মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের চেয়ে কারাগার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এমন এক দেশ, যেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চেয়ে কারাগারের সংখ্যা বেশি। ২০১৪ সালের হিসাবমতে, এ দেশে ডিগ্রি দেয় এমন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪ হাজার ৫৯৯। অন্যদিকে মোট কারাগারের সংখ্যা পাঁচ হাজারের বেশি।
ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মাথাপিছু বন্দীর সংখ্যা বেশি—প্রতি লাখে ৭০৭ পূর্ণবয়স্ক পুরুষ বা নারী। এদের অধিকাংশই আফ্রিকান-আমেরিকান।
যুক্তরাষ্ট্রে সরকারিভাবে পরিচালিত কারাগারের সংখ্যা ১ হাজার ৮০০। এসবের অধিকাংশই হয় ফেডারেল সরকার বা রাজ্য পর্যায়ের। কিন্তু এর বাইরেও রয়েছে প্রায় ৩ হাজার ২০০ স্থানীয় জেলা বা ছোট শহর পর্যায়ের জেল। এই দুই সংখ্যা যোগ করলে যুক্তরাষ্ট্রে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চেয়ে কারাগারের সংখ্যা ৪০০-এর বেশি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে কারাগার ও বন্দীর সংখ্যা সর্বাধিক। অধিকাংশ ক্ষেত্রেই জনসংখ্যা কম, এমন রাজ্যে ও লোকালয়েই কারাগার বেশি। ফলে, এমন জনপদও আছে যার মোট জনসংখ্যার ২০ থেকে ৩০ শতাংশই কারাবন্দী। যেমন, নিউইয়র্ক রাজ্যের উত্তরে প্রায় ৩০ শতাংশ মানুষ কোনো না কোনো কারাগারে বন্দী। কারাগার ও বিশ্ববিদ্যালয়ের অনুপাতে অন্য সবাইকে ছাড়িয়ে গেছে পেনসিলভ্যানিয়ার কাম্বারল্যান্ড কাউন্টি। এই জেলার মোট জনসংখ্যা ২ লাখ ৩৫ হাজার। এখানে রয়েছে সাতটি কলেজ এবং ৪১টি কারাগার।
বন্দীর সংখ্যার হিসাবেও যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর। ২০০৮ সালের পরিসংখ্যান অনুসারে, বিশাল এ দেশে বিশ্বের মাত্র ৫ শতাংশ মানুষের বাস। অথচ বিশ্বের বন্দী জনসংখ্যার ২৫ শতাংশই যুক্তরাষ্ট্রে। বন্দীদের প্রায় ৫৮ শতাংশ হয় কৃষ্ণকায়, অথবা হিস্পানিক। শ্বেতকায়দের তুলনায় বন্দী কৃষ্ণকায়দের সংখ্যা ছয় গুণ বেশি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে কারাগার ও বিচারব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রায় সর্বত্রই পুলিশ বাহিনীর সদস্যের বৃহদংশ শ্বেতকায়। অনেক ক্ষেত্রে কালো ও হিস্পানিকদের প্রতি তাদের ব্যবহার বৈষম্যমূলক।