মার্কিন সংবাদমাধ্যমে হিলারি-ট্রাম্প বিতর্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত সোমবার মুখোমুখি হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে তিন পর্বের বিতর্কের প্রথম এই পর্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোয় বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বরাতে নানা রকম মন্তব্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো:
নিউইয়র্ক টাইমস: সম্পাদনা পরিষদ এ বিতর্কে মোটেই সন্তুষ্ট হতে পারেনি। তাদের ভাষ্য, ‘যখন একজন প্রার্থী গুরুত্বের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তখন অন্যজন শূন্য আস্ফালন করছেন।’ মতামত লেখক নিক ক্রিস্টফ বলেন, ট্রাম্প নিজেকেই ‘আঘাত’ করেছেন। অন্য একজন বলেছেন, হিলারি প্রতিপক্ষের ওপর ‘হামলে’ পড়েছেন।
ওয়াশিংটন পোস্ট: লেখকেরা সবাই এ বিতর্ক হিলারির পক্ষেই গেছে বলে মন্তব্য করেছেন। তাঁদের ভাষ্য, রিয়েলিটি শোর মতো আস্ফালন করেছেন ট্রাম্প এবং প্রেসিডেন্ট হতে তিনি প্রস্তুত, তার কোনো লক্ষণই তাঁর মধ্যে দেখা যায়নি।
ফক্স নিউজ: পণ্ডিতেরা বলছেন, ট্রাম্প কখনোই বিতর্কের নিয়ন্ত্রণ নিতে পারেননি। হিলারির ই-মেইল বিতর্ককে তিনি কাজে লাগাতে পারেননি।
লস অ্যাঞ্জেলেস টাইমস: এই সংবাদমাধ্যমের তিন মতামত লেখকের মতে, বিতর্কের প্রতিটি রাউন্ডেই জয়ী হয়েছেন হিলারি। তাঁদের ভাষ্য, ‘যা বোঝা যায়, তার চেয়ে রাজনীতি অনেক কঠিন এবং আজ (সোমবার) রাতে ট্রাম্প তা বুঝতে পেরেছেন।’
ব্রেইটবার্ট: এই সংবাদ সংস্থার লেখকেরা মনে করেন, বিতর্কে বাণিজ্য ইস্যুতে ট্রাম্প ‘চরম মার’ খেয়েছেন। বিতর্কের সঞ্চালক লেস্টার হল্ট হিলারির পক্ষ অবলম্বন করেছিলেন বলেও তাঁরা অভিযোগ করেছেন। সংবাদপত্রটি বলেছে, ৭৫ শতাংশ পাঠক মনে করেন, বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন।
দ্য হিল: পণ্ডিতেরা মনে করেন, বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। কিন্তু পাঠকেরা বলছেন, ট্রাম্প বিজয়ী।
নিউইয়র্ক ডেইলি নিউজ: ট্যাবলয়েডটি রায় দিয়েছে, ‘বদমেজাজি ট্রাম্প হিলারিকে জ্বালাতন করেছেন, বারবার তাঁর কথায় বিঘ্ন ঘটিয়েছেন। কিন্তু শেষ হাসিটা হিলারিরই।’