মার্কিনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ট্রাম্পের
সব মার্কিনকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জনগণকে ভালোবাসা প্রয়োজন। যখন আমরা তাঁদের জন্য মন খোলা রাখব, তখন সংকীর্ণতা বা ঘৃণার কোনো জায়গা থাকবে না। এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বর্ণবাদী বিক্ষোভের পর ট্রাম্পের বক্তব্য নিয়ে সমালোচনা হয়। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের জন্য যেসব যুবক-যুবতীকে দেশের বাইরে পাঠাই, তাদের দেশে ফেরার অধিকার আছে। কিন্তু সেটা নিজ দেশের বিরুদ্ধে লড়াই না।’ ভার্জিনিয়ায় একটি মিছিলে বর্ণবাদী হামলার দুই সপ্তাহ পর ট্রাম্প এ মন্তব্য করলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী একটি মিছিলে একজন শ্বেতাঙ্গ গাড়ি তুলে দেওয়ায় একজন বিক্ষোভকারী নারী নিহত হন। ওই ঘটনার জন্য ‘উভয় পক্ষই’ দায়ী বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। বিরোধী শিবিরের পাশাপাশি তাঁর নিজের দল রিপাবলিকান পার্টি থেকেও সমালোচনার শিকার হন।
কিন্তু তারপরও তিনি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী মিছিলে অংশ নেওয়াদের সুন্দর মানুষ বলে আখ্যায়িত করেন। মারাত্মক সহিংসতার পরও তিনি বলেন, ‘উভয় পক্ষের মধ্যে খুব সুন্দর মানুষ রয়েছে।’
ট্রাম্পের এমন মন্তব্যে রাজনৈতিকভাবে ফাটল সৃষ্টি করে, আইনপ্রণেতাদের কাছ থেকেও ব্যাপক প্রতিক্রিয়া আসে। এমনকি তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে জ্যেষ্ঠ ব্যবসায়িক কর্মকর্তাদের বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।