মার্কিন রণতরি মোতায়েন একটি বেপরোয়া আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরি মোতায়েনের পদক্ষেপে প্রচণ্ড ক্ষুব্ধ উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় পরমাণু শক্তিধর দেশটি সতর্ক করে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে বলেছেন, রণতরি মোতায়েন যুক্তরাষ্ট্রের বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ। তাদের পদক্ষেপ পরিস্থিতিকে গুরুতর পর্যায়ে নিয়ে গেছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর পর এ নিয়ে এই প্রথমবারের মতো মুখ খুলল নিভৃতকামী উত্তর কোরিয়া। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র যে ধরনের যুদ্ধেই নামতে চাক, তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।

মার্কিন বিমানবাহীর রণতরি কার্ল ভিনসনের এ সপ্তাহান্তে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু উত্তর কোরিয়ার ‘ক্রমবর্ধমান হুমকির’ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সে পরিকল্পনা বাতিল করে জাহাজটি শক্তি প্রদর্শনের জন্য কোরীয় উপদ্বীপে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি ছোট-বড় রণতরির বহর ইতিমধ্যে রওনা হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েন প্রমাণ করে আত্মরক্ষার্থে পরমাণু সক্ষমতা অর্জনের অধিকার উত্তর কোরিয়ার আছে। সামনের দিনগুলোতে কোনো বিপর্যয়কর পরিস্থিতি হলে এর সম্পূর্ণ দায়িত্ব মার্কিন কর্তৃপক্ষের ওপরে বর্তাবে।

এর আগে চীন তার প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে ব্যর্থ হলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ট্রাম্প এককভাবে পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন। তবে ট্রাম্পের এ ধরনের হুমকি উত্তর কোরিয়া খুব একটা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না।