মাস্ক না পরলে জরিমানা টেক্সাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসমাগমস্থলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট। ছবি: রয়টার্স
জনসমাগমস্থলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট। ছবি: রয়টার্স

বাইরে বেরোলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট। এই সতর্কতার পরও যাঁরা মাস্ক পরবেন না, তাঁদের জরিমানা গুনতে হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই অঙ্গরাজ্যের ২৫৪টি শহরেই এই আদেশ জারি হয়েছে। গভর্নর জানান, প্রাথমিক সতর্কতার পর যাঁরা প্রত্যাখ্যান করবেন, তাঁদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে হবে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২১ হাজার টাকা। তবে এই আই লঙ্ঘনের কারণে কারাগারে পাঠানো হবে না বলে বিষয়টি পরিষ্কার করেছেন গর্ভনর।

গভর্নর অ্যাবোট বলেন, 'মুখে মাস্কের ব্যবহার টেক্সাসে ব্যবসা–বাণিজ্য উন্মুক্ত রাখতে সহায়তা করবে। কোভিড–১৯ চলে যাচ্ছে না। বরং পরিস্থিতি গুরুতর হচ্ছে।'

কিছু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র প্রায় পরিপূর্ণ —এমন সতর্কতা দেন রিপাবলিকান এই গভর্নর। তিনি বলেন, 'আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি, যেখানে ভাইরাসটি অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন সামান্য ত্রুটি হলেও রক্ষা নেই।'

টেক্সাসে রকেটের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। বুধবার টেক্সাসে একদিনে করোনার ৮ হাজার নতুন শনাক্ত রেকর্ড করা হয়েছে। যা দুই সপ্তাহ আগেও গড়ে ২ হাজার ৪ জনের মতো ছিল। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের ঢেউ উঠেছে। জন হপকিন্স ইউনিভারসিটির তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।