
ভুয়া চিকিৎসা বিল দেখিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানসহ বেশ কয়েকজনের একটি চক্র ২০ কোটি ডলার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে এসব ব্যক্তির বিচার শুরু হয়েছে।
প্রতারণার অভিযোগ ওঠা দুই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হলেন মাশিয়াত রশিদ, আবদুল হক ও মোহাম্মদ জহুর। এঁরাসহ একটি চক্র সংঘবদ্ধভাবে মিশিগান ও ওহাইও অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় সাইনবোর্ড সর্বস্ব ক্লিনিক, ল্যাবরেটরি, থেরাপি সেন্টার, হোমকেয়ার ইত্যাদি চালু করে ভুয়া বিল জমা দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাঁরা এভাবে অর্থ আত্মসাতের লক্ষ্যে মক্কেল আনার জন্য বেশ কিছু দালাল নিয়োগ করে। চক্রটির সহযোগী হিসেবে বেশ কয়েকজন চিকিৎসকও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। সুপরিকল্পিতভাবে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) তৈরি ও চিহ্নিত ফার্মেসি থেকে ওষুধ প্রদান, থেরাপি সেন্টারের নামে স্বাস্থ্যসেবা এবং হোমকেয়ারের নামে বিল করা হয়।
প্রতারণার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘ট্রাই-কাউন্টি ওয়েলনেস’ নামক একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তঅ (সিইও), মালিক ও পরিচালক হচ্ছেন মাশিয়াত রশিদ (৩৭)। তিন বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকায় আসা মাশিয়াত উচ্চশিক্ষা নেওয়ার পর স্বাস্থ্যসেবার নামে প্রতারণার এই ফাঁদ পাতেন। মাশিয়াত এতটাই বেপরোয়া হয়ে পড়েন যে, দালালদের নগদ অর্থ দেওয়ার জন্য একই সঙ্গে ব্যাংক থেকে পাঁচ লাখ ডলার উত্তোলন করেন। এই অর্থের বস্তাও তার বাসার ক্লোজেট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী মাশিয়াতের এমন কয়েকটি বাড়ি ও গাড়ির হদিস পান। কয়েক বছর আগে যিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন, সেই যুবক কীভাবে এত বিপুল অর্থ সম্পদের মালিক হলেন—সেটিও কর্তৃপক্ষের কৌতূহলের অন্যতম বিষয় ছিল। গত বছর তিনি অবশ্য ৪০ লাখ ডলারের আয়কর জমাও দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মাশিয়াত তার বিভিন্ন ল্যাবরেটরি, ক্লিনিক, হোমকেয়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করতেন নিজস্ব উড়োজাহাজে।
৩১ জুলাই বিচার শুরুর পর আদালত জানতে পারেন, মিশিগানের ওয়েস্ট ব্লু-মফিল্ডের বাসিন্দা মাশিয়াতের তত্ত্বাবধানে ভুয়া ৪২ লাখ প্রেসক্রিপশন ইস্যু করা হয়। তাঁর সহযোগীদের অন্যতম হচ্ছেন একই এলাকার তারেক ওমর (৬১), নভির মোহাম্মদ জহুর (৫১), ওহাইওর মনক্লোভার স্পিলিয়স পাপাস (৬১), নভির জোসেফ ব্রেট্রো (৫৭), ওকল্যান্ড কাউন্টির ইয়াসির মজিব (৩৫), ইপসিলেন্টির আবদুল হক (৭২) ও তোসাদ্দেক আলী আহমেদ।
মাশিয়াতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত করেছে এফবিআই, আইআরএস, স্বাস্থ্য বিভাগীয় কমিশনার। মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ ডেনিস পেইজ হুডের এজলাসে চলছে এই মামলার বিচার কাজ।
তদন্তে আরও জানা গেছে, ইস্যু করা প্রেসক্রিপশনের ১০০ ভাগই ছিল সংশ্লিষ্ট রোগীর জন্য একেবারেই অপ্রয়োজনীয়। কালোবাজারে পাচারের উদ্দেশ্যে অথবা ফার্মেসির সঙ্গে অর্থ ভাগাভাগির মতলবে সে সব চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে বলে অনেকটা পরিস্কার হয়ে যায়।
তদন্তে আরও জানা গেছে, আগেও মাশিয়াতসহ এই চক্রের কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু সে সময় যথাযথভাবে তদন্তের অভাবে আইনের ফাঁক গলে সবাই মুক্তি পেয়েছিল। পরে সরেজমিন ব্যাপক তদন্তের পর এই চক্রের প্রতারণার বিষয়টি উঠে আসে।