চীনে সিআইএর ২০ জন 'আটক' বা 'হত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি
ছবি: এএফপি

চীনের বিভিন্ন বিষয়ে তথ্য পাচারের অভিযোগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ২০ জনকে আটক বা হত্যার অভিযোগ উঠেছে। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এ ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমস পত্রিকা বলছে, সিআইএ সম্পৃক্ত ওই সব ব্যক্তিকে হত্যার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য সংগৃহীত তথ্যও নষ্ট করে দেওয়া হয়েছে।

চীন কি তাদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহকারীদের চিহ্নিত করেছিল নাকি সিআইএ সার্ভার হ্যাক করার মাধ্যমে তথ্য পাচারকারীদের সম্পর্কে জেনেছিল, তা স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সিআইএর একজন সংবাদদাতাকে চীনের একটি সরকারি ভবনে গুলি করা হয়েছিল। সম্ভবত অন্যদের সতর্ক করে দিতেই এ কাজ করা হয়।

তবে সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংস্থাটির চার কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, চীনা সরকারের আমলাতন্ত্রের গভীর থেকে তথ্য সংগ্রহ ২০১০ সাল থেকে কমতে শুরু করে। পরের বছরের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের সংবাদদাতারা উধাও হতে শুরু করেন। সিআইএ এবং এফবিআই এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা সিআইএর একজন সাবেক কর্মীকে কেন্দ্র করে তদন্ত শুরু করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে গ্রেপ্তার করেনি। তিনি এখন এশিয়ার আরেকটি দেশে বাস করেন।

২০১৩ সাল নাগাদ চীনা সরকার মার্কিন গুপ্তচরদের চিহ্নিত করার সামর্থ্য হারিয়ে ফেলতে শুরু করে। সেই থেকে সিআইএ আবার চীনে নিজেদের যোগাযোগ পুনর্গঠন করতে শুরু করে। সাংবাদিক অ্যাপুজো বলেন, বহু বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্র এই গোয়েন্দা লড়াইয়ে লিপ্ত। তথ্যসূত্র: বিবিসি