মালালার হাতে লিবার্টি মেডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে গতকাল মঙ্গলবার রাতে মালালা ইউসুফজাইয়ের হাতে লিবার্টি মেডেল তুলে দেওয়া হয়। ছবি: ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সৌজন্যে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে গতকাল মঙ্গলবার রাতে মালালা ইউসুফজাইয়ের হাতে লিবার্টি মেডেল তুলে দেওয়া হয়। ছবি: ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সৌজন্যে

চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পাওয়া পাকিস্তানের আলোচিত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেল গ্রহণ করেছে। 
বার্তা সংস্থা এপির বরাতে পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মালালার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 
সেন্টারের চেয়ারম্যান জেব বুশ বলেছেন, ‘সমতা ও স্বাধীনতার জন্য মালালার সাহসী সংগ্রাম প্রমাণ করে, একজন আবেগপূর্ণ ও দায়িত্বশীল নেতাই সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলার শক্তি রাখেন। এ ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় নয়।’
১৭ বছর বয়সী মালালা জানিয়েছে, পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ মার্কিন ডলার পাকিস্তানের শিশুদের শিক্ষার উন্নয়ন ও সহায়তায় দান করবে সে। 
মালালা বলে, দারিদ্র্য, অজ্ঞতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে ভালো অস্ত্র শিক্ষা।

যুদ্ধ ও সংঘাতকে ‘না’ বলার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে মালালা।
গত জুনে পুরস্কারটির জন্য মালালার নাম ঘোষণা করা হয়। এত অল্প বয়সে এর আগে কেউ এই পুরস্কার পায়নি। প্রতিক্রিয়ায় সে বলে, ‘লিবার্টি পুরস্কার পাওয়া সত্যিই একটা সম্মানের বিষয়।’
ওই সময় দেওয়া এক বিবৃতিতে এই পাকিস্তানি কিশোরী আরও বলে, ‘শিক্ষার জন্য সংগ্রামরত বিশ্বের সব শিশুর পক্ষে আমি এই পুরস্কার গ্রহণ করছি।’
১৯৮৯ সাল থেকে লিবার্টি মেডেল দেওয়া হচ্ছে। প্রথমবার পুরস্কারটি দেওয়া হয়েছিল পোল্যান্ডের ট্রেড ইউনিয়নবিষয়ক সংগঠন সলিডারিটির প্রতিষ্ঠাতা লিচ ওয়ালেসাকে। এরপর বিভিন্ন সময় এ পুরস্কার যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে গত বছর পুরস্কারটি পান হিলারি।
পাকিস্তানের সোয়াত উপত্যকার কিশোরী মালালা প্রথম সবার নজর কাড়ে ২০০৯ সালে। সে সময় তার লেখা ডায়েরি প্রকাশিত হয় বিবিসির উর্দু বিভাগে। কট্টরপন্থী তালেবানের অধীনে উত্তর-পশ্চিম পাকিস্তানের নিপীড়িত নারীদের করুণ চিত্র ফুটে উঠেছিল কিশোরী মালালার সেই লেখায়। এর পর থেকে তালেবানের চক্ষুশূল সে। তালেবানের চোখরাঙানি উপেক্ষা করে নারীশিক্ষা নিয়ে কাজ করার জন্য ২০১২ সালের অক্টোবরে মালালার মাথায় গুলি করে জঙ্গিরা।
ওই ঘটনার পর থেকে সারা দুনিয়ার নজর মালালার দিকে। যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসার পর সুস্থ হয়ে এখন সেখানেই লেখাপড়া করছে সে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী। ভাষণ দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। আর পেয়েছে বিশ্বের সম্মানজনক অনেক পুরস্কার। গত বছর জোর গুঞ্জন উঠেছিল নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে সে। তবে ওই বছর তা না পেলেও ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখারভ মানবাধিকার পুরস্কার পায় সে। একই বছর সে স্থান পায় বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায়।
শিশু অধিকার নিয়ে কাজ করা ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে চলতি বছর শান্তির নোবেল ভাগাভাগি করেছে নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা। আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবক্তা বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের রাজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।