেদিন শাহেদ যখন রওনা দিল, তখন দুপুর। সকালে হালকা বৃষ্টির মতো ছিল, কিন্তু যখন যাত্রা শুরু করল, তখন খটখটে রোদ। পরিচিত শহরটা ছেড়ে যেতে খারাপ লাগছিল শাহেদের। প্রায় পাঁচ বছর ছিল এই শহরে। সময়ের হিসাবে অনেক। শহরটার মায়ায় পড়ে গিয়েছিল ও। অন্য সময় শাহেদের লাল সিগন্যালে পড়লে বিরক্ত লাগত। কিন্তু সেদিন চলে যাওয়ার সময় যখন লাল সিগন্যালে পড়েছিল, তখন ওর মনে হচ্ছিল, ইশ্, লাল সিগন্যালটা যদি আরেকটু বেশি সময় ধরে থাকত!
যাত্রা শুরুর আধা ঘণ্টার মধ্যেই ব্যস্ত শহর ডালাস পার হয়ে গেল। এর ঠিক ৪০ মিনিট পরেই কম ট্রাফিকের হাইওয়েতে উঠল। হাইওয়ের দুই পাশে ঘন জঙ্গলের মতো। রাস্তাটা যেন আঁকাবাঁকা হয়ে জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছিল। দুপুরের খাড়া রোদ অনেক দূরের জঙ্গলের মাথায় চিকচিক করছিল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দৃশ্যটাকে বিশাল সাইজের এক পেইন্টিংয়ের মতো মনে হয়।
ঘণ্টা দুয়েক এভাবে চলার পরে বিকেল হয়ে এল। রোদটাও নরম হয়ে এল। হাইওয়ের দুই পাশে এখন আর জঙ্গলের মতো নেই, দুই পাশে বেশ খোলামেলা। যত দূর চোখ যায়, কেবল বিস্তীর্ণ মাঠের মতো জায়গা। মাঝেমধ্যে ছোট-বড় লেক। বিকেলের নরম আলোয় সেসব লেকের দৃশ্য যে কি চমৎকার, তা ভাষায় বলা কঠিন। বিকেলের আলো থাকতে থাকতেই শাহেদ অনেক শহর পার হয়ে গেল। গ্রিনভিল, সালফার স্প্রিং, ক্লার্ক ভিল, আরও কত কী নাম। পড়ন্ত বিকেলের আলোতে সেসব শহরের নামগুলোকে খুব সুন্দর লাগছিল। আরও কিছুক্ষণ চলার পরে শাহেদ বুঝল ও টেক্সাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আর অল্প গেলেই ঢুকে পড়বে আরকানসাস স্টেটে। মনে মনে ও বলল, বাই বাই টেক্সাস।
আরকানসাসের ওপর দিয়ে ড্রাইভ করার সময় শাহেদ বুঝল ও লিটলরক শহর পার হচ্ছে। লিটলরক শহরে আগে ও কখনো আসেনি। অনেকের মুখে এই শহর সম্পর্কে শুনেছে। এই শহরের ওপর দিয়েই যেহেতু যাচ্ছে তাই শাহেদ ভাবল, শহরটা একটু ঘুরেফিরে দেখে যাবে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। পরবর্তী গন্তব্য মিজৌরি। জিপিএসএ দেখল পাঁচ ঘণ্টার পথ। রাতে বেশিক্ষণ ড্রাইভ করা বিপজ্জনক। তাই লিটলরকে শাহেদ বেশিক্ষণ থাকল না। একটা কফি শপের বাইরে বসে কফি খেতে খেতে মানুষজনের আসা-যাওয়া দেখল। কলেজ এরিয়া মনে হলো। বেশির ভাগ স্টুডেন্ট। শাহেদের শীত লাগছিল, আর সন্ধ্যাও গড়িয়ে যাচ্ছে দেখে ও দ্রুত উঠে পড়ল। শহরের ভেতর কিছুক্ষণ ড্রাইভ করল। খুব সুন্দর ঝকঝকে শহর। মনে মনে ভাবল, আবার আসবে, হাতে অনেক সময় নিয়ে আসবে। আজকে আর দেখার সময় নেই। তাই আর কিছু না ভেবে সামনের একটা হাইওয়েতে উঠে পড়ল।
