মার্কিন সিনেটে আগ্নেয়াস্ত্র বিল পাস হলো না
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে গণগুলিবর্ষণে শতাধিক ব্যক্তি হতাহত হওয়ার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে মার্কিন রাজনীতিকদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছিল। ডেমোক্রেটিক সিনেটর প্যাট্রিক মার্ফি গত বৃহস্পতিবার সিনেটে একা ১৫ ঘণ্টা ধরে বক্তব্য দেওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল, চারটি ভিন্ন ভিন্ন প্রস্তাবের ওপর সিনেটে ভোট গ্রহণ হবে। এর মধ্যে দুটি প্রস্তাব ডেমোক্র্যাটদের, বাকি দুটি রিপাবলিকানদের। গতকাল সোমবার চারটি প্রস্তাবই পর্যাপ্ত ভোটের অভাবে বাতিল হয়ে যায়।
সামান্য হেরফের থাকলেও প্রস্তাব চারটির লক্ষ্য ছিল আগ্নেয়াস্ত্র বিক্রির আগে বাধ্যতামূলক পরিচয় পরীক্ষা (ব্যাকগ্রাউন্ড চেক) এবং সন্ত্রাসী তালিকায় নাম আছে—এমন ব্যক্তির অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা। সিনেটে নিয়ম অনুসারে, কমপক্ষে ৬০টি ভোট পেলে তা বিবেচনার জন্য গৃহীত হতো। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা যাঁর যাঁর দলীয় ভিত্তিতে ভোট দেওয়ায় কোনো প্রস্তাবই প্রয়োজনীয়সংখ্যক ভোট সংগ্রহে সমর্থ হয়নি।
এই ব্যর্থতা সত্ত্বেও ডেমোক্র্যাটরা আশা করছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে জোরালো ভূমিকা গ্রহণে ব্যর্থতা তাঁরা আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ব্যবহার করবেন। গতকাল ভোটের পরপর সিনেটে এক বিবৃতিতে প্যাট মার্ফি ঘোষণা করেন, এখন থেকে তাঁর অবশিষ্ট সব শক্তি তিনি রিপাবলিকানদের পরাজয়ে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘আজ যাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে ভোট দিলেন, আমার লক্ষ্য হবে তাঁরা যাতে এই সিনেটকক্ষে আর ফিরে না আসতে পারেন, তা নিশ্চিত করা।’
গতকালের ভোটে পরাস্ত হলেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নটি সিনেটে খুব শিগগির উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স তাঁর দলের একাধিক সমমনা সিনেট সদস্যের সঙ্গে একযোগে একটি ‘সমঝোতামূলক’ প্রস্তাব নিয়ে কাজ করছেন। এই প্রস্তাবের লক্ষ্য হবে কারা আগ্নেয়াস্ত্র ক্রয়ে অনুমোদন পাবে না, তার একটি তালিকা নির্ণয়। আজ মঙ্গলবার এক সাংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
ডেমোক্র্যাটরা আশা করছেন, ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক প্রভাবের কারণে এ বছর নভেম্বরের নির্বাচনে তাঁরা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। সেই লক্ষ্যে সবচেয়ে দুর্বল ১০ সিনেটরকে তাঁরা আক্রমণের জন্য বাছাই করেছেন। আগ্নেয়াস্ত্র প্রশ্নে তাঁদের অবস্থানকে এই কাজে ভালোভাবে ব্যবহার করা যাবে, তাঁরা এমন আশাই পোষণ করছেন।
কোনো সিদ্ধান্তে আসতে সিনেটের এই ব্যর্থতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এক কথার এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক হয়েছে, আর না।’ অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ে কোনো নিয়ন্ত্রণ আরোপের বিরোধী তিনি।