মার্কিনিরা এত ক্ষুব্ধ কেন?
মার্কিনিরা সাধারণত জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। কিন্তু আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন জরিপে ভোটারদের ক্ষুব্ধ মনোভাবের চিত্র উঠে আসছে। সম্ভবত এ কারণে ডোনাল্ড ট্রাম্প ও বার্নি স্যান্ডার্সের মতো প্রার্থীরা বাছাইপর্বে সাফল্য পাচ্ছেন। কিন্তু মার্কিন ভোটারদের এই হতাশার কারণ কী? বিবিসি অনলাইনের সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি সিএনএন/ওআরসির এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যা কিছু হচ্ছে, এতে ৬৯ শতাংশ মার্কিনি ‘অত্যন্ত ক্ষুব্ধ’ বা ‘কিছুটা রুষ্ট’।
এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক জরিপের ফল বলছে, অন্তরালে থাকা বিত্ত ও প্রতাপশালীদের পক্ষেই কেবল মার্কিন রাজনৈতিক ব্যবস্থা কাজ করছে বলে প্রতীয়মান হওয়ায় ৬৯ শতাংশ আমেরিকান রুষ্ট।
গত মাসে এনবিসি/এসকয়ারের এক জরিপে বলা হয়েছে, অনেক মানুষ শুধু রুষ্টই নয়, তারা আগের বছরের চেয়ে বেশি ক্ষুব্ধ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কেউ কেউ ভোটারদের এই বিরূপ মনোভাব বুঝে সেই অনুসারে কথা বলছেন। এ কাজে যে কারও চেয়ে ট্রাম্প এগিয়ে।
মার্কিনিদের এই ক্ষুব্ধ হওয়ার পেছনে অন্তত পাঁচটি কারণকে চিহ্নিত করা যায়।
অর্থনীতি নিয়ে মার্কিনিদের উদ্বেগ-উৎকণ্ঠার অন্ত নেই। এ বিষয়টিকে তাদের ক্ষোভ ও হতাশার সবচেয়ে মৌলিক উৎস বলা যেতে পারে। প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষণেও মার্কিনিদের এই উদ্বেগ প্রশমনের চেষ্টা করেছেন। কিন্তু জনগণের মধ্যে সংকটবোধ রয়েই গেছে।
অভিবাসীদের ব্যাপকভিত্তিক আগমনে আমেরিকার জনমিতিক বৈশিষ্ট্য বদলে যাচ্ছে। ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কয়েক কোটি অভিবাসী এসেছে। তাদের সবাই বৈধভাবে আসেনি। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, অভিবাসী ইস্যু দেশটির রাজনীতিকে দারুণভাবে প্রভাবিত করছে। কেউ কেউ এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে। আর কেউ করছে সমালোচনা। অভিবাসীরা প্রায়ই যুক্তরাষ্ট্রে ক্ষোভের শিকার হচ্ছে। তারা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে সরকারের ওপর আস্থাহীন—এমন জনগণের সংখ্যা বাড়ছে। পিউ রিসার্চের গবেষণায়ও বিষয়টি উঠে এসেছে। অর্থনীতি, কর্মসংস্থান, অভিবাসনের মতো নানা সমস্যার ভিড়ে খোদ সরকারকেই একটা সমস্যা হিসেবে দেখে অনেকে। জনগণ দেখছে, রাজনীতিবিদেরা কলহে জড়াচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে। এ নিয়ে তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। ওয়াশিংটনের ওপর জনগণ যে ক্ষুব্ধ, রাজনীতিবিদদের বক্তব্যেও তা উঠে আসছে।
আমেরিকাকে পরাশক্তি হিসেবে দেখা হয়। তবে বিশ্ব পরিমণ্ডলে দেশটির বর্তমান অবস্থান নিয়ে মার্কিনিদের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। অনেকেই মনে করে, যুক্তরাষ্ট্রের সেই দিন আর নেই। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র তার সম্মান হারাচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা নিয়ে মার্কিনিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দেশের বাইরের রণাঙ্গনে যুক্তরাষ্ট্র নাস্তানাবুদ হচ্ছে। ওদিকে লাল পতাকা ওড়াচ্ছে চীন। ক্ষমতার প্রতাপ দেখাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে।
অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা আদর্শগতভাবে অধিক বিভক্ত। বিপরীতমুখী অবস্থানের কারণে অভিবাসন, স্বাস্থ্যসেবা, অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দল একমত হতে ব্যর্থ হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হওয়ার পাশাপাশি জনগণের মধ্যেও হতাশা বাড়ছে।