রাতের ড্রাইভিং খুব একটা আনন্দদায়ক না, তার ওপর আবার সে হাইওয়ে যদি হয় মাইলের পর মাইল গ্রামের ওপর দিয়ে। পথের দুই পাশে ঘুটঘুটে অন্ধকার। সামনে হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যায় না। নিকষ অন্ধকার ভেঙে শাহেদের গাড়ি ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পরপর দেখা গেল হরিণের সাইন। দুই পাশের জঙ্গল থেকে যেকোনো সময় হরিণ বা হরিণের দল রাস্তায় চলে আসতে পারে, তাই এসব সিগন্যাল দিয়ে চালককে আগেই সাবধান করে দেওয়া। ঘেঁটো এলাকার ওপর দিয়ে শাহেদ চলছে। একটু পরেই ওর মনে হলো, বিশাল এক ভুল করে ফেলেছে। লিটলরক শহর ছাড়ার আগেই গাড়িতে গ্যাস নেওয়ার দরকার ছিল। তখন খেয়াল ছিল না। গাড়িতে গ্যাস এখন শেষের দিকে, যা আছে তাতে আর বড়জোর ১২-১৫ মাইলের মতো যাবে। আর কাছাকাছি ১০ মাইলের মধ্যে কোনো গ্যাস স্টেশনও নেই যে গ্যাস নেবে। এমন জনমানবহীন ভুতুড়ে পরিবেশে যদি গাড়ি থেমে যায়, তাহলে কী হতে পারে, তা ভাবতেই এই শীতেও শাহেদের শরীরে ঘাম দিয়ে উঠল।
নির্জন সে হাইওয়েতে একটু পরেই সমস্যার শুরু হলো। গাড়িতে গ্যাস নেই সে জন্য নয়, সম্পূর্ণ অযাচিত এক কারণে শাহেদকে গাড়ি থামাতে হলো। ৬০ মাইল ঘণ্টার সেই রাস্তায় শাহেদ ৬০ মাইল বা এরও কিছুটা কম গতিতে গাড়ি চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কোথা থেকে এক পুলিশের গাড়ি ওর পেছনে এসে বাতি জ্বেলে দিল। পুলিশের গাড়িটা আশপাশে কোনো ঝোপের আড়ালে লুকিয়ে ছিল, শাহেদ আগে খেয়াল করেনি। পুলিশের গাড়ি দেখে ওর বুকটা ধক করে উঠল। শাহেদ গাড়ির গতি কমিয়ে ধীরে ধীরে রাস্তার পাশে থামল। গাড়ির ভেতরে থেকেই অপেক্ষা করতে লাগল। শাহেদ নিশ্চিত যে ওকে স্পিডিংয়ের জন্য থামানো হয়নি। অন্য কোনো ব্যাপার।
টর্চ হাতে মোটাসোটা এক পুলিশ অফিসার শাহেদের গাড়ির জানালার কাছে এসে জিজ্ঞাসা করল ও কোথা থেকে আসছে আর যাবে কোথায়। শাহেদ খুব ভদ্রভাবে হাসিমুখে জবাব দিল। অফিসার ওর গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইল। শাহেদ দিল। অফিসার সবকিছু নিয়ে, শাহেদকে একটু অপেক্ষা করতে বলে, নিজের গাড়িতে চলে গেল। শাহেদ রিয়ার গ্লাসে দেখল অফিসার বেশ মনোযোগ দিয়ে ওদের সিস্টেমে তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। শাহেদের বুকের ভেতরটায় চিনচিন করে উঠল। মনে মনে ভাবল, ব্যাটা এত সময় নিয়ে কী দেখছে। মিনিট দশেক পরে অফিসার ফিরে এল। এসে বলল, তুমি কি গাড়ি থেকে একটু বের হতে পারবে? এই কথা শুনে শাহেদের হাত-পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। পুলিশ অফিসারের গাড়ি থেকে বের