মার্কিন ১০ নৌসেনা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের পূর্বে মার্কিন নৌবাহিনীর টহল জাহাজের সঙ্গে তেলের ট্যাংকারবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কিন নৌবাহিনীর ১০ সদস্য নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে সিএনএন। চলতি বছর এশিয়ার জলসীমায় মার্কিন নৌবাহিনীর জাহাজের এটি চতুর্থ দুর্ঘটনা।
সিঙ্গাপুর বন্দর পরিদর্শনে যাওয়ার সময় বাণিজ্যিক জাহাজ অ্যালনিক এমসির সঙ্গে মার্কিন নৌবাহিনীর সপ্তম রণতরী ইউএসএস জনএস ম্যাককেইন নামের জাহাজের সংঘর্ষ হয়। ২১ আগস্ট স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌরুট মালাক্কা প্রণালির কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রয়টার্সে প্রকাশিত এক আলোকচিত্রে দেখা যায়, সংঘর্ষের ফলে রণতরীটির গায়ে বড় কালো গর্ত হয়ে গিয়েছে।
জাহাজ দুর্ঘটনায় ১০ নাবিক নিখোঁজের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নৌবাহিনীকে উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় রণতরী ম্যাককেইন উল্লেখযোগ্য মাত্রার ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সৃষ্ট গর্ত দিয়ে জাহাজটিতে পানি ঢুকে নোঙর, বিভিন্ন যন্ত্রপাতি ও জাহাজের যোগাযোগ ঘর ভেসে গেছে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, নিখোঁজ নাবিকদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতে নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে আসা উড়োজাহাজও যোগ দিয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের ১০০ বর্গ নটিক্যাল মাইল এলাকায় এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সাগর উত্তাল হওয়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
প্রসঙ্গত, গত জুনে জাপানের সমুদ্রসীমায় আরেক জাহাজ দুর্ঘটনায় সাত মার্কিন নাবিক নিহত হয়েছিলেন।