যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করেছে পাকিস্তান। দক্ষিণ ও এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইস ওয়েলসের গতকাল সোমবার ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। ধারণা করা হচ্ছে, পাকিস্তান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।
ইসলামাবাদে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র গতকাল বলেন, পাকিস্তান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরবর্তী সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ধরনের বক্তব্য-সংবলিত বিবৃতি দিয়েছে। কোনো পক্ষই এই সফর স্থগিতের সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে পাকিস্তানে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ২১ আগস্ট ট্রাম্পের বক্তব্যের পর থেকে পাকিস্তান সতর্কতার মধ্যে রয়েছে।
২১ আগস্ট ট্রাম্প তাঁর সরকারের নতুন আফগান-নীতি ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, আফগানিস্তানে চলমান যুদ্ধ ইসলামাবাদের কারণে দীর্ঘায়িত হচ্ছে। তিনি বলেন, পাকিস্তান জঙ্গিগোষ্ঠীগুলোকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যের পর পাকিস্তানে এই প্রথম মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।