হতে বলা ভালো লক্ষণ নয়। শাহেদ বের হলো। অফিসার হাসি মুখে বলল, তোমার গাড়ির সামনে গিয়ে হেডলাইটের দিকে তাকাও। শাহেদ তাকিয়ে দেখল বাম পাশের হেডলাইটের একেবারে নিভু নিভু অবস্থা। অফিসার বলল, এই অবস্থায় ড্রাইভিং করা বিপজ্জনক। আমি তোমাকে কোনো টিকিট (জরিমানা) দিলাম না, শুধু ওয়ার্নিং দিলাম। আজ রাতের মধ্যেই ঠিক করে ফেলো। ঠিক না করে ড্রাইভিংয়ের কথা চিন্তাও করো না।
শাহেদ মনে মনে খুশি হলো। ভেবেছিল কঠিন কোনো বিপদে হয়তো পড়েছিল। আর এত কোনো ব্যাপারই না, মাত্র একটা হেডলাইট ঠিক করানো। শাহেদ অফিসারকে বলল, তোমার জানামতে আশপাশে কি এমন কোনো জায়গা আছে যেখানে ঠিক করাতে পারি? অফিসার একটু চিন্তা করে বলল, মাইলখানেক দূরে একটা কার রিপেয়ার শপ আছে। গিয়ে দেখতে পারো। শাহেদ বলল, কীভাবে যেতে হয় বলতে পারবে?
অফিসার বলল, হ্যাঁ, এই পথে দেড় মাইল যাওয়ার পরে রোল অ্যান্ড রক ৬৭-এ এক্সিট নেবে। এক্সিট নেওয়ার পরে ডান দিকে প্রথম যে রাস্তাটা চলে গেছে, তাতে ১৫ মিনিটের মতো গেলেই দোকানটা দেখতে পাবে। সহজ পথ। দোকানের নাম রিকিস অটো সার্ভিস।
অফিসারটাকে শাহেদের বেশ ভালো লাগল। সে একবারের জায়গায় তিনবার ধন্যবাদ দিয়ে রিকিস অটো সার্ভিসের দিকে রওনা দিল।
অফিসারের কথামতো যাওয়ার পরেই এক্সিটটা দেখা গেল। শাহেদ এক্সিট নিয়ে ডান পাশের রাস্তায় উঠল। রাস্তাটা সরু আর ভাঙা। সঙ্গে ঘুটঘুটে অন্ধকার। ওর ভয় হচ্ছিল গাড়ি নিয়ে না আবার পাশের খানাখন্দে পড়ে যায়। ওই রাস্তায় মনে হলো আধা ঘণ্টার মতো চালাল। ধীরে ধীরে যাচ্ছে বলে হয়তো সময় বেশি লাগছে। শাহেদ ঘন ঘন দুই পাশে চোখ রাখছিল রিকিস নামটা দেখা যায় কি না। একসময় দেখা গেল। ভাঙাচোরা একটা দালানের মতো দোকান। দোকানের মাথায় টিমটিমে লাল একটা বাতি জ্বলছিল, তাতেই দোকানের নামটা যা বোঝা যাচ্ছিল।
এক মধ্যবয়স্ক লোককে দেখা গেল ভেতরের ঘরে অলসভাবে বসে আছে। শাহেদকে দেখে বলল, কীভাবে সাহায্য করতে পারি? শাহেদ সবকিছু খুলে বলল। শুনে মুখে একটা বিরক্তির ভাব নিয়ে লোকটি গাড়ি দেখার জন্য বাইরে বেরিয়ে এল। দেখে বলল, আমি আসলে ইলেকট্রিক কোনো কাজ করি না। তবে আমার বস (ওস্তাদ) করে।
শাহেদ বলল, তোমার বসকে কোথায় পাব?
লোকটি বলল, ওই তো সামনের দোকানটাই।
কি নাম তোমার বসের?
আব্রাম। আচ্ছা চলো আমার সঙ্গে। বলে দিচ্ছি।
শাহেদ ভাবল সেই ভালো।
গিয়ে দেখা গেল লোকটির বস দোকানে নেই। লোকটি আশপাশে তাকিয়ে আব্রাম আব্রাম বলে অনেকবার ডাকল। কিন্তু কিসের আব্রাম, কোনো পাত্তাই নেই। লোকটি বলল, বুঝেছি, কোনো কাস্টমার নেই দেখে বারে বসে মদ গিলছে।
চলো আমার সঙ্গে।
শাহেদ আশপাশে তাকিয়ে বলল, কোথায়?
