মার্টিন লুথার কিং থাকলে দরিদ্রদের নিয়ে উদ্বিগ্ন হতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং আজ বেঁচে থাকলে যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের মধ্যে বসবাসরত মানুষকে নিয়ে উদ্বিগ্ন হতেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল সোমবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে একান্ত বৈঠক শেষে মার্টিন লুথার কিংয়ের ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং এই মন্তব্য করেন।

লুথার কিংয়ের প্রকৃত জন্মদিন ১৫ জানুয়ারি। তবে যুক্তরাষ্ট্রে জানুয়ারির তৃতীয় সোমবার সরকারিভাবে তাঁর জন্মদিন পালন করা হয়। এদিন সরকারি ছুটি থাকে। নাগরিক আন্দোলনের সংগঠনগুলো সভা-সমাবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করে।

বর্তমান টালমাটাল রাজনৈতিক অবস্থায় গতকাল আকস্মিকভাবে ট্রাম্পের সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন তৃতীয় মার্টিন লুথার কিং।

সম্প্রতি ট্রাম্প আমেরিকার বর্তমান সময়ের নাগরিক আন্দোলনের ‘আইকন’ হিসেবে পরিচিত কৃষ্ণাঙ্গ নেতা জন লুইস সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, নাগরিক আন্দোলনের নামে জন লুইস শুধু কথা বলেন, কোনো কাজ করেন না।

ট্রাম্পের বক্তব্যে কৃষ্ণাঙ্গ ও নাগরিক আন্দোলনের সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে ট্রাম্পের সঙ্গে তৃতীয় মার্টিন লুথার কিংয়ের একান্ত বৈঠক নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের না জানালেও তৃতীয় মার্টিন লুথার কিং বলেছেন, তাঁদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।

তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, তাঁদের লক্ষ্য আমেরিকার জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা। আমেরিকানরা একটি মহান জাতি। তাঁদের আরও মহান হয়ে উঠতে হবে। তাঁর বাবা-মা আজীবন এই ধারণাই লালন করেছেন। তিনিও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন।

তৃতীয় মার্টিন লুথার কিংয়ের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আজকের এই দিনে তাঁর পিতা বেঁচে থাকলে ট্রাম্পকে কী বলতেন? জবাবে তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, ‘আমেরিকায় দারিদ্র্যের মধ্যে বসবাসরত ৫-৬ কোটি মানুষের উদ্বেগের কথা জানাতেন।’

তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, ‘আমাদের এ পরিস্থিতি থেকে উত্তরণের একটি পরিবেশ সৃষ্টি করতে হবে।’

তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, ট্রাম্প তাঁকে বলেছেন, তিনি সব আমেরিকানদের প্রতিনিধিত্ব করেন। ট্রাম্পের এই কথা বিশ্বাস করতে চান তিনি।

একই সঙ্গে তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, তিনি বিশ্বাস করেন, কোনো কিছুই এমনিতে হয় না। তাই চাপ অব্যাহত রাখতে হবে। তাঁর বাবাও একই কাজ করে গেছেন।