মার্কিন ১০ ডলারের নোটে প্রথমবারের মতো নারীর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ১০ ডলারের নোটে এই প্রথমবারের মতো কোনো নারীর ছবি মুদ্রিত হতে যাচ্ছে। ২০২০ সালে আমেরিকায় নারীর ভোটাধিকারের শতবর্ষ পূর্তি উদ্যাপন সামনে রেখে এই উদ্যোগ নিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। তবে কোন নারী হবেন সেই সৌভাগ্যবান, তা এখনো ঠিক করা হয়নি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত বুধবার জানায়, দেশটির জীবনমানে অবদান রাখা কোনো নারীর ছবি নিয়ে ১০ ডলারের কাগুজে নোট অবমুক্ত করা হবে।
মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লিউ বলেন, ‘জাতি হিসেবে আমাদের বর্তমান অবস্থানের প্রতিফলন থাকবে নতুন ১০ ডলারের নোটে। এসব নোটে এখন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একক প্রাধান্য। অবশ্য কেবল এক ডলারের নোটে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ছবি থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ১৮০০ শতাব্দীর শেষ দিকে সিলভার ডলার সনদে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্ত্রী মার্থা ওয়াশিংটনের ছবি ছিল। এরপর কোনো চালু মার্কিন মুদ্রায় নারীর ছবি দেখা যায়নি। দীর্ঘদিন থেকে বিষয়টি নিয়ে নারীবাদী সংগঠনসহ মার্কিন সমাজে এ নিয়ে আলোচনা চলছিল।
জ্যাক লিউ জানান, সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জিন শ্যাহীন কংগ্রেসে এ নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের ছবি ২০ ডলারের নোট থেকে প্রত্যাহার করে কোনো নারীর ছবি যুক্ত করার কথা বলেন। উল্লেখ্য, আমেরিকার আদিবাসীদের ব্যাপারে বিরূপ সিদ্ধান্ত গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে অ্যান্ড্রু জ্যাকসনের ভূমিকাকে নেতিবাচক বলে গণ্য করা হয়ে থাকে।
১০ ডলারের নোটে নারীর ছবি যুক্ত করার আন্দোলনের অন্যতম সংগঠক সুজান স্টোন বলেন, সিদ্ধান্তটি যুগান্তকারী।
মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, কোনো মহীয়সী নারীর ছবি ১০ ডলারের নোটে ছাপানোর আগে জনমত যাচাই করা হবে। এই নোটে বর্তমানে আছে যুক্তরাষ্ট্রের প্রথম ট্রেজারি সেক্রেটারি আলেক্সান্ডার হ্যামিলটনের ছবি। তিনি ছিলেন দেশটির কেন্দ্রীয় মুদ্রা ব্যবস্থার অন্যতম প্রবর্তক।