কেন, বারে, যেখানে গেলে আমার বসকে পাওয়া যাবে। বেশি দূরে নয়, কাছেই।
শাহেদের অস্বস্তি লাগছিল। এই গ্রাম্য পরিবেশে চেনা নেই জানা নেই এমন লোকের সঙ্গে যাবে। আর বারইবা কত দূরে কে জানে। হেডলাইটের জন্য দেখা যাচ্ছে বেশ ঝামেলাতে পড়ল। অন্য কোনো উপায় নেই ভেবে, শাহেদ লোকটিকে বলল, ঠিক আছে চলো।
জঙ্গলের মাঝ দিয়ে পথ। আগের দিন হয়তো তুষার ঝড় হয়েছিল, পথের দুই পাশে অনেক বরফ জমে আছে। চারপাশে অন্ধকার। লোকটি টর্চ হাতে আগে আগে চলতে লাগল। বেশিক্ষণ যেতে হলো না। মিনিট পাঁচেক যাওয়ার পরেই দেখা গেল বড় রাস্তা। রাস্তার দুই পাশে অনেক দোকানপাট আর বার। দোকানগুলো বন্ধ, কিন্তু বারগুলোতে অনেক লোকজনের আসা-যাওয়া। শাহেদ বুঝল জঙ্গলের রাস্তাটা ছিল আসলে শর্টকাট, তাই লোকটি এই পথে এনেছে।
শাহেদ লোকটির সঙ্গে একটা বারে ঢুকে পড়ল। ভেতরে অল্প কয়েকজন লোক, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। লোকজনের চেহারাতে গ্রাম্য আমেরিকান ছাপ। কারও কারও মাথায় কাউবয় টাইপের টুপি। বেশির ভাগ লোকজনই বয়স্ক, আর তারা বসে বসে ঝিমোচ্ছিল। সারা দিনের কাজকর্ম শেষে এটাই হয়তো তাদের বিনোদনের জায়গা, গভীর রাত পর্যন্ত মদ খেয়ে চুর হয়ে থাকা।
এক কোনাতে লোকটির বসকে পাওয়া গেল। লোকটি তার বসের সঙ্গে শাহেদকে পরিচয় করিয়ে দিয়ে সব কথা বলল। সঙ্গে এ-ও বলল যে যত দ্রুত সম্ভব ঠিক করানো দরকার।
লোকটির বস কথাগুলো শুনল কি না বোঝা গেল না। আর লোকটিকে দেখে শাহেদের ও ভরসা হচ্ছিল না। বয়স্ক এক লোক (আন্দাজ ৬০-৬৫ বছর) মদ খেয়ে এতই মাতাল যে ঠিকমতো নড়াচড়াই করতে পারছে না, আর গাড়ি ঠিক করবে কীভাবে!
