মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালকের পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের পরিচালক জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেছেন। জোসেফ ক্ল্যানসিকে সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, প্রেসিডেন্টের নিরাপত্তা-সংক্রান্ত বড় ধরনের কয়েকটি গাফিলতির ঘটনা প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে তোপের মুখে গতকাল বুধবার পদত্যাগ করলেন পিয়ারসন।
গতকাল হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জে জনসনের কাছে পদত্যাগপত্র দেন পিয়ারসন।
এক বিবৃতিতে জনসন বলেন, ‘মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক জুলিয়া পিয়ারসন আজ পদত্যাগ করেছেন। আমি তা গ্রহণ করেছি।’
গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নিরাপত্তা লঙ্ঘনের গুরুতর একটি ঘটনায় গত মঙ্গলবার কংগ্রেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন পিয়ারসন। এ সময় অনেক আইনপ্রণেতা তাঁকে পদত্যাগ করতে বলেন।
কংগ্রেসের কমিটিকে পিয়ারসন বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তায় ফাঁকফোকরের দায় নিচ্ছেন তিনি।
পরদিন জনসনের সঙ্গে বৈঠকে পদত্যাগ করেন পিয়ারসন।
হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, ওবামা বিশ্বাস করেন, পিয়ারসনের পদত্যাগের সিদ্ধান্তটি নিরাপত্তা সংস্থাটির সর্বোচ্চ স্বার্থেই নেওয়া।