মার্কিন-প্রশিক্ষিত বিদ্রোহী আটক করেছে আল-নুসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ পাওয়া কিছুসংখ্যক বিদ্রোহীকে আটক করেছে আল-কায়েদা সমর্থিত সিরীয় জঙ্গিগোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট। গতকাল শনিবার গোষ্ঠীটি এই দাবি করে। খবর এএফপি ও বিবিসির।
আল-নুসরার এক বিবৃতিতে ‘মার্কিন প্রকল্পে’ যোগদান থেকে বিরত থাকার জন্য অন্যদের হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, বাশারবিরোধী বিদ্রোহীদের কথিত ডিভিশন-৩০ ও অন্য সদস্যদের ধরে নিয়ে গেছে জঙ্গিরা। কিন্তু পেন্টাগনের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে ডিভিশন ৩০-এর সদস্যদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দেয়।
এদিকে উত্তর সিরিয়ার গুরুত্বপূর্ণ আলেপ্পো শহরের অদূরে শুক্রবার রাতে বাশার সরকারের অনুগত সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ২৫ বিদ্রোহী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় নয় সেনাও নিহত হয়।