মার্কিন রাজনীতিতে এগিয়ে আসছেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ। নিউইয়র্ক থেকে নিউজার্সি, মিশিগান থেকে জর্জিয়া, পেনসিলভানিয়া থেকে থেকে ক্যালিফোর্নিয়া সর্বত্র বাংলাদেশি বংশোদ্ভূতরা উঠে আসছেন মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে। সেই তালিকার পরিসর বাড়ছে। ছোট ছোট নগরের পরিচালনা পর্ষদ সদস্য বা সিটি কাউন্সিল মেম্বার থেকে এবার কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন ড. নীনা আহমেদ।
মার্কিন কংগ্রেসে সরাসরি একজন বাংলাদেশি অভিবাসীর নির্বাচিত হওয়ার ঘটনা এর আগে ঘটেনি। তবে মিশিগান থেকে হানসেন ক্লার্ক নামের একজন কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছিলেন, যার পৈতৃক সম্পর্ক ছিল সিলেটের সঙ্গে।
নিউজার্সি
নিউজার্সির ছোট শহর হেলডন সিটির কাউন্সিলওম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন তাহসিনা আহমেদ। নিউজার্সির পার্সপ্লেনিতে জন্মগ্রহণকারী তাহসিনা মা-বাবার সঙ্গে দুই বছর বয়সে হেলডনে আসেন। নিউজার্সির নামকরা মনমাউথ ইউনিভার্সিটিতে সমাজকর্মে মাস্টার্স করছেন তাহসিনা। অধ্যয়নরত অবস্থায়ই তিনি কমিউনিটি সার্ভিসের পথ ধরে ৩ বছর আগে সিটি কাউন্সিলে জয়ী হয়েছেন। এবার পুনর্নির্বাচিত হওয়ায় তাহসিনার স্বপ্নের দিগন্ত আরও বিস্তৃত হলো। তাহসিনা ওই ছোট শহর থেকে যাত্রা শুরু করলেও উচ্চশিক্ষা শেষে জাতীয় পর্যায়ের রাজনীতিতে অবতীর্ণ হতে আগ্রহী। তাহসিনার বাবা সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের সন্তান।
একই অঙ্গরাজ্যের প্লেইন্স বরো টাউনশিপে কাউন্সিলম্যান হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। মূলত ড. নূরন্নবী প্রথমদিককার একজন ব্যক্তি হিসেবে নগর পরিচালনায় নাম লিখিয়ে আলোচনায় আসেন বাঙালি কমিউনিটিতে। এরপর সেই তালিকা আরও লম্বা হয়েছে।
এর বড় প্রমাণ নিউজার্সির তৃতীয় বড় শহর প্যাটারসন সিটি কাউন্সিলম্যান হিসেবে পরপর দুবার নির্বাচিত হয়েছেন দুজন বাংলাদেশি। বর্তমান কাউন্সিলম্যান শাহিন খালিক যে প্যাসিক কাউন্টি থেকে নির্বাচিত হয়েছেন, সেই আসনে এর আগে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন আরেক বাংলাদেশি রাজনীতিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান।
মিশিগান
মিশিগানের ডেট্রয়েটের পাশের শহর হ্যামট্রামিকে এরই মধ্যে দুজন দায়িত্ব পালন করছেন সিটি কাউন্সিলম্যান হিসেবে। আবু মুসা, আনাম মিয়া। কিন্তু শুরুতে তিনজন কাউন্সিলম্যানই ছিলেন বাংলাদেশি।
এই শহরের মেয়র পদে প্রথমবারের মতো লড়েছিলেন সাবেক কাউন্সিলম্যান মোহাম্মাদ কামরুল হাসান। নিজেদের মধ্যে সমঝোতার সংকটে হ্যামট্রমিক সিটি মেয়র নির্বাচনে জয়ী হতে না পারলেও সেখানকার রাজনীতিতে বাংলাদেশিদের এই প্রভাব বলে দিচ্ছে, অচিরেই ওই হ্যামট্রমিকের পরিচালনার দায়িত্ব আসছে কোনো একজন বাংলাদেশির হাতেই।
হ্যামট্রমিক সিটির মোট ভোটারের অধিকাংশই মুসলমান। এর বড় অংশ হচ্ছে বাংলাদেশিরা। গত কয়েক টার্মে এই সিটির ছয় কাউন্সিলম্যানের তিনজনই বাংলাদেশি ছিলেন। অর্থাৎ ক্রমান্বয়ে বাংলাদেশিদের দখলে আসছিল এই সিটি। সে প্রেরণা থেকেই এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন বিদায়ী কাউন্সিলম্যান কামরুল হাসান। বর্তমান মেয়র ক্যরেনকে কামরুল হাসানসহ আরেক বাংলাদেশি চ্যালেঞ্জ করেছিলেন দলীয় প্রাইমারিতে। প্রাইমারিতে মোহাম্মদ হাসান টিকে গেলেও বাংলাদেশি ভোটারের মধ্যেকার বিভক্তি অবসানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তিনি। পরিণতিতে গত ৭ নভেম্বরের নির্বাচনে বর্তমান মেয়র ক্যরেন মাজেওয়াস্কি ৬১ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের জন্যে নির্বাচিত হয়েছেন।
পেনসিলভানিয়া
