মার্কিন হামলায় শীর্ষ জঙ্গিনেতা নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোখতার বেলমোখতার
মোখতার বেলমোখতার

লিবিয়ার সরকার দাবি করেছে, জঙ্গি ইসলামি সংগঠন আল-কায়েদাসংশ্লিষ্ট একটি দলের শীর্ষস্থানীয় নেতা মোখতার বেলমোখতার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। দুই বছর আগে আলজেরিয়ায় গ্যাসচুল্লিতে হামলার নির্দেশ দিয়েছিলেন এই জঙ্গিনেতা। খবর বিবিসি ও আল-জাজিরার।
লিবিয়ার সরকার বলছে, বেলমোখতার দেশটির পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায় নিহত হন। যুক্তরাষ্ট্র বলছে, তারা হামলার লক্ষ্যবস্তু করেছিল বেলমোখতারকে এবং তাদের হামলা সফল হয়েছে। তবে তারা এখনো তাদের হামলার ফলাফল বিশ্লেষণ করছে। এর ফলাফল তারা পরে জানাবে।
এর আগেও বেশ কয়েকবার বেলমোখতারের নিহত হওয়ার সংবাদ রটেছিল। এ বছরই চারবার তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১৩ সালে চাদ সরকার বেলমোখতারকে হত্যার কথা ঘোষণা করে।
আলজেরিয়ায় জন্মগ্রহণকারী বেলমোখতার আল-কায়েদা ইন ইসলামি মাগরেবের (একিউআইএম) জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তবে দল ত্যাগ করে তিনি নিজেই নতুন দল গঠন করেন। ২০১৩ সালে আলজেরিয়ার আমেনাস গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে তিনি পরিচিতি পান। ওই হামলায় ৮০০ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে ৪০ জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই বিদেশি। এর মধ্যে যুক্তরাজ্যের ছয়জন এবং তিনজন মার্কিন নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্র বেলমোখতারকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। তাঁকে পশ্চিমা দুনিয়ার জন্য হুমকি বলে মনে করা হয়। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, একিউআইএমের সদস্য হিসেবে বেলমোখতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস আছে। আল-কায়েদাসংশ্লিষ্ট উত্তর-পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন আল মুরাবাইতউনের নেতা তিনি। আল-কায়েদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে চলেন।
বেলমোখতার সম্পর্কিত তথ্যদানের জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
লিবিয়ার সরকার বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরপরই হামলা চালানো হয়। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়ায় অচলাবস্থা শুরু হয়। দেশটিতে দুটি সরকার এখন একসঙ্গে কাজ করছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে নির্বাসিত সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রতিপক্ষ ইসলামপন্থী জেনারেল ন্যাশনাল কংগ্রেস সরকার রাজধানী ত্রিপোলির প্রায় হাজার কিলোমিটার পশ্চিমে সরকার পরিচালনা করছে। বেলমোখতার হত্যার খবর দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। লিবিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) লড়াই চালাচ্ছে অন্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে।