মার্কিন সুপ্রিম কোর্টে মনোনয়ন পেলেন গারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্র আপিল কোর্টের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের প্রধান বিচারক মেরিক গ্যারল্যান্ডকে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতির পদে মনোনয়নের কথা ঘোষণা করেছেন। সিনেট কর্তৃক সমর্থিত হলে তিনি রক্ষণশীল বিচারপতি আন্তোনিনস্কালিয়ার স্থলাভিষিক্ত হবেন। স্কালিয়া গত মাসে মারা যান।

৬৩ বছর বয়স্ক মেরিক গ্যারল্যান্ড তাঁর মধ্যপন্থী অবস্থানের কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সিনেট সদস্যদের প্রশংসা অর্জন করেছেন। ১৯৯৭ সালে অধিকাংশ ডেমোক্রেটিক ও সাতজন রিপাবলিকান সিনেটরের সমর্থনে আপিল কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু এবার রিপাবলিকান নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, ওবামার মেয়াদের শেষ বছরে সুপ্রিম কোর্টের জন্য কোনো মনোনয়ন দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
সিনেটে রিপাবলিকান নেতা মিচম্যককনেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওবামা মনোনীত কোনো বিচারপতির মনোনয়ন নিশ্চিত করতে তিনি সিনেটের শুনানি পর্যন্ত আহ্বান করবেন না। এই মনোনয়নের অধিকার শুধু পরবর্তী প্রেসিডেন্টের।
প্রেসিডেন্ট ওবামা ও তাঁর ডেমোক্রেটিক সহকর্মীরা আশা করছেন, একজন সুপরিচিত ও সর্বজনমান্য বিচারকের প্রতি শুধুমাত্র দলীয় কারণে মনোনয়ন নিশ্চিত করতে অস্বীকার করলে রিপাবলিকান দল ২০১৬ সালের নির্বাচনে রাজনৈতিক ভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।