‘পেনসিলভানিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১’ থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য এরই মধ্যে প্রচার শুরু করেছেন ড. নীনা আহমেদ। ওই আসনের বর্তমান কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) রবার্ট ব্র্যাডির বিরুদ্ধে নির্বাচনী তহবিল তছরুপের গুরুতর অভিযোগের তদন্ত চালাচ্ছে এফবিআই। ইতিমধ্যেই ওই অপকর্মে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। এ অবস্থায় সামনের বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ব্র্যাডির প্রার্থিতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। আর এখন ডেমোক্রেটিক পার্টির বলিষ্ঠ সংগঠক ড. নীনা মাঠে নামলেন।
ফিলাডেলফিয়াসহ আশপাশে ভোটার হিসেবে তালিকাভুক্তদের ৭৮ শতাংশেরও বেশি হচ্ছে ডেমোক্র্যাট। অর্থাৎ দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে (প্রাইমারি) জয়ী হলেই মূল নির্বাচনে জয়ী হওয়ার শামিল। নীনা আহমেদ যদি কংগ্রেসের মূল নির্বাচনে উঠে আসেন, তাহলে সেটি হবে একটি বড় মাইলফলক।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটির পাশে আপারডারবি টাউনশিপ হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় টাউনশিপ। ৬৫টি ভাষার মানুষের এ সিটির ভোটার ১ লাখের মতো। কাউন্সিলম্যান রয়েছেন ১১ জন। এর মধ্যে মাত্র একজন বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি শেখ মোহাম্মদ সিদ্দিক। নিজের অবস্থানকে সুসংহত রাখার পাশাপাশি তিনি কমিউনিটির লোকজনকে মূলধারায় আরও বেশি সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছেন। তাঁর মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট হিসেবে শেখ সিদ্দিক বৃহত্তর ফিলাডেলফিয়ায় প্রবাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইতিমধ্যেই বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বহুজাতিক এ সিটিতে সমুন্নত রাখতে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
ফিলাডেলফিয়া ও আপারডারবির মধ্যে অবস্থিত মিলবোর্ন সিটি। ১২ শতাধিক জনসংখ্যা-অধ্যুষিত এই সিটির পাঁচ কাউন্সিলম্যানের চারজনই বাংলাদেশি। তাঁরা হলেন নূরুল হাসান, ফেরদৌস ইসলাম, মনসুর আলী মিঠু ও মাহবুবুল আলম তৈয়ব। অপর কাউন্সিলম্যান হলেন ভারতীয় আমেরিকান জাস্টিন স্কারিয়াহ। তিনিই হচ্ছেন এই সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট। আসছে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পর নতুন কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন নূরুল হাসান।
জর্জিয়া
দক্ষিণের রাজ্য জর্জিয়ার আটলান্টার পার্শ্ববর্তী ডোরাভিল শহরের কাউন্সিলর পদে জয়ী হয়েছেন একজন বাংলাদেশি। সেটিও প্রায় বছর দুয়েক আগের ঘটনা। আটলান্টা থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ড. রশীদ আহমেদ নামের আরেক বাংলাদেশি। তিনি ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে জিততে পারেননি।
নিউইয়র্ক
এককভাবে সবচেয়ে বেশি সংখ্যায় বাংলাদেশিদের বসবাস নিউইয়র্কে। সেই নিউইয়র্কের নগর পরিচালনায় বাংলাদেশিরা নাম লেখাতে চান দারুণভাবে। সেই প্রমাণ মিলেছে চলতি বছরের সিটি কাউন্সিল নির্বাচনের প্রাইমারিতে। বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকা আর ব্রুকলিনের ওজোনপার্ক থেকে দুজন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তাঁরা প্রাইমারির সীমারেখা পার হতে পারেননি।
জ্যামাইকা, জ্যামাইকা হিলস, পার্কওয়ে ভিলেজ, ব্রায়ারউড, জ্যামাইকা এস্টেট, হিলক্রেস্ট, ফ্রেশ মেডোজ, ইলেক্টচেস্টার, পমোনক এবং কিউ গার্ডেন্স এলাকা থেকে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশি টি রহমান। এখানকার মোট ভোটারের ২৫ শতাংশের মতো বাংলাদেশি। এশিয়ান ভোটারের সংখ্যা অর্ধেকেরও বেশি। হারুন ছিলেন একমাত্র এশিয়ান প্রার্থী। তবুও জয়ী হতে পারেননি নির্বাচনে।
অপরদিকে প্রাইমারিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ওজোনপার্ক থেকে জয়ী হতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভুত হেলাল আবু শেখ। মোট প্রদত্ত ভোটের প্রায় ১৬ শতাংশ তিনি পেয়েছিলেন। প্রাইমারিতে দ্বিতীয় হয়েছিলেন তিনি। তবে তিনি দমে যাননি। ভোট-পরবর্তী শুভানুধ্যায়ীদের নিয়ে একটি ধন্যবাদ জ্ঞাপন পার্টি দিয়েছিলেন তিনি। সেখানে ভবিষ্যতে আবারও মাঠে থাকার প্রত্যয় জানিয়েছিলেন।