একসময় শাহেদের মনে হলো লোকটি বোধ হয় কাস্টমার ছাড়তে চাচ্ছে না, ওকে বসিয়ে রেখে সময় নিচ্ছে। চুপচাপ বসে থেকে আর আশপাশে তাকিয়ে আধা ঘণ্টার মতো চলে গেল। শাহেদ যেখানটায় বসেছিল তার পাশেই একটা জানলার মতো। ওখান দিয়ে তাকালে দোকানের পেছনের দিকটা দেখা যায়। সেখানে ঘন জঙ্গলের মতো। শীতের রাতে অজানা অচেনা এক গ্রাম্য বারে মানুষজনের হালকা কোলাহল, আর সঙ্গে বাইরে ঘন জঙ্গল—সব মিলিয়ে অন্য রকম একটা পরিবেশ।
সেদিন রাতে গাড়ির হেডলাইট ঠিক করে মিসৌরিতে বন্ধুর বাসায় পৌঁছাতে শাহেদের বাজল রাত তিনটা। মার্কিনিদের কাছে যা অবশ্য সকাল তিনটা। গল্পগুজব করে, রাতটা থেকে, পরদিন সকালে শাহেদ আবার রওনা হলো। এবারের গন্তব্য ইন্ডিয়ানা। ওখানে আগে একটা হোটেল বুক করা ছিল। রাতে আর ড্রাইভ করবে না। সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাবে আশা করল।
সকালে কড়া কফি খেয়ে শাহেদের যাত্রা শুরু হলো। গান শুনতে শুনতে ড্রাইভ করছিল। বেশ ফুরফুরে মেজাজ। তবে তা বেশিক্ষণ থাকল না। একটু পরেই দেখল হাইওয়েতে সামনে বিশাল জ্যাম। শাহেদ ভাবল, কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে হয়তো। খুব ধীরে ধীরে গাড়ি চলছে, সামনে গাড়ির বিশাল লাইন। শাহেদের মনের ফুরফুরে ভাবটা উবে যেতে লাগল। কে জানে কখন রাস্তা ফাঁকা হয়। আরেকটু সামনে যেতেই দেখল কনস্ট্রাকশনের কোনো কাজ না, অ্যাক্সিডেন্ট। খুব বাজে অ্যাক্সিডেন্ট মনে হলো। কয়েকটা পুলিশের গাড়ি জায়গাটা ঘিরে রেখেছে, আর এক এক করে পাশের রাস্তা দিয়ে গাড়ি পাস করাচ্ছে। পাস করার সময় শাহেদ দেখল, একটা এসইউভি গাড়ি উল্টে পড়ে আছে, আর পুলিশ অফিসাররা তার ভেতর থেকে লোকগুলোকে টেনে বের করার চেষ্টা করছে। লোকগুলো জীবিত না মৃত, বোঝা গেল না। এই দৃশ্য দেখে শাহেদের মন খুব খারাপ হয়ে গেল।
আরও ঘণ্টাখানেক চলার পর শাহেদ এসে পড়ল লালচে পাহাড়ি এলাকায়। যে হাইওয়েতে শাহেদ গাড়ি চালাচ্ছে, তা-ও বানানো হয়েছে এক পাহাড়ের কিনারা ঘেঁষে। কিছুক্ষণ পরপর দেখা গেল পাহাড়ের গা কেটে বানানো হয়েছে টানেল, আর তার মধ্য দিয়ে রাস্তা। চলতে চলতে হঠাৎ আলো থেকে টানেলের ভেতর ঢুকে পড়লে চোখে কেমন যেন ধাঁধা লাগে, চোখ একটু সময় নেয় ধাতস্থ হতে।
হাইওয়ের ডানে পাহাড় আর বাম পাশে গভীর খাদ। প্রকরটির কী বিচিত্র কম্বিনেশান। গভীর সেই সব খাদের দেয়াল লালচে আর তাদের গায়ে অনেক স্পষ্ট আড়াআড়ি দাগ। সেই সব দেখে শাহেদের মনটা নিজের অজান্তেই একটু বিজ্ঞানমনস্ক হয়ে পড়ল। মনে মনে ভাবল, খাদের গায়ে সেই সব দাগ নির্দেশ করে এক একেকটা জিওলজিক্যাল টাইমলাইন। কত মিলিয়ন মিলিয়ন বছর সময় লেগেছে এসব স্তর তৈরি হতে, আর তাতে আটকা পড়ে আছে কত প্রাগৈতিহাসিক জীবাশ্ম। পৃথিবীর বিবর্তনের সময়সীমায় আমরা মানুষেরা তো এলাম মাত্র সেদিন। তার আগে কত প্রাণী এসেছে, আবার টিকতে না পেরে বিলুপ্তও হয়ে গেছে। ভাঙাগড়ার কত অস্থির সময় কেটেছে এই পৃথিবীতে।
