মাস্ক ছাড়া পার্টি, খোলার পরই বন্ধ পানশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ ফ্লোরিডার হর্ফ ফোর্ট লডারডেল পানশালা
ফাইল ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাস্ক ছাড়া বিপুলসংখ্যক মানুষ নিয়ে পার্টি করায় যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় নতুন করে চালুর এক দিন পরেই হর্ফ ফোর্ট লডারডেল নামের একটি পানশালা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় লকডাউনের কারণে পানশালাটি বন্ধ করা হয়েছিল।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, করোনা প্রতিরোধে সাউথ ফ্লোরিডার হর্ফ ফোর্ট লডারডেল পানশালাটি দীর্ঘ দিন বন্ধ ছিল। পুনরায় চালু হওয়ার প্রথম দিন ২০ নভেম্বর সেখানে পার্টি করার জন্য মাস্ক ছাড়াই গ্রাহকেরা ভিড় জমাতে থাকেন। এতে করোনা বিধি লঙ্ঘন হওয়ার অভিযোগে সাময়িকভাবে আবারও পানশালাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, হর্ফ ফোর্ট লডারডেল পানশালায় ২০ নভেম্বর বিপুলসংখ্যক তরুণ-তরুণী নাচ-গান করছিলেন। কিন্তু তাঁরা কেউ মাস্ক পরেননি, এমনকি ভেতরে সামাজিক দূরত্বেরও কোনো বালাই ছিল না। পরদিন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পানশালাটি সাময়িক বন্ধ করে দেন।

সাউথ ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির মেয়র স্টিভ গেলার বলেন, ‘যদি ওই সব স্থানে কেউ মাস্ক না পরে এবং কর্তৃপক্ষ গ্রাহকদের মাস্ক পরতে বাধ্য না করেন, তাহলে তা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তারপরও আইন লঙ্ঘনের দায়ে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়, তাহলে অন্যরা আইন লঙ্ঘন না করার বার্তা পাবে। জনগণের সুরক্ষার জন্য সবাইকে আমাদের নির্দেশ মান্য করতেই হবে।’

র‌্যালফ লেভি নামের স্থানীয় একজন চিকিৎসক বলেন, তিনি ২০ নভেম্বর রাত নয়টার দিকে ওই পানশালার কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ভেতরের পরিস্থিতি দেখে তিনি বিস্মিত হন। ভেতরে যেন মানুষ গিজগিজ করছে। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলার কোনো অবস্থা ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়, ২১ নভেম্বর কাউন্টি কর্তৃপক্ষ তিন দফা ওই পানশালা পরিদর্শন করেন। তিনবারই তাঁরা করোনা বিধি লঙ্ঘনের সত্যতা পেয়েছেন। তাঁরা দেখেছেন, ভেতরে কোনো প্লেক্সিগ্লাস নেই। মাস্ক ছাড়াই ঢুকছেন গ্রাহকেরা। পরে কর্মকর্তারা আগামী ২৪ ঘণ্টার জন্য পানশালাটি বন্ধ ঘোষণা করেন। তবে পানশালা কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা আর চালু করা হবে না।

হর্ফ ফোর্ট লডারডেল পানশালার অংশীদার এমিলিও গুয়েরা বলেন, ‘মানুষ এখানে পান করার পাশাপাশি কিছু সময় কাটাতে আসেন। আমরাও তাই চাই। তবে শুধু মালিকদের ওপর নির্দেশনা চাপিয়ে দেওয়ায়, আমরা পানশালাটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি।’