মার্কিন সাংবাদিক ইরানে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রতিবেদক জ্যাসন রেজাইয়ান ও তাঁর স্ত্রী ইয়েগানেহ্ সালেহিকে ইরানে গ্রেপ্তার করা হয়েছে। তেহরানের প্রধান বিচারপতি গোলামহোসেন এসমাইলি বিষয়টি গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের নাগরিক ইয়েগানেহ্ও একজন সাংবাদিক। তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য আবেদন করেছেন। আর ৩৮ বছর বয়সী জ্যাসন রেজাইয়ানের রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিকত্ব। ওই দম্পতিকে গ্রেপ্তারের কারণ উল্লেখ করা হয়নি। তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে আরও তথ্য দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন এসমাইলি।
ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, সস্ত্রীক রেজাইয়ান এবং দুজন ফ্রিল্যান্স আলোকচিত্র-সাংবাদিককে ইরানে আটক রাখা হয়েছে। ঘটনাটি তাদের গভীর চিন্তায় ফেলেছে।