মার্কিন সিনেটে টেনেটুনে পাস কর পুনর্গঠন আইন
দীর্ঘ প্রতীক্ষার পর কর পুনর্গঠন আইন পাস হয়েছে মার্কিন সিনেটে। রিপাবলিকান সিনেটরদের সবার সমর্থন আদায়ে আগের পুরো দিনটি ব্যয় করেছিলেন রিপাবলিকান নেতারা। আইনটির পাস হওয়া না হওয়া নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে এসব কিছুকে পাশ কাটিয়ে আইনটি পাস হয়েছে সিনেটে। ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় এ অর্জন নিয়ে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্পও। আইনটি পাসের জন্য রিপাবলিকান নেতাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
২ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে কর পুনর্গঠন আইনটি পাস হয় ৫১-৪৯ ভোটে। একমাত্র রিপাবলিকান নেতা হিসেবে টেনিসির সিনেটর বব করকার আইনটির বিরুদ্ধে ভোট দেন। রিপাবলিকান নেতাদের সবাইকে আইনটির পক্ষে টানতে এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত এতে নানা সংযোজন-বিয়োজন করা হয়। এমনকি ভোটের মাত্র এক ঘণ্টা আগেও আইনটির ছাপা অনুলিপির ওপর হাতে লিখে কাটা-ছেঁড়া করা হয়। আর এটি নিয়েই সমালোচনায় মুখর হয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তাঁদের মতে, এভাবে আনা বিভিন্ন সংশোধনী বুঝে ওঠার জন্য আরও সময় দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এত দ্রুত আইনটি পাস করিয়ে নেওয়া হয় যে, অনেকের পক্ষেই পুরো আইন ভালোভাবে পাঠ করা সম্ভব হয়নি।
গত মাসে প্রতিনিধি পরিষদে কর পুনর্গঠন আইন পাস হয়েছিল। তবে সেই আইনটি থেকে সিনেটে পাস হওয়া আইনটি অনেক দিক থেকেই আলাদা। বিশ্লেষকদের মতে, দুটি আইন এতটাই আলাদা যে, এ নিয়ে প্রতিনিধি ও সিনেটররা মিলে একটি সম্মেলন করা প্রয়োজন ছিল, যাতে তাঁরা ন্যূনতম একটি সহমতে পৌঁছাতে পারেন। তবে আগে না করলেও এই আলোচনা পর্যালোচনার কাজটি করা হবে। দুই কক্ষে পাস হওয়া দুটি আইনকে সমন্বয় করতে বসবেন সংশ্লিষ্টরা।
কিন্তু ট্রাম্প প্রশাসন বছরের এই শেষ সময়ে এসে কর পুনর্গঠন আইনের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিল। কারণ এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের এমন কোনো অর্জন নেই, যা আমেরিকাকে বদলে দিতে পারে। ওবামাকেয়ার, অভিবাসন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে হোয়াইট হাউস আইনি হোঁচট খেয়েছে। ফলে ক্ষমতার এক বছরের মাথায় অন্তত একটি উল্লেখযোগ্য অর্জন হাজির করতে ট্রাম্প প্রশাসন বলা যায় সর্বশক্তি নিয়োগ করেছিল কর পুনর্গঠন আইন পাসের ক্ষেত্রে। এ হিসেবে প্রতিনিধি পরিষদের থেকে আলাদা হলেও সিনেট আইনটি পাস করে ট্রাম্প প্রশাসনকে বড় একটি অর্জন উপহার দিয়েছে।
সিনেটে ৫০ ভোট পেলেও আইনটি পাস করিয়ে নিতে পারতেন রিপাবলিকানরা। কারণ সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজের ভোটাধিকার প্রয়োগ করতেন। ৩০ নভেম্বর রাত থেকেই রিপাবলিকান নেতারা প্রস্তাবিত আইনের পক্ষে সিনেটরদের সমর্থন আদায়ে কাজ করতে শুরু করেন। একই সঙ্গে চলতে থাকে বিভিন্ন সংযোজন বিয়োজনও। এক ধরনের উত্তেজনা চলছিল। বিশেষত ওবামাকেয়ারের পরিণতি নিয়ে রিপাবলিকানদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছিল। যদিও কর পুনর্গঠন আইন নিয়ে রিপাবলিকানদের অবস্থা তুলনামূলক ভালো। তবে ১ ডিসেম্বর শেষ মুহূর্তে মেইনের সিনেটর সুসান কলিন্স প্রস্তাবিত আইনের প্রতি নিজের সমর্থন জানালে রিপাবলিকান শিবির পুরোপুরি নিশ্চিন্ত হয়। পরে রাতে সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল নিজেদের পক্ষে পর্যাপ্ত ভোট আছে বলে আশ্বস্ত করেন।
পাস হওয়া আইনটি সম্পর্কে ডেমোক্র্যাটরা বলছেন, এ আইনের দ্বারা সম্পদশালী ও ব্যবসায়ীরাই একমাত্র লাভবান হবে। এটা সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না।
এ আইন কার্যকর হলে করপোরেট করের হার ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে আসবে। এ ছাড়া বিদেশের মাটিতে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশই কর রেয়াতের সুবিধা পাবে। তবে এমন পদক্ষেপের কারণে বাজেট ঘাটতির পরিমাণ বেড়ে যাবে বলে সতর্ক করেছেন সিনেটের বিশেষজ্ঞ কমিটি। কিন্তু তারপরও আইনটি পাসের পেছনে কারণ হিসেবে রিপাবলিকানরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি করহার হ্রাসের ক্ষতি পুষিয়ে দেবে।