মার্কিন সামরিক বিমানকে চীনা জঙ্গি বিমানের 'বাধা'
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চীনের একটি জঙ্গি বিমান দেশটির হাইনান দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমায় একটি মার্কিন সামরিক টহল বিমানকে বাধা দিয়েছে। এ ঘটনায় চীনের কাছে প্রতিবাদ করা হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি। খবর বিবিসির।
চীনা জঙ্গি বিমানের পাইলটের এ পদক্ষেপকে ‘অনিরাপদ ও অপেশাদারি’ বলে মন্তব্য করেছেন কারবি। বিমানটি মার্কিন নৌবাহিনীর টহল বিমানের মাত্র প্রায় ১০ মিটার দূরত্বে চলে এসেছিল বলেও উল্লেখ করেন তিনি।
হাইনান দ্বীপের অবস্থান বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে।
কারবি জানিয়েছেন, গত মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর একটি পি-৮ পোসিডন বিমান নিয়মিত টহলে থাকার সময় অস্ত্রসজ্জিত চীনা সু-২৭ জঙ্গি বিমান একে ‘বাধা দেয়’। তিনি বলেন, ‘ওই অনিরাপদ ও অপেশাদারি বাধার ঘটনায় চীনের কাছে আমাদের গভীর উদ্বেগের কথা তুলে ধরেছি। ওই পদক্ষেপ আমাদের বিমান ক্রু সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলেছিল। এ ধরনের আচরণ প্রচলিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’
গত মার্চ থেকে এ নিয়ে চতুর্থবারের মতো কোনো মার্কিন সামরিক যানের কাছে চলে এল চীনের বিমান। গত বছরের শেষের দিকে পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করে বেইজিং। তখন চীন হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, ওই অঞ্চলের ওপর দিয়ে বিমান ওড়াতে হলে নিয়ম মানতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া চীনের ঘোষিত ওই বিমান প্রতিরক্ষা অঞ্চল মেনে নেয়নি।