এসব কথা ভেবে ড্রাইভ করতে করতে দুপুর হয়ে গেল। শাহেদ ক্ষুধা বোধ করল। গাড়িতে বেশি একটা গ্যাস নেই। শাহেদ ভাবল, কোনো একটা শহরে ঢুকে পড়ি। আই-৭০ ধরে চলছিল। একটু পরেই চোখে পড়ল সেন্ট লুইস শহরের এক্সিট। সেন্ট লুইস বড় শহর। শাহেদ স্পিড কমিয়ে এক্সিট নিয়ে নিল।
মোটামুটি খরচের একটা রেস্টুরেন্টে খেয়ে আর গাড়িতে গ্যাস নিয়ে শাহেদ বের হলো শহরটা একটু ঘুরেফিরে দেখবে বলে। সামনে এক বিলবোর্ডে লেখা, আর মাত্র এক মাইল গেলেই ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস। ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি। শাহেদ আগে আসেনি। ভাবল, কাছেই যেহেতু ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখে যাই।
ক্যাম্পাসটা ছড়ানো-ছিটানো, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলো যেমন হয় আরকি। শাহেদ যে দিকটায় গেল, তাকে বলে ডেনফোর্ট ক্যাম্পাস। এর আরেকটি নাম ‘ট্রি ক্যাম্পাস’। সেখানে বিশাল জায়গাজুড়ে আছে প্রায় চার হাজারের মতো বিভিন্ন প্রজাতির গাছ। পুর জায়গাটা ছায়া ছায়া ভাব। অনেককে দেখা গেল একাকী গাছে হেলান দিয়ে বসে বই পড়ছে। কেউ কেউ অনেকের সঙ্গে গাছের ছায়ায় বসে গল্প করছে, হাসাহাসি করছে। ডান দিকে একটু দূরে একটা কৃত্রিম ফোয়ারা, তার পাশ দিয়ে চলে গেছে হাঁটার একটা পথ। পথের দুই পাশে সাইপ্রাস আর ওক গাছ। লালচে আর হলুদ রঙের শুকনো পাতা ঝড়ে পড়ে আছে সে পথে। মাঝেমধ্যে দমকা বাতাসে পাতাগুলো এলোমেলো উড়ে বেড়ায়। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলে মাথায় কেমন যেন ঝিম ধরে আসে।
বিকেল গড়িয়ে যাচ্ছে দেখে শাহেদ উঠে পড়ল। রাত হওয়ার আগেই ইন্ডিয়ানা পৌঁছাতে হবে। সন্ধ্যার ঠিক পরপরই অবশ্য সে হোটেলে পৌঁছে গেল। কোনো ঝামেলা হলো না। রাতে আগে আগে শুয়ে পড়ল। পরদিন উঠে সকাল সকাল আবার ড্রাইভিং শুরু করতে হবে, যাতে সারা দিন ড্রাইভ করে আবার ঠিক রাত হওয়ার আগেই ওর শেষ গন্তব্যে (নিউজার্সি) পৌঁছাতে পারে।
পরদিন সকালে শাহেদ উঠে দেখে, আবহাওয়ার অবস্থা খুব খারাপ। ঘন কুয়াশা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। কফি খেয়ে হোটেলে বসে শাহেদ কিছুক্ষণ চিন্তা করল, এই আবহাওয়াতে বের হবে কি না। ভাবল, একটু অপেক্ষা করে দেখা যাক, কিছুটা উন্নতি হয় কি না। তার ঠিক পর মুহূর্তেই ভাবল, ধুর বেরিয়ে পড়ি। পরে বেরিয়েই পড়ল। শহর ছেড়ে হাইওয়েতে উঠে দেখে, অতটা মন্দ নয়। কুয়াশা থাকলেও হাইওয়েতে তা হালকা, সামনে বহুদূর ভালোই দেখা যায়।
সেদিনের সারা দিনটাই ছিল মেঘলা আর কুয়াশা ঢাকা। পথের দুই পাশের দৃশ্য দেখার তেমন সুযোগ মিলল না। বিকেলের দিকে শাহেদ যখন ওয়েস্ট ভার্জিনিয়ার ওপর দিয়ে চলছিল, তখন দেখল হালকা বরফ পড়তে শুরু করেছে। নিউজার্সি আর বেশি দূরে নয়। জিপিএস দেখে বুঝল, নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাবে। শাহেদের হঠাৎ কফির পিপাসা পেল। ওয়েস্ট ভার্জিনিয়ার একটা শহরে ঢুকে পড়ল কফি খাবে বলে। কফি খেয়ে শহরের আশপাশটা ঘুরেফিরে শাহেদ আবার ড্রাইভিং শুরু করল। এবার আর কোথাও থামবে না ও। মনে মনে ঠিক করল, এক টানেই এবার নিউজার্সি।
শাহেদ জার্সি শহরে ঢোকার এক্সিটটা যখন নিল, তখন রাত হয়ে গেছে। হাইওয়েটা একটু উঁচুতে, তাই এক্সিট নেওয়ার ঠিক পরপরই সামনে দূরে দেখা গেল জার্সি শহর। পুরো শহরটা দূর থেকে একসঙ্গে দেখা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল, শহরে যেন কোনো উৎসব। শহরটার ওপর দিয়ে লাল-নীল আলোর বন্যা বয়ে যাচ্ছে। দূর থেকে সে দৃশ্য দারুণ সুন্দর। শাহেদ হাত ঘড়ির দিকে তাকাল। বাজে ৯টা ২০। দীর্ঘ যাত্রার সমাপ্তি হলো অবশেষে।
শেষ কথা
এই লেখাটা শেষ কথা না দিয়েও শেষ করা যেত, কিন্তু তাহলে কিছু একটা যেন বাদ থেকে যেত। যাত্রার শেষের দিকে শাহেদ ওয়েস্ট ভার্জিনিয়ার এক শহরে যখন থেমেছিল, তখন দেখেছিল এক অদ্ভুত দৃশ্য। তখন সন্ধ্যা হয়ে গেছে। হালকা হালকা বরফ পড়ছে। শাহেদের গাড়ি ধীরে ধীরে চলছিল সরু গ্রাম্য এক পথ ধরে। পথের দুই পাশে নাম না জানা অপরিচিত লতাপাতা আর ফুলের গাছ। একটু পরপর ছোট ছোট জীর্ণ ঘরবাড়ি। চলতে চলতে হঠাৎ শাহেদ চলে এল একটা সেমিট্রির (যেখানে খ্রিষ্টানদের কবর দেওয়া হয়) পাশে। সেমিট্রির চারপাশটা খোলা, কোনো দেয়াল নেই। গ্রামের সেমিট্রি বলে হয়তো এমন। চারিদিক সুনসান নীরব। রাস্তা থেকে দেখা যাচ্ছিল সেমিট্রির সারি সারি এপিটাফ, আর তাদের ওপরে রাখা বিভিন্ন ধরনের ফুল। বাতাসে একধরনের সুবাস, হয়তো ওই সব ফুল থেকে আসছে। আশপাশ প্রায় জনহীন। শুধু একদিকে একটা এপিটাফের পাশে দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে। হাতে ফুল। পাশে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা। বাচ্চার বয়স দুই কি তিনের মতো। বাচ্চার হাতে কী যেন একটা খেলনা, বুকে জড়িয়ে ধরে আছে। মহিলা এক দৃষ্টিতে সামনের এপিটাফটার দিকে তাকিয়ে আছে, আর ঘন ঘন চোখ মুছছে। প্রিয়জন হারানোর শোকে হয়তো কাঁদছে। সঙ্গের বাচ্চাটা কিছু বুঝছে না, কিছুক্ষণ পরপর কেবল আশপাশে তাকাচ্ছে। আশপাশে তাকানো শেষ হলে পরে মায়ের বেদনার্ত মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকছে। সেই নির্জন সন্ধ্যায়, সে হালকা তুষার ঝরা পরিবেশে দৃশ্যটা যে কি অদ্ভুত, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। শাহেদ গাড়ি থামিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
ঠিক এক বছর আগে শাহেদ দৃশ্যটা দেখেছিল। কিন্তু এখনো তার স্পষ্ট মনে আছে। ল্যাব থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় যখন তুষার পড়া শুরু হয়, তখন শাহেদের মনে হয় সেই ফুটফুটে বাচ্চাটা হয়তো এখনো সেই সেমিট্রিতে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। মা চোখের পানি মুছছে, আর বাচ্চাটা সে মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে গভীর কোনো রহস্যের কূলকিনারা খুঁজে বেড়াচ্ছে।
(ফিলাডেলফিয়া থেকে)